খুঁজুন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন, ১৪৩৩

পটুয়াখালীতে এলজিইডির শতকোটি টাকার উন্নয়ন কাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
পটুয়াখালীতে এলজিইডির শতকোটি টাকার উন্নয়ন কাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা

উপকূলীয় জেলা পটুয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় উন্নয়ন প্রকল্পের নেওয়া অনেক সড়ক এখন জনগণের কাছে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, পটুয়াখালীর সদর উপজেলার করমজাতলা সড়ক থেকে বহালগাছিয়ার ড্রেনেজ-সবখানেই অর্ধসমাপ্ত কাজের চিহ্ন। প্রত্যন্ত অঞ্চল গলাচিপার ছোনখোলা, উপকূলীয় উপজেলা কলাপাড়ার বালিয়াতলী কিংবা মির্জাগঞ্জের চরখালী-সবখানে একই চিত্র। সম্পূর্ণ কাজ কোথাও শেষ হয়নি।

কাজ বন্ধ থাকা সড়কে এখন ধুলোর ঝড়, কাদা মেখে হাঁটছে মানুষ। তবে সড়ক, ড্রেন, সেতু-কাগজে-কলমে প্রকল্পগুলো জমজমাট। তবে কোথাও ভাঙ্গা সেতুর পাশে নৌকা পারাপার, কোথাও আবার অসমাপ্ত খোয়া বিছানো রাস্তায় থেমে আছে জীবনের গতি।

এলজিইডির অফিস সূত্রে জানা গেছে, এলজিইডির আওতায় পটুয়াখালীতে নেওয়া ২২টি প্রকল্প মুখ থুবড়ে পড়ে আছে। প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে এ সব কাজ। যাঁর প্রতিষ্ঠানের নামে প্রকল্পের কাজ বরাদ্দ হয়েছিল, সেই ঠিকাদারের নাম মিরাজুল ইসলাম।

ঠিকাদার মিরাজুল ইসলাম পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের ভাই। ২০২৪ সালের ৫ আগষ্ট রাজনৈতিক পরিবর্তনের পর মিরাজুল আত্মগোপনে আছেন বলে জানা গেছে।

এর পর থেকে জেলায় নেওয়া মিরাজুল ইসলামের উন্নয়ন প্রকল্পের কাজগুলো বন্ধ রয়েছে। প্রভাবশালী এই ঠিকাদারের শতকোটি টাকার প্রকল্প এখন এলজিইডির জন্য মহা জটিলতায় পরিণত হয়েছে। আর দুর্ভোগে হাবুডুবু খাচ্ছেন সংশ্লিস্ট এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের ভাষায়, এলজিইডির কাজ মানেই ‘মিরাজুল-মহারাজ সিন্ডিকেট’। মিরাজুল ইসলাম ও তাদের পরিবারের ঠিকাদারী লাইসেন্সে পিরোজপুর, পটুয়াখালীসহ আশপাশের জেলায় কার্যত একচেটিয়া নিয়ন্ত্রণ করছিলেন ওই সিন্ডিকেট।

এলজিইডি সূত্রে আরও জানা যায়, ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত তিন অর্থবছরে মিরাজুলের ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল-এর নামে ২২টি প্রকল্পের কাজ দেওয়া হয়। যার মধ্যে সদর উপজেলায় ১২টি, গলাচিপায় তিনটি, মির্জাগঞ্জে তিনটি, কলাপাড়ায় দুটি, দুমকিতে একটি এবং রাঙ্গাবালীতে একটি প্রকল্প রয়েছে।

এই ২২ টি প্রকল্পের মধ্যে ৭টি প্রকল্পের বিপরীতে ‘দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্র্নিমাণ বা পুনর্বাসন প্রকল্প’ এর আওতায় ২২টি আয়রন ব্রীজ পুনর্র্নিমাণের কথা রয়েছে। কাজের মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৭৬ কোটি ৫৭ লাখ টাকা। এ সকল প্রকল্পের অগ্রগতি গড়ে ৫০ শতাংশের বেশি হয়নি। তবে দুইটি প্রকল্প শেষ হলেও বাকিগুলো মাঝপথে থেমে গেছে।

এদিকে এসব প্রকল্পের অসমাপ্ত সড়ক ও সেতুতে তৈরি হয়েছে চরম দুর্ভোগ। এলজিইডির একাধিক প্রকৌশলী পুরো পটুয়াখালী জেলাজুড়ে চষে বেড়িয়েছেন। তারা বলেছেন, মিরাজুলের নেওয়া প্রকল্পের কাজ পড়ে আছে অর্ধসমাপ্ত অবস্থায়। অথচ কোন কোন প্রকল্প থেকে অর্ধেকর কাজের বিপরীতে টাকাও বেশি তুলে নিয়েছে বলে জানা গেছে।

সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই রাস্তায় চলতে গেলে আমাদের নিজেরাই মাটি ফেলে নিতে হয়। এক বছর ধরে ঠিকাদারের দেখা নেই। খুব কষ্টে আছি আমরা।’

একই এলাকার গৃহিণী আসমা আক্তার, ‘খোয়ার মধ্যে হাঁটতে গিয়ে জুতা নষ্ট হয়। মাসে তিন জোড়া জুতা লাগে। গরিব মানুষ কই পাবে এত টাকা? আমাদের কষ্ট দেখার কেউ নেই। দ্রুত এর সমাধান চাই।’

সশ্লিষ্ট প্রকল্প এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঠিকাদার টাকা খাইয়া পলাইছে। রাস্তাগুলো ভাইঙ্গাচুইরা রইছে। নতুন কইরা কাজ করলে জনগণের উপকার হইতো। সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়।’

এ বিষয়ে এলজিইডির পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, মিরাজুল ইসলাম মালিকাধীন ইফতি ইটিসিএল-এর ২২টি প্রকল্পের গড়ে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। কিন্তু ঠিকাদারকে না পাওয়ায় জটিলতা তৈরি হয়েছে। কাজ বন্ধ আছে।

তিনি আরো বলেন, আরেকটি সমস্যা হচ্ছে স্থানীয় ঠিকাদাররাও কাজ চালিয়ে যেতে আগ্রহ দেখাচ্ছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তিতে দ্রুত গতীতে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এ হামলার জবাবে ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাঘাঁটি আল-আজরাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে অন্তত দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবিও করেছে তেহরান।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের আইআরজিসি গত দুই দিনে একটি মার্কিন যুদ্ধজাহাজকে দু’বার লক্ষ্য করার চেষ্টা করেছিল। তবে জাহাজটি সফলভাবে হামলা এড়িয়ে যায়।

সেন্টকমের দাবি, এরপর মার্কিন বাহিনী ওমান উপসাগরে থাকা ইরানের চারটি তেলবাহী জাহাজ—‘কাভিজ’, ‘চারমিনার’, ‘হরাইজন-১’ ও রিয়েস্কো—এবং খারগ দ্বীপের কাছে থাকা ‘দেরিয়া’ নামের আরেকটি জাহাজে হামলা চালায়।

 

হামলার আগে জাহাজগুলোর নাবিকদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। পরে মার্কিন বাহিনী এমন একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ‘রিয়েস্কো’ নামের একটি জাহাজকে ওমান উপসাগরে ডুবে যেতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি খারগ দ্বীপের কাছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধের আগে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমে হতো বলে জানানো হয়েছে।

আইআরআইবি জানায়, ওই হামলায় জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে ওমান উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জাস্ক বন্দরের কাছেও আরেকটি ইরানি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

পরে আইআরজিসি জানায়, মোট পাঁচটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করা হয়েছে।

 

এর জবাবে জর্ডানের আল-আজরাক মার্কিন ঘাঁটিতে ‘তীব্র ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর দাবি করেছে আইআরজিসি। হামলায় মার্কিন যুদ্ধবিমান রাখার কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা।

এ ছাড়া মার্কিন নৌবাহিনীর ‘ডিডিজ-১১৯’ ও ‘ডিডিজি-৫৩’ নামের দুটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেগুলোতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ করার দাবিও করেছে ইরান।

তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাগরে লঘুচাপের শঙ্কা, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
সাগরে লঘুচাপের শঙ্কা, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূবাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

প্রথম দিনের পূর্বাভাস (৯ সেপ্টেম্বর): ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিনের পূর্বাভাস (১০ সেপ্টেম্বর): রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তৃতীয় ও চতুর্থ দিনের পূর্বাভাস (১১-১২ সেপ্টেম্বর): ১১ সেপ্টেম্বর সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। ১২ সেপ্টেম্বর থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসে দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় স্থায়ী হতে পারে। এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।

পঞ্চম দিনের পূর্বাভাস (১৩ সেপ্টেম্বর): দেশের আটটি বিভাগেরই দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ময়লার স্তূপে পাশাপাশি পড়েছিল দুই নবজাতকের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
ময়লার স্তূপে পাশাপাশি পড়েছিল দুই নবজাতকের লাশ

বরিশাল নগরের ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তাদের একজন ছেলে ও অন্যজন মেয়ে। 

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্ট অফিস সংলগ্ন ময়লার স্তূপ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ দুটি প্লাস্টিকের বাটি চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির লাশ ওই স্থানে এসে থাকতে পারে।

কোতোয়ালী থানার ওসি আল মামুন ইসলাম বলেন, খবর পাওয়ার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল। থানা থেকে বিষয়টি জানানোর পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি দেখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হয়। পরে নবজাতক দুটির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়।

নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের লাশ ময়লার স্তূপে এলো- তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।