খুঁজুন
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র, ১৪৩৩

৬৩ বছরেও হয়নি উন্নয়ন, অব্যবস্থাপনায় ধুঁকছে স্বরূপকাঠি বিসিক শিল্পনগরী

পিরোজপুর প্রতিনিধি : ‎
প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
৬৩ বছরেও হয়নি উন্নয়ন, অব্যবস্থাপনায় ধুঁকছে স্বরূপকাঠি বিসিক শিল্পনগরী

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার কৌরিখাড়া এলাকার সন্ধ্যা নদীর তীরে ১৯৬২ সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এক আধুনিক স্বরূপকাঠি বিসিক শিল্পনগরী। উদ্দেশ্য ছিল দেশের অর্থনীতির ভিত মজবুত করা এবং এই জনপদকে উন্নয়নের আলোকবর্তিকা হিসেবে গড়ে তোলা। তবে ৬৩ বছরের পথচলায় সেই উদ্দেশ্য আজ অনেকটাই ফিকে। উন্নয়ন আর আধুনিকতার ছোঁয়া তো দূরের কথা, বেহাল অবস্থা আর অব্যবস্থাপনাই এখন এই শিল্পনগরীর প্রধান পরিচয়।

‎২৮ দশমিক ৭৪ একর জমির ওপর গড়ে ওঠা এই শিল্পনগরী এক সময় ছিল উদ্যোক্তাদের স্বপ্নের ঠিকানা। বিসিকের তথ্য মতে, এখানে মোট ৯৯টি শিল্প প্রতিষ্ঠান পণ্য উৎপাদনের জন্য নিবন্ধিত, যার মধ্যে বনজ শিল্প, পাট ও পাটজাত পণ্য, ওষুধ ও রাসায়নিক দ্রব্য এবং কাঁচা সিরামিক শিল্প রয়েছে উল্লেখযোগ্যভাবে। প্রতিবছর এখানে উৎপাদিত পণ্যের বাজারমূল্য প্রায় ১৬৯ কোটি টাকা, যার মাধ্যমে সরকার আয় করে ১৮ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব। তবে এই সংখ্যাগুলো বাস্তব চিত্রকে পুরোপুরি প্রতিফলিত করে না।

‎সরেজমিনে দেখা যায়, বর্তমানে অধিকাংশ প্লটই খালি পড়ে আছে, কিছু কিছু প্লটে কেবল সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে, কার্যক্রম নেই বললেই চলে। অভ্যন্তরীণ সড়কগুলো বৃষ্টির পানিতে কাদায় রূপ নেয়, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক জায়গায়। ড্রেনেজ ব্যবস্থা একেবারেই অকার্যকর। শিল্পনগরীতে নেই নির্দিষ্ট সীমানা প্রাচীর, ফলে বহিরাগতদের অবাধ চলাচল এবং নিয়মিত চুরি-ডাকাতির ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ।

‎শ্রমিক ও শিল্পমালিকরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, শুধু উদ্বোধন আর কাগজে-কলমে পরিকল্পনায় সীমাবদ্ধ থাকলে শিল্পনগরী চলবে না। বাস্তবিক উন্নয়ন দরকার। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও পর্যাপ্ত নজরদারির অভাবেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

‎বিসিক শিল্প নগরীর শারমিন রোপ কারখানার মালিক মো. শাহ আলম, আমাদের পরিবার তিন দশকেরও বেশি সময় ধরে বিসিকে ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু এই শিল্পনগরীর ভিত মজবুত করার মতো কোনো সরকারি উদ্যোগ চোখে পড়ে না। ভাঙা রাস্তা, বিদ্যুৎবিহীনতা, আর নূন্যতম সুযোগ-সুবিধার অভাব এসব মিলিয়ে ব্যবসা পরিচালনা করাই এখন চ্যালেঞ্জ। যদি সরকার একটু গুরুত্ব দিত তাহলে এখানকার চেহারাই পাল্টে যেত।

‎মর্ডান ফার্নিচার নামে একটি কাঠশিল্প প্রতিষ্ঠানের মালিক মো. মেহেদী হাসান ইমরান বলেন, প্রতিদিন চুরি-ডাকাতির আতঙ্কে থাকতে হয়। সীমানা প্রাচীর নেই, নিরাপত্তা ব্যবস্থা নেই একটা ফায়ার সার্ভিস ঢোকারও ঠিকমতো রাস্তা নাই এভাবে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়েছে। আমরা চাই কর্তৃপক্ষ যেন দ্রুত এর একটা সঠিক ব্যবস্থা নেয়।

‎লতিফ শেখ নামে এক শ্রমিক বলেন, বৃষ্টির দিনে কাজে আসতে গিয়ে কাদার মধ্যে পড়ে গিয়ে চোট খেয়েছি। রাস্তাঘাটের অবস্থা এমন যে হেঁটে চলাও কষ্টকর।

‎বিশ্লেষকদের মতে, স্বরূপকাঠি বিসিক শিল্পনগরী এক সময় দক্ষিণাঞ্চলের অর্থনীতির বড় শক্তি হতে পারত। বনজ শিল্পের কেন্দ্র হিসেবে এটি ছিল বিশেষ সম্ভাবনাময় একটি এলাকা। কিন্তু অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তাহীনতা এবং প্রশাসনিক অনীহা এই সম্ভাবনাকে দিন দিন নিঃশেষ করে দিচ্ছে।

