খুঁজুন
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র, ১৪৩৩

৫০০ কারখানায় কাঠের গন্ধ, খালে নৌকার সুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
৫০০ কারখানায় কাঠের গন্ধ, খালে নৌকার সুর

পিরোজপুরের স্বরূপকাঠির বলদিয়া ইউনিয়নের ডুবি গ্রাম। গ্রামে ঢুকতেই মনে হয় যেন এক বিশাল খোলা কর্মযজ্ঞ। বাতাসে ভাসছে তাজা কাঠের গন্ধ, খালে ভাসছে নতুন নৌকা। খালের ধার ঘেঁষে সারি সারি কারখানা—কোথাও কাঠ কেটে মাপ নেওয়া হচ্ছে, কোথাও বসানো হচ্ছে নৌকার পাটাতন।

উঠানে নৌকা, বারান্দায় নৌকা, এমনকি রান্নাঘরেও নৌকা—এ যেন গ্রামজুড়ে নৌকার উৎসব। এই উৎসব চলে সারা বছর, তবে বৈশাখ থেকে কার্তিক পর্যন্ত থাকে সবচেয়ে বেশি জমজমাট। তখন স্কুলগামী শিশুরাও হাত লাগায় নৌকা তৈরির কাজে। বর্ষায় এখানকার কর্মচাঞ্চল্য যেন দ্বিগুণ হয়।

খাল-বিলের গ্রামগুলোতে যাতায়াতের প্রধান ভরসা নৌকা। আর নৌকা তৈরির সবচেয়ে বড় কেন্দ্র এই ডুবি গ্রাম। স্থানীয়দের দাবি, গ্রামজুড়ে রয়েছে প্রায় পাঁচ শ ছোট-বড় নৌকা কারখানা, যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে ডিঙ্গি নৌকা। পেয়ারা সংগ্রহ থেকে বাজারজাতকরণ—সবই হয় এই নৌকায় করে।

আটঘর-কুড়িয়ানার পেয়ারা চাষিরা এই নৌকা ব্যবহার করেন, আর আশপাশের বিল অঞ্চলের মানুষ বছরের দুই-তৃতীয়াংশ সময় যাতায়াত করে এগুলোয় ভরসা করে।

প্রায় এক শতাব্দী আগে খালকেন্দ্রিক জীবনযাপন টিকিয়ে রাখতে এখানকার মানুষ শুরু করেছিল নৌকা বানানো। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ধারা আজও চলছে। শুধু নৌকা তৈরিই নয়, গড়ে উঠেছে শতবর্ষী নৌকার হাটও। প্রতি শুক্রবার সেখানে শত শত নৌকা বিক্রি হয়।

স্থানীয়দের মতে, বছরে কয়েক কোটি টাকার লেনদেন হয় এই হাটে।
নৌকা তৈরির প্রধান উপকরণ কাঠ, আর সেই কাঠের সবচেয়ে বড় বাজার স্বরূপকাঠির ইন্দুরহাটে। সন্ধ্যা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই কাঠের হাট।

ডুবি গ্রামের প্রবীণ কারিগর আব্দুল বারেক বলেন, ‘আমার দাদা আশ্বেদ আলীর হাত ধরে এই গ্রামে নৌকা বানানো শুরু হয়। তখন সুন্দরবনের শাল, সেগুন আর সুন্দরী কাঠ দিয়ে একটি নৌকা বানাতে দুই সপ্তাহ লেগে যেত। পরিবারের সবাই মিলে কাজ করতাম। বাবা আতাহার আলীও ছিলেন নৌকার কারিগর। বাবার কাছ থেকেই পাঁচ ভাই এই পেশায় হাতেখড়ি নিয়েছি। এখন যন্ত্রপাতি বদলেছে, কাঠ বদলেছে, কিন্তু হাতের কাজের টান আগের মতোই আছে। এখন দুজন মিলে এক দিনে একটি নৌকা তৈরি হয়ে যায়।’

কারিগর কবির হোসেন জানান, বর্ষাকালে বরিশালের আগৈলঝাড়া, উজিরপুর, পিরোজপুরের স্বরূপকাঠি, নাজিরপুর এবং গোপালগঞ্জের বিস্তীর্ণ জলাভূমিতে নৌকা ছাড়া চলাচল প্রায় অসম্ভব। মৌসুম এলেই চাহিদা এত বেড়ে যায় যে অর্ডারের তালিকা দীর্ঘ হতে থাকে। বিশেষ করে স্বরূপকাঠি, বানারীপাড়া ও ঝালকাঠির পেয়ারা চাষিরা নৌকায় করে বাগান থেকে পেয়ারা সংগ্রহ করেন এবং অন্যান্য কৃষিপণ্য বাজারে পৌঁছে দেন।

