খুঁজুন
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন, ১৪৩৩

আটঘর কুড়িয়ানায় অশ্লীলতা, আগ্রহ হারাচ্ছে পর্যটকরা

স্বরূপকাঠি প্রতিনিধি ॥
প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১:৪২ অপরাহ্ণ
আটঘর কুড়িয়ানায় অশ্লীলতা, আগ্রহ হারাচ্ছে পর্যটকরা

পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আমাদের স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার পেয়ারাবাগান। সরু সরু খালের দুই পাড়ে দৃষ্টিনন্দন সারি সারি পেয়ারবাগান দেখে পর্যটকদের মন জুড়িয়ে যায়। মৌসুম শুরুতেই পেয়ারাবাগানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশি নৌকা ও ইঞ্জিনচালিত নৌকা চড়ে ঘুরে বেড়ান দূর-দূরান্ত থেকে আসা তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের প্রকৃতি প্রেমিক ভ্রমণ বিলাসীরা। আষাঢ় শ্রাবণ সময়টায় প্রতিদিন হাজারও দর্শনার্থীর ভিড়ে মুখরিত এখন বাংলার আপেল খ্যাত কুড়িয়ানার পেয়ারা বাগান। গ্রামীণ জনপদে বিনোদন প্রেমীদের জন্য মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পেয়ারাবাগান দিন দিন পরিণত হচ্ছে পর্যটনকেন্দ্রে। অথচ এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পেয়ারাবাগানে ঘুরতে আশা পর্যটকরা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে।

দুঃখজনক বিষয় এই যে সৌন্দর্যের পরিপূর্ণতা নষ্ট হচ্ছে মাত্রাহীন শব্দদূষণ ও অশ্লীলতার আগ্রাসনের কারনে।উচ্চমাত্রার সাউন্ড সিস্টেমে বাজানো অশ্লীল নৃত্যভঙ্গি আর গানের কারণে পর্যটনের পরিবেশ যেমন কলুষিত হচ্ছে, তেমনি স্থানীয়দের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। এই পেয়ারার মৌসুমে ঢাকাসহ দূর-দূরান্তের নানা বয়সি ভ্রমণপিপাসু অসংখ্য দর্শনার্থী আসেন পরিবার সহ । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আসেন পেয়ারা বাগান দর্শনে। বিশেষ করে ছুটির দিন শুক্র ও শনিবার বহু পর্যটকের সমাগম ঘটে এ এলাকায়। দেশি পর্যটকদের পাশাপাশি এ পেয়ারা বাগানে বিদেশি পর্যটকরাও আসে, বলতে গেলে সারা বছরই কমবেশি দর্শনার্থীদের আগমন ঘটে। পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার পেয়ার বাগান এখন বিরক্তির কারন হলো শব্দদূষণ ও অশ্লীলতা। আগ্রহ হারাচ্ছে পরিবার নিয়ে ঘুরতে আশা পর্যটকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা। কুড়িয়ানা ঘুরতে আশা ফিরোজ নামে একজন জানান, আমাদের স্বরুপকাঠি বরাবরের জন্য বিখ্যাত। যুগের অন্যতম শ্রেষ্ঠ মানুষেরা ছারছিনার অলিরা শুয়ে আছেন এই মাটিতে। স্বরুপকাঠির সর্বস্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদা স্বাচ্ছন্দ্যে মিলেমিশে বসবাস করেন তাদের প্রিয় জন্মভূমিতে।

তবে যুগের পরিক্রমায়, অশ্লীলতার চাদরে ঢেকে যাচ্ছে আমাদের স্বরুপকাঠি। আমরা আজ রুখে না দাড়ালে, অশ্লীলতায় ছেয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম। কুড়িয়ানা আর্য সম্মিলনী বিদ্যালয় এর প্রধান শিক্ষক বাবু তাপশকর তার নিজ ফেইসবুক আইডিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ট্যাগ করে পোষ্ট করেছেন, নেছারাবাদ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পেয়ারা মৌসুমে আটঘর কুড়িয়ানায় আগত উশৃংখল পর্যটকদের উৎপাত বন্ধে দয়া করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। নতুবা কুড়িয়ানা আর্য সম্মিলনী বিদ্যালয় তিন মাসের জন্য বন্ধ রাখার অনুমতি দিন।আমাদের শিক্ষার্থীদের পড়াশুনা চরম ব্যাঘাত ঘটে। কুড়িয়ানা পরিবার নিয়ে ঘুরতে আসা মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা, ওসি, ডিসি মহোদয়কে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে বলেন, কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাগানে পর্যটক ভ্রমণে শৃঙ্খলার অভাব ও নিরাপত্তার ঝুঁকিতে পর্যটকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তিনি আরো বলেন, কুড়িয়ানা, দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম স্থান, এখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজারো পর্যটককে আকৃষ্ট করছে। চোখ জুড়ানো এই অপরূপ দৃশ্য উপভোগ করতে আসে।

