খুঁজুন
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দুপুর ২টায় মাধ্যমিক পর্যায়ের মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা রয়েছে।

এ কর্মসূচি সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বলে আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান প্রদান করা হচ্ছে। এ বছর কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১টি ফলদ বৃক্ষ, ১টি বনজ বৃক্ষ ও ১টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানটি সম্পূর্ণ অংশগ্রহণমূলক হবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুষ্ঠানটি সুন্দরভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে। এ উপলক্ষ্যে সোমবার প্রতিটি ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানো হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে এদিন একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের তৈরি স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন এবং সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, আয়োজনটি সফল করতে রোববার দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল ভ্যেনু ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

৮৪ মিশনে কর্মরতদের সন্তানদের শিক্ষাভাতা বাড়াল সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
৮৪ মিশনে কর্মরতদের সন্তানদের শিক্ষাভাতা বাড়াল সরকার

বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষাভাতার সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।

 

গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখার উপসচিব র হ ম আলাওল কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি বছরের ২০ এপ্রিলের চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে মিশনের অবস্থান, জীবনযাত্রার ব্যয় ও শিক্ষার খরচ বিবেচনায় চারটি গ্রুপে ভাতার সীমা নির্ধারণ করা হয়েছে। এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য কিছু গ্রুপে আলাদা সীমা রাখা হয়েছে।

গ্রুপ ‘ক’: সর্বোচ্চ ৩৮ হাজার ডলার

এই গ্রুপে রয়েছে ১৫টি বাংলাদেশ মিশন। এসব মিশনে এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার শিক্ষাভাতা পাওয়া যাবে।

 

বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ এই ভাতার পরিমাণ প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার টাকা।

গ্রুপ ‘ক’-তে রয়েছে বেইজিং, সিউল, টোকিও, হংকং, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর বাংলাদেশ মিশন।

গ্রুপ ‘খ’: দুই সন্তানে ৩২ হাজার ডলার

এই গ্রুপের ৪১টি মিশনে এ-লেভেল ও স্নাতক— উভয় পর্যায়েই একই হারে শিক্ষাভাতা দেওয়া হবে। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। দুই সন্তানের ক্ষেত্রে বাংলাদেশি মুদ্রায় এই ভাতার পরিমাণ প্রায় ৩৯ লাখ ৮৬ হাজার টাকা।

এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, নিউজিল্যান্ডের ওয়েলিংটন, থাইল্যান্ডের ব্যাংকক, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিট্যুয়ে, মালয়েশিয়ার কুয়ালালামপুর, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু, ভারতের মুম্বাই ও নয়াদিল্লি, পাকিস্তানের করাচি ও ইসলামাবাদ, জর্ডানের আম্মান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কুয়েত সিটি, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, ইরাকের বাগদাদ এবং সুদানের খার্তুম।

এ ছাড়া আদ্দিস আবাবা, আবুজা, লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম, মাদ্রিদ, রোম, বুখারেস্ট, ইস্তাম্বুল, আংকারা, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, অটোয়া, টরন্টো, মেক্সিকো সিটি ও ব্রাসিলিয়ার বাংলাদেশ মিশনও এই গ্রুপে রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং জেদ্দায় ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনও তালিকায় অন্তর্ভুক্ত।

গ্রুপ ‘গ’: দুই সন্তানে ২৮ হাজার ডলার

এই গ্রুপের ১৯টি মিশনে এ-লেভেল ও স্নাতক— দুই পর্যায়েই একই সীমায় শিক্ষাভাতা দেওয়া হবে। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় দুই সন্তানের জন্য ভাতার পরিমাণ প্রায় ৩৪ লাখ ৮৮ হাজার টাকা।

গ্রুপ ‘গ’-তে রয়েছে সিঙ্গাপুর, হ্যানয়, ম্যানিলা, বন্দরসেরি বেগাওয়ান, চেন্নাই, মালে, বৈরুত, মানামা, কায়রো, তেহরান, নাইরোবি, প্রিটোরিয়া, আলজিয়ার্স, ত্রিপোলি, ফ্রিটাউন, এথেন্স, কোপেনহেগেন, বার্লিন ও লিসবনের বাংলাদেশ মিশন।

গ্রুপ ‘ঘ’: দুই সন্তানে ২৫ হাজার ডলার

এই গ্রুপের নয়টি মিশনে শিক্ষাভাতার সীমা তুলনামূলক কম। এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২০ হাজার ৫০০ ডলার এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ভাতার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ লাখ ১৪ হাজার টাকা।

এই গ্রুপে রয়েছে চীনের কুনমিং, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কলকাতা, গৌহাটি ও আগরতলা, উজবেকিস্তানের তাসখন্দ, ওমানের মাস্কাট, মরক্কোর রাবাত এবং মরিশাসের পোর্ট লুইসের বাংলাদেশ মিশন।

ভাতা পাওয়ার ক্ষেত্রে যেসব শর্ত

প্রজ্ঞাপনে শিক্ষাভাতা ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, সন্তানের পড়াশোনার প্রকৃত ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে বহন করতে হবে। বাকি ৮৫ শতাংশ সরকার দেবে। তবে সরকারি সহায়তার পরিমাণ সংশ্লিষ্ট গ্রুপের নির্ধারিত সর্বোচ্চ সীমা অতিক্রম করতে পারবে না।

একসঙ্গে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা পাওয়া যাবে। শিক্ষাভাতার অর্থ কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে দেওয়া হবে না। ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ পাঠাতে হবে।

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একবারে পুরো ফি পরিশোধের বাধ্যবাধকতা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে নিজের ১৫ শতাংশ অংশ মিশনে জমা দিতে হবে। প্রয়োজনীয় প্রমাণপত্রের ভিত্তিতে মিশন কর্তৃপক্ষ তখন সম্পূর্ণ ফি পরিশোধ করতে পারবে।

এ ছাড়া অ-ইংরেজিভাষী দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। কর্মস্থলের দেশে ইংরেজি মাধ্যমে পড়াশোনার পর্যাপ্ত সুযোগ না থাকলে অন্য কোনো ইংরেজিভাষী দেশে সন্তানকে পড়ানোর ব্যবস্থা করা যাবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী কর্মরত মিশনের জন্য নির্ধারিত সীমা অনুযায়ীই শিক্ষাভাতা পাবেন।

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা ও ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার বাদামতলা এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

কামাল সরদার বলেন, আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী বলেন, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেছেন। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রোববার সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, বাদামতলা এলাকায় একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসির

রানি বাহিনী তাদের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করেছে বলে দাবি করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি।

ইরানের প্রেস টিভির বরাত দিয়ে আল-জাজিরা বলেছে, টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেছেন, ‘মার্কিনরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। তারা নিজেদের ইচ্ছায় সরে যায়নি; ইসলামি প্রজাতন্ত্র ও আইআরজিসির স্থলবাহিনীর ক্ষমতার কারণেই তারা এটি করতে বাধ্য হয়েছে।

ফাদাভি আরও দাবি করেন, এই প্রথম পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন জাহাজ নেই। তিনি আরও বলেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির হামলার শিকার হওয়ার ‘১০০ শতাংশ ঝুঁকিতে রয়েছে’।

ফাদাভির এই দাবি এমন সময়ে এল, যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোয় কঠোর নৌ অবরোধ অব্যাহত রেখেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, ‘কঠোরভাবে নিয়ম মেনে চলা নিশ্চিত করতে’ জুলাই থেকে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।