ডুবি গ্রামের অন্তত ২০ জন কারিগরের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি কারখানায় ৩-৫ জন মিস্ত্রি নিয়মিত কাজ করেন। রেইন্ট্রি, চাম্বল ও কড়াই কাঠ দিয়েই তৈরি হয় নৌকার গা। ১৮ ফুট লম্বা ছোট নৌকা বানাতে দুজনের লাগে এক দিন, মাঝারি নৌকা শেষ হতে লাগে দুই দিন। নকশা করা নৌকা তৈরি করতেও কেউ কেউ পারদর্শী। বায়না ছাড়া সাধারণত নৌকা বানানো হয় না; অর্ডারের নৌকা তৈরিতে সময় লাগে প্রায় এক সপ্তাহ।

বাজার থেকে কাঠ কিনে স্ব-মিলে চেরাই করিয়ে কারখানায় আনা পর্যন্ত সব কাজ নিজেরাই করেন কারিগররা। কাঠের ধরন অনুযায়ী দামের তারতম্য হয়—ছোট নৌকা বিক্রি হয় ২,৮০০ টাকায়, মাঝারি নৌকা ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায়। ব্যবসায়ীরা এগুলো কিনে আটঘর-কুড়িয়ানার হাটে নিয়ে যান, যেখানে দাম বেড়ে দাঁড়ায় ৩,৫০০ থেকে ৪,৫০০ টাকা। বর্ষায় চাহিদা বেশি থাকায় দাম আরো বেড়ে যায়। প্রতিটি নৌকা বিক্রিতে খরচ বাদ দিয়ে কারিগররা গড়ে ৫০০ টাকা লাভ পান।

ডুবি গ্রামের শত শত পরিবার প্রজন্ম ধরে এই পেশায় জড়িত। বর্ষাকালে গ্রামটির অর্থনীতিতে কয়েক কোটি টাকার লেনদেন হয়। তবু সরকারি নিবন্ধন না থাকায় তারা সুবিধাবঞ্চিত, এমনকি সরকারি আর্থিক সহায়তাও পান না।

৩০ বছর ধরে নৌকা বানানো মাসুম মিস্ত্রি জানান, বৈশাখ থেকে কার্তিক পর্যন্ত মাসে গড়ে ২০ হাজার টাকা আয় হয়। একটি বেসরকারি সংস্থা থেকে তিনি ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন, যা সুদসহ ৪৬ কিস্তিতে পরিশোধ করতে গিয়ে এখন আর্থিক চাপে আছেন। সরকারি সহজ শর্তের ঋণ সুবিধা থাকলেও বিসিকে গিয়ে দেখেছেন, সেখানে একজন সরকারি কর্মচারীর সুপারিশ ছাড়া ঋণ পাওয়া যায় না। সেই জামিনদার জোগাড় না করতে পারায় তিনি সরকারি সহায়তা পাননি।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পিরোজপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক এইচ এম ফাইজুর রহমান জানান, ক্ষুদ্রঋণ প্রকল্প চালু আছে, তবে ঋণ পেতে সরকারি একজন কর্মচারীর জামিনদার থাকতে হয়। এ কারণে ডুবি গ্রামের কারিগরেরা ৬ শতাংশ সুদে এক থেকে পাঁচ লাখ টাকার ঋণ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, অন্তত ৫০০ পরিবারের দুই হাজারের বেশি মানুষ সরাসরি এই পেশায় জড়িত। কালের কণ্ঠ

 

মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায়। এটাকে তিনি ‘নতুন আঞ্চলিক বিন্যাস’ হিসাবে অভিহিত করেন। তার দাবি, সেই ব্যবস্থায় বিদেশি শক্তিগুলো দ্রুত তাদের প্রভাব হারাচ্ছে। আবু মাহদি আল-মুহান্দিস ও কাসেম সোলেইমানির কথা উল্লেখ করে বুধবার এক্স-এ দেওয়া পোস্টে গালিবাফ লেখেন, ‘প্রিয় আবু মাহদি ও হাজ কাসেম! এটি আপনাদের সংগ্রাম ও পবিত্র রক্তের ফসল।

