খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

১০ বছর আগে ভাবিকে গলা কেটে হত্যা, এবার পিটিয়ে মারলেন ভাতিজিকে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ
১০ বছর আগে ভাবিকে গলা কেটে হত্যা, এবার পিটিয়ে মারলেন ভাতিজিকে

বরগুনার তালতলীতে ভাবি তানিয়া বেগমকে গলা কেটে হত্যার ১০ বছর পর এবার ছয় বছর বয়সী ভাতিজি নাহিল আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন চাচা হাবিব ওরফে হাবিল খান। ঘটনার পরপরই হাবিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় পর রাতে নিহত শিশুর বাবা মো. দুলাল খান বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত হাবিব ওরফে হাবিল খান ও মামলার বাদী দুলাল খান একই বাড়িতে বসবাস করেন। হাবিব সব সময় নেশাগ্রস্ত থাকায় প্রায় সময়ই পরিবারের সদস্যদের গালিগালাজসহ মারধর করতেন। মঙ্গলবার দুপুরে শিশু নাহিল বাড়ির সামনে একটি মুদি দোকানে রুটি কিনতে যায়। এসময় হঠাৎ হাবিব পেছন থেকে এসে একটি লাঠি দিয়ে নাহিলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।

এতে শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক বাবা দুলাল খান ও স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পরপরই হাবিবকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয়রা জানান, ২০১৫ সালের আগস্ট মাসে নিহত শিশুর বাবা দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়া বেগমকে গলা কেটে করে হত্যা করেন হাবিব। ওই মামলায় শিশু আইনে তার ৯ বছর সাজা হয়। সাজা ভোগ শেষে ২০২৪ সালের শুরুর দিকে জামিনে মুক্তি পান। ভাবিকে হত্যার ১০ বছর পরে ঘাতক হাবিল বড় ভাই দুলাল খানের দ্বিতীয় স্ত্রী ফাহিমা আক্তারের কন্যা নাহিলকে পিটিয়ে হত্যা করেছেন। শিশুর বাবা দুলাল খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ও আমার জীবনটা শেষ করে দিয়েছে।

২০১৫ সালে আমার প্রথম স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। তখন ওর বয়স ছিল ১৭ বছর। শিশু আইনে ৯ বছর সাজা ভোগ করে ২০২৪ সালের প্রথম দিকে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পাওয়ার দেড় বছরের মাথায় আমার শিশু কন্যাকে পিটিয়ে হত্যা করল। আমার শিশু কন্যা কী অপরাধ করেছিল? আমি এর বিচার চাই।’

স্থানীয় ইউপি সদস্য মো. টুকু শিকদার ও সালাম হাওলাদার বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয়রা হাবিলকে ধাওয়া করলে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেছে।’ তারা বলেন, ‘হাবিল এর আগে তার ভাইয়ের প্রথম স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন।’

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রকিবুল ইসলাম বলেন, ‘শিশুটির মাথার ডান পাশে এবং বাঁ হাতের কনুইয়ে গুরুতর জখমের চিহ্ন ছিল। তাৎক্ষণিক শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জানা যায়, শিশুটি বরিশালে নেওয়ার পথেই মারা গেছে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘হাবিলকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মরদেহ থানায় রাখা হয়েছে। আগামীকাল বুধবার ময়নাতন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’

 

স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ, সংসদ বসছে কাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ, সংসদ বসছে কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে গতকাল পর্যন্ত স্পষ্ট হয়নি—শুরুর বৈঠকে কে সভাপতিত্ব করবেন এবং নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন।

এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ বুধবার সকালে অনুষ্ঠিত ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হবে। সেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এ দুটি পদে ক্ষমতাসীন দল থেকেই সদস্য নির্বাচিত হয়ে থাকেন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এই পদটি নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর দেড় বছর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি।

সংবিধান অনুযায়ী, কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে বিএনপি। স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের ব্যাপারে আলোচনা বেশি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আজ বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে নতুন স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, সব ঠিক হবে।

প্রথম দিন যা হবে

নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে কিছু নির্ধারিত কাজ হয়। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে, নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা। বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব করেন। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। কারণ, দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে।

এমন প্রেক্ষাপটে ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব কে করবেন, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচিত প্রতিনিধি হিসেবে কোনো সংসদ সদস্যকে এই দায়িত্ব দেওয়া যায়। এ ক্ষেত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে।

সভাপতির সূচনা বক্তব্যের পর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। এরপর তাঁদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এ সময়টাতে অধিবেশনে বিরতি থাকে। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে আবার অধিবেশনের কার্যক্রম শুরু হয়। সাধারণত নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে সংসদের জ্যেষ্ঠ সদস্যরা বক্তব্য দিয়ে থাকেন।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। শোক প্রস্তাব গ্রহণের পর সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে। অধিবেশনজুড়ে এই প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদের প্রথম বৈঠকে উত্থাপন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। উত্থাপনের ৩০ দিনের মধ্যে সংসদ কোনো অধ্যাদেশ অনুমোদন না করলে সেটার কার্যকারিতা থাকবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করে এরপর অনুমোদন করা হবে।

