খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

পিআর পদ্ধতির পক্ষে যারা, তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে: আলাল

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
পিআর পদ্ধতির পক্ষে যারা, তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে: আলাল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে কথা বলা দলগুলোই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে, যা একটি সাংঘর্ষিক অবস্থান। তিনি প্রশ্ন তুলে বলেন, “পিআর পদ্ধতি হলে প্রার্থী ঘোষণার প্রয়োজনই থাকে না।”

বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আলাল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যারা বাধা দেওয়ার কথা বলছেন, তারা বয়স, আবেগ ও অপরিপক্কতার কারণে এমন মন্তব্য করছেন।

তিনি সমালোচনা করে বলেন, “দেশের মানুষ পান্তাভাত পানি দিয়ে খাচ্ছে, অথচ উপদেষ্টারা রাতবিরাতে হাসের মাংস খুঁজছেন। এসব কথার গুরুত্ব কতটা তা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত।” তিনি মনে করেন, এসব কথার উদ্দেশ্য কেবল পরিস্থিতি জিইয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিল করা।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তরুণরাই নেতৃত্বে আসবে। তাই তাদের অভিজ্ঞ ও সৎ দেশপ্রেমিকদের কাছ থেকে শিখে সংযত আচরণ করা উচিত, যা গণতন্ত্রের বিকাশে সহায়ক হবে। তিনি জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত। একটি জবাবদিহিমূলক সরকার ছাড়া দেশে বিনিয়োগ হচ্ছে না। জবাবদিহিমূলক সরকার এলে অর্থনীতি সমৃদ্ধ হবে।

ব্যাংক খাতের ধ্বংসের কথা উল্লেখ করে তিনি বলেন, এ খাত পুনর্বাসনের জন্যও দায়বদ্ধ সরকার প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে আলাল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে একটি স্পর্শকাতর মামলার শুনানি অ্যাপিলেট ডিভিশনে চলছে। রায়ে খালাস পেলে তিনি সব মামলা থেকে মুক্তি পাবেন এবং তারপরই দেশে ফিরবেন বলে ধারণা। মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

ভোলা সদর উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ইট বোঝাই ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তবে ট্রাকটি আটক করলেও পালিয়েছে ঘাতক চালক। মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

সিরাজুল ইসলাম আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অবদার আলী মালের ছেলে এবং পেশায় একজন কৃষক।

নিহতের ভাতিজা নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, সিরাজুল তালতলী বাজার থেকে বাড়ির জন্য প্রয়োজন বাজার শেষে সড়ক অতিক্রম করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঘুইংগারহাট এলাকা থেকে ভোলা সদরগামী ইট বোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় বিক্ষুব্ধরা ট্রাকটি আটক করে সড়ক অবরোধ করে প্রায় আধাঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। এতে বন্ধ হয়ে যায় ভোলার গুরুত্বপূর্ণ এ সড়কের যানবাহন চলাচল।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এছাড়া স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত ওই এলাকায় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হচ্ছে। এসব দুর্ঘটনারোধে ওই এলাকায় গতিরোধকের দাবিও জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক মো.গোফরান বলেন, স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়ার পর আমরা ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। এ ঘটনায় নিহতের পরিবার বলেছে তারা মামলা করবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

 

মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ধারাবাহিক ফোন কলের অংশ হিসেবে দ্বিতীবারের মতো পেজেশকিয়ানকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট। তার সঙ্গে দীর্ঘ আলাপে দ্রুত উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন।

এর আগে গত ৬ মার্চ তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল, যখন পুতিন পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষ করেন। এরপর ৯ মার্চ পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে কথা বলেন।

বিবৃতি অনুযায়ী, মঙ্গলবারের ফোনালাপে ‘ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পুনরায় আলোচনা করা হয়েছে।

এর আগে ৯ মার্চ ট্রাম্পের সঙ্গে তার প্রায় এক ঘণ্টা ফোনে কথা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়। এরপরেই ট্রাম্প বলেছিলেন যে, শিগগিরই যুদ্ধ শেষ হচ্ছে।

জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ণ
জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

 

(মঙ্গলবার) বিকেলে দীর্ঘ বৈঠকের পর এ কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

পাঁচ সদস্যের কমিটির প্রধান হিসেবে রয়েছেন চিফ প্রসিকিউটর। অন্য সদস্যরা হলেন—প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

প্রসিকিউশন জানায়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয় অনুসন্ধানে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। সদ্য পদত্যাগ করা সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার বিষয়টিও তদন্ত করবে এ কমিটি।

এ দিন দুপুরে সাইমুম রেজার অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এটা গুরুতর অভিযোগ। এমন কিছু আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি জানি না।