খুঁজুন
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র, ১৪৩৩

পটুয়াখালীর বাউফল: ফাঁকা মাঠেও বিএনপিতে ৪ ভাগ

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
পটুয়াখালীর বাউফল: ফাঁকা মাঠেও বিএনপিতে ৪ ভাগ

পটুয়াখালীর চারটি আসনের মধ্যে বাউফল (পটুয়াখালী-২) আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে এই আসনে ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। একবারই (২০০১ সালে) বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল আলম তালুকদার। কিন্তু দলের অভ্যন্তরীণ বিভাজন আর বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিএনপি বারবার হোঁচট খেয়েছে।

চারজন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে তিনজনই কেন্দ্রীয় নেতা। ইতিমধ্যে তাঁরা মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ ছাড়া চার ভাগে বিভক্ত হয়ে সভা, সমাবেশও করছেন। একে অপরের বিরুদ্ধে চলছে কাদা ছোড়াছুড়ি। তবে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, এবার ভিন্ন কিছু চাই। তাঁদের ভাষায়, ভবিষ্যতের রাজনীতি অতীতের মতো নয়, নতুন ধারার রাজনীতি হবে। আওয়ামী লীগের আধিপত্যের আসনে জিততে হলে বিএনপিকে অবশ্যই একজন ক্লিন ইমেজের প্রার্থী দিতে হবে।

মনোনয়নপ্রত্যাশী চারজন হলেন সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু।

জানা গেছে, বাউফলে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ইতিহাস দীর্ঘদিনের। ১৯৭৯ সালে দলীয় প্রার্থী অল্প ভোটের ব্যবধানে হেরে যান নিজেদের নেতাদের বিরোধিতার কারণে। ১৯৯১ সালেও একই ঘটনা ঘটে। ১৯৯৬ সালে দলীয় নেতা-কর্মীরা বিভক্ত হলে হেরে যান বিএনপির প্রার্থী। শুধু ২০০১ সালের নির্বাচনে শহিদুল আলম তালুকদার ধানের শীষ প্রতীকে প্রার্থী হলে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে নামে এবং আওয়ামী লীগের ঘাঁটিতে প্রথমবারের মতো বিএনপি বিজয়ী হয়। কিন্তু এরপর আবার শুরু হয় বিভাজন। ২০০৮ সালের নির্বাচনে শহিদুল নির্বাচন করতে না পেরে বিএনপির প্রার্থী ফারুক তালুকদারের বিরোধিতা করেন। এতে নৌকা মার্কার প্রার্থী সহজেই জয়ী হন।

স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিএনপি থেকে প্রার্থী হয়ে জিতলেও তাঁর কর্মকাণ্ডে দলের ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনা তৈরি হয়। সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে মারধর, নারী কেলেঙ্কারি, দলীয় নেতা-কর্মীদের হেনস্তাসহ নানা অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠে। ওয়ান-ইলেভেনের সময়ে অস্ত্র ও ত্রাণ লুটপাটের মামলায় দণ্ডিত হন তিনি। এর ফলে ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি। বয়সের ভারে এখন ন্যুব্জ হলেও আবার মনোনয়নের চেষ্টা চালাচ্ছেন।

জানতে চাইলে শহিদুল আলম তালুকদার বলেন, ‘আমি বরাবরই চেষ্টা করেছি বিএনপিকে ভালো কিছু দেওয়ার জন্য।’ মনোনয়নের সিগন্যাল পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তারেক রহমান সাহেব আমাকে ডেকেছিলেন। এবং আমাকে কাজ করতে বলেছেন। আর তো কাউকে ডাকেননি, অবশ্যই আমাকে মনোনয়ন দেবেন, তাই হয়তো ডেকেছেন।’

এদিকে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার। তিনি প্রায় ৫৮ হাজার ভোট পেলেও সাবেক সংসদ সদস্য শহিদুলের বিরোধিতার কারণে হেরে যান। পরে তিনি উপজেলা বিএনপির সভাপতি ছিলেন এবং কিছু সময় পর্যন্ত নেতৃত্বও দেন। তবে আওয়ামী লীগের দমন-পীড়ন এবং ব্যবসায়িক ক্ষতির কারণে তিনি ঢাকায় সরে যান। তিনিও মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।

ডাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক ও বিএনপির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনকে এখন স্থানীয় নেতা-কর্মীরা নতুন ভরসা হিসেবে দেখছেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত থাকলেও বাউফলে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। জানতে চাইলে মু. মুনির হোসেন বলেন, ‘বাউফল বিএনপির দুর্গ। বিএনপির নেতা-কর্মীরা মূলধারার সঙ্গে রয়েছে। দল যাকে মনোনয়ন দেবে, সবাই ধানের শীষের জন্য কাজ করবে। এ ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ। মনোনয়ন যে কেউ চাইতে পারে, তার মানে বিভক্তি বা বিরোধ না। ইনশা আল্লাহ আগামী নির্বাচনে পটুয়াখালী-২ আসন আমরা বিএনপিকে উপহার দিব।’

অন্যদিকে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু পটুয়াখালী কৃষি কলেজের সাবেক ভিপি। বর্তমানে কৃষক দলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে গণসংযোগ করছেন। তবে স্থানীয় পর্যায়ে তিনি তুলনামূলক নতুন মুখ। লিটু বলেন, ‘এ আসন আওয়ামী লীগের না, এ আসন বিএনপির। প্রতি নির্বাচনে বিএনপির প্রার্থীকে ষড়যন্ত্র করে হারিয়েছে। আসন্ন নির্বাচনে এ আসনে বিপুল ভোটে জয়ী হবে বিএনপি। ছাত্ররাজনীতি থেকে শুরু করে এখন কেন্দ্রীয় রাজনীতি করছি। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে যেভাবে ছিলাম, এখনো আছি, সামনেও থাকব।’

