খুঁজুন
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ়, ১৪৩৩

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক, নিহত বেড়ে ২২৯৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক, নিহত বেড়ে ২২৯৫

ভেনেজুয়েলায় ভয়াবহ দুটি ভূমিকম্পের এক সপ্তাহ পর জীবিত কাউকে উদ্ধারের আশা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে।  এদিকে প্রাণে বেঁচে যাওয়া হাজারো মানুষ এখন তীব্র খাদ্য ও পানির সংকটে দিন কাটাচ্ছেন।  এ পর্যন্ত ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ জনে। আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ।  এ ছাড়া এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। 

নিহতের সংখ্যা বাড়তে থাকায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, এত প্রাণহানিতে দেশের ‘আত্মা ক্ষতবিক্ষত’ হয়ে গেছে।

রাজধানী কারাকাসের উত্তরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর লা গুয়াইরার অধিকাংশ ধসে পড়া ভবনে ‘ডি (ডিসিস্ট)’ চিহ্ন দিয়ে রাখা হয়েছে। এর অর্থ, সেখানে তল্লাশি চালিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি।

এদিকে, স্পেনের একটি উদ্ধারকারী দলের সমন্বয়কারী হাভিয়ের রোদেস বলেন, ‘যেখানে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা নেই, সেখানে সময় নষ্ট করা হয় না।’  তার দলের প্রশিক্ষিত উদ্ধারকারী কুকুর নালাও ধ্বংসস্তূপে জীবনের কোনো চিহ্ন খুঁজে পায়নি বলে জানান তিনি।

তবে এর মধ্যেও অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। মঙ্গলবার ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সি এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। যদিও বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কমে যায়।

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, প্রায় ১৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৩ জনের মৃত্যু

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বিশ্বকাপ উদযাপনের সময় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

মেক্সিকো সিটির প্যাসেও দে লা রেফর্মা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। প্যাসেও দে লা রেফর্মা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে হাজার হাজার সমর্থক জড়ো হয়েছিলেন উদযাপনের জন্য। এস্তাদিও আজতেকায় ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে সহ-আয়োজক মেক্সিকো। সেই আনন্দেই রাস্তায় নেমেছিলেন ভক্তরা।

চার দশক পর নকআউট পর্বের কোনো ম্যাচ জিতল মেক্সিকো। এমন আনন্দের সময়েই ঘটে গেল এই দুঃখজনক ঘটনা।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মারা যাওয়াদের মধ্যে একজন ৪৪ বছর বয়সী পুরুষ। বাকি দুজন নারী, তাদের বয়স ১৯ ও ৪৮ বছর। শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মলিনা এক্সে লিখেছেন, ‘স্থানীয় স্বাস্থ্যসেবা বিভাগের খবর অনুযায়ী, প্যাসেও দে লা রেফর্মার কাছে বিভিন্ন স্থানে তিনজন অজ্ঞান হয়ে পড়ে আছেন, এমন খবর পেয়ে মেক্সিকো সিটির জরুরি দল সঙ্গে সঙ্গে সাড়া দেয়।’

তিনি আরও লিখেছেন, ‘সব ধরনের চিকিৎসা প্রক্রিয়া চালু করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা বাঁচেননি।’

শোক প্রকাশ করে ব্রুগাদা লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি তাদের প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমরা আবারও অনুরোধ করছি, সবসময় দায়িত্বশীলতার সঙ্গে উদযাপন করুন।’

১৯৮৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বুলগেরিয়াকে হারানোর পর এই প্রথম কোনো নকআউট ম্যাচ জিতল মেক্সিকো।