কিন্তু দুঃখজনক ভাবে লক্ষ্য করা যাচ্ছে, কিছু ট্রলারে উচ্চস্বরে ডিজে সাউন্ডে বাজানো হচ্ছে অশ্লীল গান ও রুচিহীন কথাবার্তা—যা এই মনোরম পরিবেশের সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। শিশু, নারীনিরাপত্তা ও পারিবারিক ভ্রমণের জন্য এটি যথেষ্ট অস্বস্তিকর ও লজ্জাজনক পরিবেশ সৃষ্টি করছে। এছাড়াও, পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। অধিকাংশ ট্রলারে নেই কোনও লাইফ জ্যাকেট, দুর্ঘটনা ঘটলে যাত্রীরা ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারেন। ট্রলারচালকরা খালের ভেতরে যথেচ্ছভাবে ট্রলার আডা আডি করে রাখায় অন্য অন্য ট্রলারগুলো চলাচলে বিঘ্ন ঘটে, যার ফলে যাত্রীদের নামা-ওঠা যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তেমনি সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা।

স্বরূপকাঠীর আটঘর কুড়িয়ানা কেবল একটি ভাসমান নৌকা বা পেয়ারার হাট না , এটি একটি প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। এই মৌসুমে বর্ষাকালীন পর্যটক অবশ্যই চলবে, কিন্তু সেটি হতে হবে মার্জিত শৃঙ্খলাবদ্ধ, পরিবেশবান্ধব ও সংস্কৃতিমনা সম্মত। সরকারের যথাযথ পরিকল্পনা, কঠোর বাস্তবায়ন এবং এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এখানেও গড়ে উঠতে পারে কেরালার মত বিশ্বমানের এক প্রাকৃতিক পর্যটনকেন্দ্র।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহেদুল ইসলাম জানান, বিষয়টি আমার জনরে এসেছে, আমি জরুরি ভাবে এ বিষয়ে পদক্ষেপ নিবো। একটি সার্কুলার জারি করবো এবং ঐ সার্কুলারটি নৌকায় নৌকায় টাঙানো থাকবে এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করানো হবে। আমি ওসি সাহেবের সাথেও এ ব্যাপারে কথা বলেছি বিশেষ করে সাউন্ড বক্স এবং অশ্লীল নৃত্যভঙ্গির বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ নিবো।

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এ হামলার জবাবে ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাঘাঁটি আল-আজরাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে অন্তত দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবিও করেছে তেহরান।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের আইআরজিসি গত দুই দিনে একটি মার্কিন যুদ্ধজাহাজকে দু’বার লক্ষ্য করার চেষ্টা করেছিল। তবে জাহাজটি সফলভাবে হামলা এড়িয়ে যায়।

সেন্টকমের দাবি, এরপর মার্কিন বাহিনী ওমান উপসাগরে থাকা ইরানের চারটি তেলবাহী জাহাজ—‘কাভিজ’, ‘চারমিনার’, ‘হরাইজন-১’ ও রিয়েস্কো—এবং খারগ দ্বীপের কাছে থাকা ‘দেরিয়া’ নামের আরেকটি জাহাজে হামলা চালায়।

 

হামলার আগে জাহাজগুলোর নাবিকদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। পরে মার্কিন বাহিনী এমন একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ‘রিয়েস্কো’ নামের একটি জাহাজকে ওমান উপসাগরে ডুবে যেতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি খারগ দ্বীপের কাছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধের আগে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমে হতো বলে জানানো হয়েছে।

আইআরআইবি জানায়, ওই হামলায় জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে ওমান উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জাস্ক বন্দরের কাছেও আরেকটি ইরানি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

পরে আইআরজিসি জানায়, মোট পাঁচটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করা হয়েছে।

 

এর জবাবে জর্ডানের আল-আজরাক মার্কিন ঘাঁটিতে ‘তীব্র ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর দাবি করেছে আইআরজিসি। হামলায় মার্কিন যুদ্ধবিমান রাখার কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা।

এ ছাড়া মার্কিন নৌবাহিনীর ‘ডিডিজ-১১৯’ ও ‘ডিডিজি-৫৩’ নামের দুটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেগুলোতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ করার দাবিও করেছে ইরান।

তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাগরে লঘুচাপের শঙ্কা, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
সাগরে লঘুচাপের শঙ্কা, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূবাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

প্রথম দিনের পূর্বাভাস (৯ সেপ্টেম্বর): ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিনের পূর্বাভাস (১০ সেপ্টেম্বর): রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তৃতীয় ও চতুর্থ দিনের পূর্বাভাস (১১-১২ সেপ্টেম্বর): ১১ সেপ্টেম্বর সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। ১২ সেপ্টেম্বর থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসে দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় স্থায়ী হতে পারে। এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।

পঞ্চম দিনের পূর্বাভাস (১৩ সেপ্টেম্বর): দেশের আটটি বিভাগেরই দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ময়লার স্তূপে পাশাপাশি পড়েছিল দুই নবজাতকের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
ময়লার স্তূপে পাশাপাশি পড়েছিল দুই নবজাতকের লাশ

বরিশাল নগরের ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তাদের একজন ছেলে ও অন্যজন মেয়ে। 

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্ট অফিস সংলগ্ন ময়লার স্তূপ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ দুটি প্লাস্টিকের বাটি চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির লাশ ওই স্থানে এসে থাকতে পারে।

কোতোয়ালী থানার ওসি আল মামুন ইসলাম বলেন, খবর পাওয়ার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল। থানা থেকে বিষয়টি জানানোর পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি দেখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হয়। পরে নবজাতক দুটির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়।

নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের লাশ ময়লার স্তূপে এলো- তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।