খুঁজুন
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

ভোলায় দুই বিএনপি নেতার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এলাকাছাড়া গৃহবধূ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
ভোলায় দুই বিএনপি নেতার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এলাকাছাড়া গৃহবধূ

ভোলার লালমোহনে জমি-দোকান ফেরত চাওয়ায় কুপ্রস্তাব, হুমকি এবং হয়রানির শিকার হয়ে চার মাস ধরে এলাকাছাড়া শিল্পী ইসলাম নামের এক গৃহবধূ ও তাঁর অসুস্থ স্বামী।

স্থানীয় দুই বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ক্লাবের নামে জমি দখল এবং প্রকৃত জমির মালিক তার জমি ও দোকান ফেরত চাওয়ায় তাদের কুপ্রস্তাব-হুমকি প্রদানের। ভুক্তভোগী এই ঘটনায় ভোলা-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদের কাছে কয়েক দফা বিচার দিয়েও কোনো প্রতিকার না পাওয়ারও অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ ২৩ জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ করে বিচার দাবি করেছেন। গৃহবধূ শিল্পী ইসলামের বাড়ি লালমোহন পৌরসভার ১১ নং ওয়ার্ডের ভাঙাপুল এলাকায়। তাঁর স্বামীর নাম নুরুল ইসলাম। তারেক রহমান বরাবর লিখিত অভিযোগে এবং পৃথক একটি ভিডিও সাক্ষাতকারে গৃহবধূ শিল্পী ইসলাম অভিযোগ করে জানান, তাঁর স্বামী নুরুল ইসলাম একজন সক্রিয় বিএনপি কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ী। ভাঙাপুল এলাকায় নিজস্ব জমিতে একটি দোকানঘর নির্মাণ করে রেস্টুরেন্ট ব্যবসা করছিলেন তাঁর স্বামী।

শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই তাঁদের দোকানটি বিএনপি সমর্থকদের ক্লাব করার কথা বলে জোরপূর্বক দখল করে নেয় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। গত ৫ মাস আগে তাঁর স্বামী ও শশুরকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে দোকান ঘরের একশতাংশ জমির দলিলও করা হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদের নামে ওই জমি লিখে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন গৃহবধূ। জমি লিখে নিলেও জমির প্রায় দশ লাখ টাকার বাজারমূল্য তাদের দেওয়া হয়নি। শিল্পী ইসলাম জানান, বিষয়টি নিয়ে তিনি লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত ও লালমোহন উপজেলার প্রস্তাবিত যুবদল সভাপতি বাবুল পাটোয়ারীর কাছে গেলে তারা এই বিষয়ে চুপ থাকতে পরামর্শ দেন এবং পাশাপাশি জমির বাজারমূল্য পরিশোধের আশ্বাস দেন। তিনি আরও অভিযোগ করে বলেন, ‘কিন্তু দীর্ঘদিনেও তারা কোনো সমাধান না দেওয়ায় গৃহবধূ শিল্পী ইসলাম তাঁর স্বামী নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে ঢাকায় এসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদেকে বিষয়টি অবহিত করেন।

তিনি তাৎক্ষণিক লালমোহন উপজেলা বিএনপির সদস্যসচিব বাবুল পঞ্চায়েতকে এই সমস্যা সমাধান করার নির্দেশ দেন এবং গৃহবধূকে বাবুল পঞ্চায়েতের কাছে যেতে বলেন।’ গৃহবধূ জানান, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদের কাছে বিচার দেওয়ার কারণে তাঁদের প্রতি আরো ক্ষুব্ধ হন উপজেলা বিএনপির সদস্যসচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত এবং বাবুল পাটোয়ারী। মেজর হাফিজের নির্দেশে চলতি জুলাই মাসের প্রথম সপ্তায় ঢাকা থেকে লালমোহন গিয়ে ছেলেসন্তান সঙ্গে করে বাবুল পঞ্চায়েতের সঙ্গে দেখা করতে যান তিনি। ভিডিও সাক্ষাতকারে শিল্পী ইসলাম অভিযোগ করেন, ‘বাবুল পঞ্চায়েতের সঙ্গে দেখা করতে গেলে তিনি জমির আশা বাদ দিয়ে দেওয়ার কথা বলেন এবং বাজে মাইন্ডে কথা বলেন।

