বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জিতেছে বিএনপি
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১ পদের পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। জামায়াত সমর্থিত আইনজীবীদের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থী বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনগত রাতে নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এসএম সাদিকুর রহমান লিংকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন উপ-পরিষদ ঘোষিত ফলাফল অনুযায়ী- সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল দলের আবুল কালাম আজাদ-১ মোট ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত সাদা দলের সালাউদ্দিন মাসুম পেয়েছেন ৩০৪ ভোট।
সহ-সভাপতির দুটি পদের মধ্যে শেখ মেহেদী হাসান শাহীন ৪৮৯ ভোট পেয়ে ১ম বিজয়ী এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৬ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন। এ দুটি পদে একাধিক প্রার্থী লড়াই করেছেন।
সম্পাদক পদে ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির আবুল কালাম আজাদ ইমন। অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী শেখ ইমরান কবির মাসুদ পেয়েছেন ৩৩৬ ভোট এবং জামায়াত সমর্থিত প্রার্থী ফরিদ উদ্দিন পেয়েছেন ২৮৫ ভোট।
অর্থ-সম্পাদক পদে জাহিদুল ইসলাম পান্না ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন ৩৬১ ভোট পেয়ে হেরেছেন।
যুগ্ম-সম্পাদকের দুটি পদে তারেক আল ইমরান ৪৬২ ভোট পেয়ে প্রথম এবং সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন। নির্বাহী সদস্যের চারটি পদে ৮ প্রার্থীর মধ্যে- ৬৭৫ ভোট পেয়ে হারুন অর রশিদ প্রথম, ৫১৫ ভোটে গোলাম মোর্তজা তপু দ্বিতীয়, ৪৪৯ ভোটে পারভেজ বেপারী তৃতীয় এবং ৪০৬ ভোট পেয়ে চতুর্থ নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে সাইফুল আলম।
এই নির্বাচনের শুরু থেকেই আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীদের প্রার্থী হতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে নির্বাচন উপ-পরিষদ ও বিএনপি সমর্থিত প্যানেলের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেলসহ উপ-পরিষদ। এবারের নির্বাচনে ৯৭৩ ভোটারের মধ্যে ৬৭৮ জন ভোট দিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, বাধার মুখে এবারের নির্বাচনে আওয়ামী এবং বামপন্থী আইনজীবীরা কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। এমনকি অনুষ্ঠিত ভোটেও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসতে দেখা যায়নি। এই নিয়ে আদালতে মামলা করেছেন আওয়ামীপন্থী তিন আইনজীবী। তবে বিএনপিপন্থী আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লিংকন বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।

আপনার মতামত লিখুন
Array