সার্বিক বিষয়ে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা বলেন, বাউফল বিএনপির ঘাঁটি। তবে আওয়ামী লীগ এ আসনে ফ্যাসিবাদী রাজত্ব করে গেছে। নির্বাচনে জয়লাভ করতে হলে প্রার্থীকে সব দিক থেকে যোগ্য হতে হয়। নয়তো শুরুতেই হারতে হয়।

 

মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায়। এটাকে তিনি ‘নতুন আঞ্চলিক বিন্যাস’ হিসাবে অভিহিত করেন। তার দাবি, সেই ব্যবস্থায় বিদেশি শক্তিগুলো দ্রুত তাদের প্রভাব হারাচ্ছে। আবু মাহদি আল-মুহান্দিস ও কাসেম সোলেইমানির কথা উল্লেখ করে বুধবার এক্স-এ দেওয়া পোস্টে গালিবাফ লেখেন, ‘প্রিয় আবু মাহদি ও হাজ কাসেম! এটি আপনাদের সংগ্রাম ও পবিত্র রক্তের ফসল।

আলজাজিরা জানায়, আবু মাহদি আল-মুহান্দিস ছিলেন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একজন জ্যেষ্ঠ কমান্ডার। আর কাসেম সোলেইমানি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তারা দুজনেই নিহত হন।

গালিবাফ বলেন, ‘নতুন আঞ্চলিক বিন্যাসে বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে আসছে; যুক্তরাষ্ট্র এ অঞ্চল থেকে সম্মানজনকভাবে সরে যাওয়ার পথ খুঁজছে। নদী থেকে সমুদ্র (রিভার টু দ্য সি) পর্যন্ত বিস্তৃত জায়গাজুড়ে জায়নবাদী শাসনব্যবস্থার যে প্রকল্প ছিল, তা এখন কেবলই এক অলীক স্বপ্নে পরিণত হয়েছে।’

 

ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের : দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে-এমন অভিযোগে ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে তেহরান হামলার অভিযোগ অস্বীকার করেছে। বুধবার ভোরের দিকে দেওয়া বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে এমন উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে যাবতীয় বাণিজ্য, বাণিজ্যিক আদান-প্রদান এবং আর্থিক লেনদেন স্থগিত করা হয়েছে।’ আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বারা তার দেশের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের প্রেক্ষাপটে এটি একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ (অন্যের ওপর দোষ চাপানোর উদ্দেশ্যে সাজানো কোনো ঘটনা) হতে পারে।

 

বাঘাই সতর্ক করে বলেন, এ দাবি ‘সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির পরিপন্থি।’ তিনি আঞ্চলিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা তেহরানের বিরুদ্ধে উত্থাপিত এসব ভিত্তিহীন অভিযোগ থেকে দূরে থাকে। তিনি আরও যুক্তি দেন, পরিস্থিতির যে কোনো নিরপেক্ষ মূল্যায়নে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড’কেও বিবেচনায় নিতে হবে।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ : যুদ্ধের প্রথম ছয় সপ্তাহে ইরান অন্য যে কোনো উপসাগরীয় দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) লক্ষ্য করে সবচেয়ে বেশি প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল। তারা যুক্তরাষ্ট্রের সম্পদ বা স্থাপনা হিসাবে চিহ্নিত লক্ষ্যবস্তুর ওপর ৫৩০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ডজনখানেক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছিল। তবে হামলা চালিয়ে কখনোই দায় অস্বীকার করেনি ইরান। সেক্ষেত্রে এবারের হামলা কারা চালিয়েছে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

 সোহেল রানাঃ তালতলীতে বিএনপির দুই গ্রুপের পালটাপালটি সভা কেন্দ্র করে দুদিন ধরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে ১টি ইয়ারগান এবং বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার গাবতলী এলাকা থেকে আটকরা হলো- তালতলীর আঙ্গারপাড়ার লিমন সিকদার, কলাপাড়ার চাকামইয়া এলাকার অনিক মজুমদার, বরগুনার কেওরাবুনিয়ার মো. জামাল, নরাইলের লোহাগড়ার জিহাদ খান ও বরগুনার কেওরাবুনিয়ার হৃদয় মোল্লা।

জানা যায়, গত শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের দেওয়া একটি বক্তব্য কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরই জেরে দুই গ্রুপ বুধবার পালটাপালটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

পরে গাবতলী এলাকায় ৫ জনকে আটক করে পুলিশ। বিকালে মাহবুবুল আলম মামুনের চাচাতো ভাই আল আমিনের বাড়ি থেকে ১টি এয়ারগান উদ্ধার করে যৌথ বাহিনী। মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, জেলা বিএনপির প্রকাশ্য মদদে আমার লোকজনদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

আজকের সমাবেশে সন্ত্রাসী হামলা করার জন্য বহিরাগতদের ভাড়া করে এনেছে। মাহবুবুল আলম মামুন বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে আমি অবগত না। ওসি সাইদুল ইসলাম বলেন, এখনোও যৌথ বাহিনীর অভিযান চলছে।

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য পেয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। খবর এসপিএ’র।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই কুরআনের হাফেজ। এবারের প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী।

পাঁচটি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন। বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য এক কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।