একান্তে সময় দিলে প্রতিমাসে ২০ হাজার টাকা দেওয়ারও প্রস্তাব দেন বাবুল পঞ্চায়েত। এই সময় গৃহবধূ প্রতিবাদ করলে বাবুল পঞ্চায়েত শিল্পী ইসলামকে বলেন, ‘তুমি কী ফেরেশতা হইছো। ফেরেশতা হলে ফেরেশতার মতো থাকো। আমাগো কাছে সহযোগিতা পাইবা না।’ শিল্পী ইসলাম জানান, তাঁর স্বামী নুরুল ইসলাম হার্টের রোগী। তার হার্টে ছয়টি ব্লক রয়েছে। টাকার অভাবে স্বামীর চিকিৎসা বন্ধ। বিষয়টি নিয়ে তিনি লালমোহন উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি বাবুল পাটোয়ারীর কাছে জমি উদ্ধারে সহায়তা চান। শিল্পী ইসলামের অভিযোগ, ‘আমাকে বাবুল পাটোয়ারী কয়, মেজর হাফিজের বাসায় গেছোস না, নেতাই দিবো তোরো ঘর।’

স্বামীর অসুস্থতার বিষয়টি জানালে বাবুল পাটোয়ারী শিল্পী ইসলামের স্বামী নুরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ‘যে মরে যায়, মরে যাইতে দে, পিছে পিছে দৌঁড়াছ ক্যা।’ শিল্পী ইসলামের স্বামী নুরুল ইসলাম ভিডিও সাক্ষাতকারে অভিযোগ করে বলেন, ‘বাবুল পাটোয়ারী আমার স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন। আমরা যার কাছে বিচার নিয়ে যাই, তারাই আমার স্ত্রীর উপর হুমরি খেয়ে পড়ে। নুরুল ইসলাম আরো বলেন, ‘আমি হাফিজ ভাইয়ের পা পর্যন্ত ধরেছি। বলেছি ভাইয়া আমার জমি লাগবে না, আমার চিকিৎসাটা করাইয়া দেন।’ শিল্পী ইসলাম ও তাঁর স্বামী নুরুল ইসলাম জানান, লালমোহন উপজেলা বিএনপির সদস্যসচিব বাবুল পঞ্চায়েত ও উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি বাবুল পাটোয়ারীর কুপ্রস্তাবের বিষয়টি আমরা গত ১৯ জুলাই ঢাকায় এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদের বনানীর বাসায় গিয়ে তাঁকে অবহিত করি।

তিনি এই বিষয়ে পরে দেখবেন বলে আমাদের জানান। কোনো উপায় না দেখেই তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দেন বলে জানান শিল্পী ইসলাম। অভিযোগের বিষয় জানতে লালমোহন উপজেলা বিএনপির সদস্যসচিব বাবুল পঞ্চায়েতকে তার জিপি নম্বরে কয়েকদফা ফোনকল করা হয়। কিন্তু তিনি ফোনকল রিসিভ করেননি। তবে, এবিষয়ে লালমোহন উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি বাবুল পাটোয়ারী বলেন, ‘জমি দখল করার বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। আর আমি কোন কুপ্রস্তাব দেইনি। যারা অভিযোগ করেছে দলের কাছে, তারা প্রমান করুক। আমি প্রমানের অপেক্ষা করছি।’

কাজী বাবুল’র ২য় মৃত্যুবার্ষিকী আজ

তাঁর স্বপ্ন বেঁচে আছে কিন্তু তিনি নেই

কাজী রাসেল ।।
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
তাঁর স্বপ্ন বেঁচে আছে কিন্তু তিনি নেই

দক্ষিণাঞ্চলের মিডিয়া জগতের অভিভাবক, সাংবাদিকদের বাতিঘর, দেশের শীর্ষ আঞ্চলিক দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ।

২০২৪ সালের ২ মার্চ রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট (বারডেম) এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২ মে বরিশালের কাশীপুর কলাডেমা সম্ভ্রান্ত কাজী পরিবারে তাঁর জন্ম। তিনি ছাত্রাবস্থা থেকেই লেখালেখির সাথে জড়িত ছিলেন। খবর গ্রুপ পাবলিকেশনস এর বরিশালের ব্যুরো চিফ হিসেবে সাংবাদিকতায় কর্মজীবনের শুরু করেছিলেন তিনি। আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী বাবুল ছিলেন বরিশালের সব শ্রেনী পেশার মানুষের কাছে ভালবাসা, শ্রদ্ধা ও আস্থার প্রতীক। সততা ও সমাজ সেবায় তিনি ছিলেন অনুকরণীয়।

মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ কাজী নাসির উদ্দিন বাবুল দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার পেশাগত অবস্থান সুদৃঢ করার লক্ষ্যে ১৯৯১ সালে দৈনিক আজকের বার্তার প্রকাশনা শুরু করে ছিলেন। এটি বর্তমানে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক রঙিন দৈনিক। তিনি ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে ছিলেন। পরে বলিষ্ঠ নেতৃত্বের কারনে তিনি বরিশাল প্রেসক্লাবের ১৪ বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। একজন সাহসী সাংবাদিক হিসেবে দক্ষিণাঞ্চলের মানুষের কাছে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। সাংবাদিক হিসেবে তিনি বিশ্বের বহুদেশ ভ্রমন করেছেন। লাভ করেছেন বহু সম্মাননা। কর্মজীবনে তিনি একাধিক বই লিখেছেন। যার মধ্যে ‘সংবাদপত্র ও সাংবাদিকতা’ উল্লেখযোগ্য।

বর্ণাঢ্য জীবনে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বরিশালের প্রিয় মুখ কাজী বাবুল। কঠোর শ্রম ও সূক্ষ্ম মেধার অধিকারী ছিলেন তিনি। হাজার পাতার দুর্লভ একটা উপন্যাসের মতো ছিলো তাঁর জীবন। আত্মা তাঁর দেহ ত্যাগ করলেও কর্ম তাঁকে অমরত্ব দিয়েছে। মানুষের হৃদয়ে আজও তাঁর স্মৃতি অম্লান। চিরকালই তিনি সবার প্রিয় মানুষ হয়ে থাকবেন আকাশের ধ্রুব তারার স্নিগ্ধতায়।

সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলন ও বরিশালের উন্নয়নে তিনি সরব ছিলেন। মঈন-ফকরুদ্দীনের শাসন আমলে মিথ্যা মামলায় তাঁকে কারাবরণও করতে হয়েছিলো। সাদা পোশাকে একটি সংস্থার লোকজন ঢাকার গুলশানের বাসা থেকে তাঁকে সন্তান ও পরিবারের সদস্যদের সামনে থেকে আটক করে নিয়ে যায়। ঐ সময় কাজী বাবুলকে অন্ধকার টর্চার সেলে (আয়না ঘরে) রেখে নির্যাতন চালানো হয়। নির্যাতনকারীরা বিএনপির কর্ণধার তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলার বাদী হতে বলে। তারা এসময় তাঁকে প্রথমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাজি করাতে চেষ্টা চালায়। পরে কাজী বাবুল তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় অন্ধকার টর্চার সেলে বা আয়না ঘরে রেখে শারীরিক ও মানষিক নির্যাতন চালানো হয়।

অমানবিক নির্যাতনের পরও তিনি বিএনপির কর্নধার ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলার বাদী হননি। বরং তাদের কে তিনি বলেছিলেন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। সেদিনের কারারুদ্ধ কাজী বাবুল আজ আর জীবিত নেই। কিন্তু তাঁর ভবিষৎবাণী আজ দিনের আলোর মতো উজ্জল এবং দৃশ্যমান বাস্তব।
সেদিন কাজী বাবুল প্রাণভয়ে কিংবা প্রলোভনে পরে তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলার বাদী হননি। বরং নিজে মিথ্যা মামলায় ১৭ বছর সাজা মাথা পেতে নিয়েছিলেন। ঢাকা জেলখানায় মাসের পর মাস নির্যাতনের কারনে তাঁর দুটি কিডনীই নষ্ট হয়ে গিয়েছিলো। কিন্তু নিজের বিবেককে জীবিত রেখে ছিলেন আমৃত্যু।

জীবনের শেষ দিনটি পর্যন্ত যে মানুষটি তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে দেখার অপেক্ষায় ছিলেন, আজ তিনি নেই। মৃত্যুর ২/৩ মাস আগে একদিন সকালে নাস্তা খেতে খেতে তিনি আমাদের বলেছিলেন, “আমি আর বেশি দিন নেই। মরতে তো সবাইকেই হবে। তবে শীগ্রই তারেক রহমান বীরের মতো এদেশে ফিরবেন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিবেন। সেই দিনটা তোমরা দেখতে পারবে। কিন্তু আমি সেদিন থাকবো না।” মহান আল্লাহ তায়ালা আমার বাবাকে জান্নাত দান করুন, আমিন।

 

বৃদ্ধের মরদেহ মিলল সন্ধ্যা নদীর পাড়ে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
বৃদ্ধের মরদেহ মিলল সন্ধ্যা নদীর পাড়ে

বরিশালের উজিরপুরে নিখোঁজের একদিন পর মোবারক হালাদার (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মেজর জলিল সেতুর উত্তর পাশসংলগ্ন এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মোবারক হালাদার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর এলাকা থেকে নিখোঁজ হন। পরে বুধবার বিকেল ৫টার দিকে মেজর জলিল সেতুর উত্তর পাশের সন্ধ্যা নদীর পাড়ে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন।

গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।