আলজাজিরা জানায়, আবু মাহদি আল-মুহান্দিস ছিলেন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একজন জ্যেষ্ঠ কমান্ডার। আর কাসেম সোলেইমানি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তারা দুজনেই নিহত হন।

গালিবাফ বলেন, ‘নতুন আঞ্চলিক বিন্যাসে বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে আসছে; যুক্তরাষ্ট্র এ অঞ্চল থেকে সম্মানজনকভাবে সরে যাওয়ার পথ খুঁজছে। নদী থেকে সমুদ্র (রিভার টু দ্য সি) পর্যন্ত বিস্তৃত জায়গাজুড়ে জায়নবাদী শাসনব্যবস্থার যে প্রকল্প ছিল, তা এখন কেবলই এক অলীক স্বপ্নে পরিণত হয়েছে।’

 

ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের : দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে-এমন অভিযোগে ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে তেহরান হামলার অভিযোগ অস্বীকার করেছে। বুধবার ভোরের দিকে দেওয়া বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে এমন উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে যাবতীয় বাণিজ্য, বাণিজ্যিক আদান-প্রদান এবং আর্থিক লেনদেন স্থগিত করা হয়েছে।’ আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বারা তার দেশের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের প্রেক্ষাপটে এটি একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ (অন্যের ওপর দোষ চাপানোর উদ্দেশ্যে সাজানো কোনো ঘটনা) হতে পারে।

 

বাঘাই সতর্ক করে বলেন, এ দাবি ‘সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির পরিপন্থি।’ তিনি আঞ্চলিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা তেহরানের বিরুদ্ধে উত্থাপিত এসব ভিত্তিহীন অভিযোগ থেকে দূরে থাকে। তিনি আরও যুক্তি দেন, পরিস্থিতির যে কোনো নিরপেক্ষ মূল্যায়নে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড’কেও বিবেচনায় নিতে হবে।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ : যুদ্ধের প্রথম ছয় সপ্তাহে ইরান অন্য যে কোনো উপসাগরীয় দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) লক্ষ্য করে সবচেয়ে বেশি প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল। তারা যুক্তরাষ্ট্রের সম্পদ বা স্থাপনা হিসাবে চিহ্নিত লক্ষ্যবস্তুর ওপর ৫৩০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ডজনখানেক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছিল। তবে হামলা চালিয়ে কখনোই দায় অস্বীকার করেনি ইরান। সেক্ষেত্রে এবারের হামলা কারা চালিয়েছে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

 সোহেল রানাঃ তালতলীতে বিএনপির দুই গ্রুপের পালটাপালটি সভা কেন্দ্র করে দুদিন ধরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে ১টি ইয়ারগান এবং বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার গাবতলী এলাকা থেকে আটকরা হলো- তালতলীর আঙ্গারপাড়ার লিমন সিকদার, কলাপাড়ার চাকামইয়া এলাকার অনিক মজুমদার, বরগুনার কেওরাবুনিয়ার মো. জামাল, নরাইলের লোহাগড়ার জিহাদ খান ও বরগুনার কেওরাবুনিয়ার হৃদয় মোল্লা।

জানা যায়, গত শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের দেওয়া একটি বক্তব্য কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরই জেরে দুই গ্রুপ বুধবার পালটাপালটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

পরে গাবতলী এলাকায় ৫ জনকে আটক করে পুলিশ। বিকালে মাহবুবুল আলম মামুনের চাচাতো ভাই আল আমিনের বাড়ি থেকে ১টি এয়ারগান উদ্ধার করে যৌথ বাহিনী। মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, জেলা বিএনপির প্রকাশ্য মদদে আমার লোকজনদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

আজকের সমাবেশে সন্ত্রাসী হামলা করার জন্য বহিরাগতদের ভাড়া করে এনেছে। মাহবুবুল আলম মামুন বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে আমি অবগত না। ওসি সাইদুল ইসলাম বলেন, এখনোও যৌথ বাহিনীর অভিযান চলছে।

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য পেয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। খবর এসপিএ’র।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই কুরআনের হাফেজ। এবারের প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী।

পাঁচটি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন। বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য এক কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।