জামায়াত কি ডেপুটি স্পিকার পদ নেবে

জুলাই জাতীয় সনদে বলা হয়েছে, আইনসভা হবে দ্বিকক্ষবিশিষ্ট। উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষের ভোটের সংখ্যা অনুপাতে। উভয় কক্ষে বিরোধী দল থেকে একজন করে ডেপুটি স্পিকার মনোনীত করা হবে। এ ক্ষেত্রে বিএনপি একমত হলেও উচ্চকক্ষের গঠন পদ্ধতি নিয়ে তাদের ভিন্নমত রয়েছে। তবে দলটি ইতিমধ্যে সংসদের ডেপুটি স্পিকার পদটি জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

এ বিষয়ে জামায়াতের তিনজন সংসদ সদস্যের সঙ্গে প্রথম আলো কথা বলেছে। তাঁরা বলেন, ডেপুটি স্পিকার পদ নেওয়া হবে কি না, সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে জামায়াতের অবস্থান কী হবে—এসব বিষয়ে আজ বুধবার বিরোধী দলের সংসদীয় কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জামায়াতের একটি সূত্র বলছে, সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদ পাওয়ার নজির নেই। জুলাই জাতীয় সনদে প্রথমবারের মতো বিষয়টি স্থান পেয়েছে। জুলাই সনদের সংশ্লিষ্ট প্রস্তাবে বিএনপির কোনো আপত্তি ছিল না। জাতীয় নির্বাচনের আগেও বিষয়টি কোনো আলোচনা ছিল না। তবে নির্বাচনের পর বিএনপি বলছে, বিরোধী দলকে এই পদ উদারতা হিসেবে দেওয়া হচ্ছে। জামায়াত জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার নিতে চায়, বিএনপির অনুগ্রহ হিসেবে নয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গতকাল প্রথম আলোকে বলেন, জুলাই জাতীয় সনদের আলোকে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের দুটি ডেপুটি স্পিকার পদই জামায়াত পায়। এখানে অনুগ্রহের কিছু নেই। শোনা যাচ্ছে, জুলাই সনদের আলোকে এই দুটি পদ দেওয়া হবে, তবে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বা প্রস্তাব আসেনি।

জামায়াতের এই নেতা বলেন, বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। এরপর জামায়াত ডেপুটি স্পিকার বিষয়ে তাদের অবস্থান জানাবে। আজ বুধবার বিরোধী দলের বৈঠক থেকেও এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

ভোলা সদর উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ইট বোঝাই ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তবে ট্রাকটি আটক করলেও পালিয়েছে ঘাতক চালক। মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

সিরাজুল ইসলাম আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অবদার আলী মালের ছেলে এবং পেশায় একজন কৃষক।

নিহতের ভাতিজা নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, সিরাজুল তালতলী বাজার থেকে বাড়ির জন্য প্রয়োজন বাজার শেষে সড়ক অতিক্রম করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঘুইংগারহাট এলাকা থেকে ভোলা সদরগামী ইট বোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় বিক্ষুব্ধরা ট্রাকটি আটক করে সড়ক অবরোধ করে প্রায় আধাঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। এতে বন্ধ হয়ে যায় ভোলার গুরুত্বপূর্ণ এ সড়কের যানবাহন চলাচল।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এছাড়া স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত ওই এলাকায় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হচ্ছে। এসব দুর্ঘটনারোধে ওই এলাকায় গতিরোধকের দাবিও জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক মো.গোফরান বলেন, স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়ার পর আমরা ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। এ ঘটনায় নিহতের পরিবার বলেছে তারা মামলা করবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

 

মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ধারাবাহিক ফোন কলের অংশ হিসেবে দ্বিতীবারের মতো পেজেশকিয়ানকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট। তার সঙ্গে দীর্ঘ আলাপে দ্রুত উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন।

এর আগে গত ৬ মার্চ তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল, যখন পুতিন পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষ করেন। এরপর ৯ মার্চ পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে কথা বলেন।

বিবৃতি অনুযায়ী, মঙ্গলবারের ফোনালাপে ‘ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পুনরায় আলোচনা করা হয়েছে।

এর আগে ৯ মার্চ ট্রাম্পের সঙ্গে তার প্রায় এক ঘণ্টা ফোনে কথা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়। এরপরেই ট্রাম্প বলেছিলেন যে, শিগগিরই যুদ্ধ শেষ হচ্ছে।