পিরোজপুর জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক এর ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক এইচ এম ফাইজুর রহমান বলেন, স্বরূপকাঠি বিসিক শিল্পনগরীতে দীর্ঘদিন যাবত যাতায়াত এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যা রয়েছে। ধাপে ধাপে বিসিক বিভিন্ন সময়ে যে সুবিধা প্রদান করেছে তা প্রয়োজনের তুলনায় স্বল্প। বিষয়টি বিসিক কর্তৃপক্ষ নজরে এনেছেন। এ বিষয়ে প্রধান কার্যালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং বিসিক চেয়ারম্যান আশ্বাস প্রদান করেছেন।

 

 

মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায়। এটাকে তিনি ‘নতুন আঞ্চলিক বিন্যাস’ হিসাবে অভিহিত করেন। তার দাবি, সেই ব্যবস্থায় বিদেশি শক্তিগুলো দ্রুত তাদের প্রভাব হারাচ্ছে। আবু মাহদি আল-মুহান্দিস ও কাসেম সোলেইমানির কথা উল্লেখ করে বুধবার এক্স-এ দেওয়া পোস্টে গালিবাফ লেখেন, ‘প্রিয় আবু মাহদি ও হাজ কাসেম! এটি আপনাদের সংগ্রাম ও পবিত্র রক্তের ফসল।

আলজাজিরা জানায়, আবু মাহদি আল-মুহান্দিস ছিলেন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একজন জ্যেষ্ঠ কমান্ডার। আর কাসেম সোলেইমানি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তারা দুজনেই নিহত হন।

গালিবাফ বলেন, ‘নতুন আঞ্চলিক বিন্যাসে বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে আসছে; যুক্তরাষ্ট্র এ অঞ্চল থেকে সম্মানজনকভাবে সরে যাওয়ার পথ খুঁজছে। নদী থেকে সমুদ্র (রিভার টু দ্য সি) পর্যন্ত বিস্তৃত জায়গাজুড়ে জায়নবাদী শাসনব্যবস্থার যে প্রকল্প ছিল, তা এখন কেবলই এক অলীক স্বপ্নে পরিণত হয়েছে।’

 

ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের : দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে-এমন অভিযোগে ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে তেহরান হামলার অভিযোগ অস্বীকার করেছে। বুধবার ভোরের দিকে দেওয়া বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে এমন উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে যাবতীয় বাণিজ্য, বাণিজ্যিক আদান-প্রদান এবং আর্থিক লেনদেন স্থগিত করা হয়েছে।’ আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বারা তার দেশের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের প্রেক্ষাপটে এটি একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ (অন্যের ওপর দোষ চাপানোর উদ্দেশ্যে সাজানো কোনো ঘটনা) হতে পারে।

 

বাঘাই সতর্ক করে বলেন, এ দাবি ‘সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির পরিপন্থি।’ তিনি আঞ্চলিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা তেহরানের বিরুদ্ধে উত্থাপিত এসব ভিত্তিহীন অভিযোগ থেকে দূরে থাকে। তিনি আরও যুক্তি দেন, পরিস্থিতির যে কোনো নিরপেক্ষ মূল্যায়নে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড’কেও বিবেচনায় নিতে হবে।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ : যুদ্ধের প্রথম ছয় সপ্তাহে ইরান অন্য যে কোনো উপসাগরীয় দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) লক্ষ্য করে সবচেয়ে বেশি প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল। তারা যুক্তরাষ্ট্রের সম্পদ বা স্থাপনা হিসাবে চিহ্নিত লক্ষ্যবস্তুর ওপর ৫৩০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ডজনখানেক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছিল। তবে হামলা চালিয়ে কখনোই দায় অস্বীকার করেনি ইরান। সেক্ষেত্রে এবারের হামলা কারা চালিয়েছে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

 সোহেল রানাঃ তালতলীতে বিএনপির দুই গ্রুপের পালটাপালটি সভা কেন্দ্র করে দুদিন ধরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে ১টি ইয়ারগান এবং বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার গাবতলী এলাকা থেকে আটকরা হলো- তালতলীর আঙ্গারপাড়ার লিমন সিকদার, কলাপাড়ার চাকামইয়া এলাকার অনিক মজুমদার, বরগুনার কেওরাবুনিয়ার মো. জামাল, নরাইলের লোহাগড়ার জিহাদ খান ও বরগুনার কেওরাবুনিয়ার হৃদয় মোল্লা।

জানা যায়, গত শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের দেওয়া একটি বক্তব্য কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরই জেরে দুই গ্রুপ বুধবার পালটাপালটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

পরে গাবতলী এলাকায় ৫ জনকে আটক করে পুলিশ। বিকালে মাহবুবুল আলম মামুনের চাচাতো ভাই আল আমিনের বাড়ি থেকে ১টি এয়ারগান উদ্ধার করে যৌথ বাহিনী। মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, জেলা বিএনপির প্রকাশ্য মদদে আমার লোকজনদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

আজকের সমাবেশে সন্ত্রাসী হামলা করার জন্য বহিরাগতদের ভাড়া করে এনেছে। মাহবুবুল আলম মামুন বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে আমি অবগত না। ওসি সাইদুল ইসলাম বলেন, এখনোও যৌথ বাহিনীর অভিযান চলছে।

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য পেয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। খবর এসপিএ’র।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই কুরআনের হাফেজ। এবারের প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী।

পাঁচটি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন। বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য এক কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।