খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

হিজলায় পাউবো’র নোটিশ অমান্য করে ভবন নির্মাণ

হিজলা প্রতিনিধি :
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
হিজলায় পাউবো’র নোটিশ অমান্য করে ভবন নির্মাণ

বরিশালের হিজলা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নোটিশ জারি সত্ত্বেও অবৈধভাবে ভবন নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। জানা গেছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী বিএনপি ও যুবদল ছাত্রদলের কয়েকজন ব্যক্তির সহযোগিতায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িতরাও প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাত-দিন বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড, হিজলা শাখা সূত্রে জানা যায়, খালের তীর সংরক্ষণ এলাকা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে সম্প্রতি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন এর বান্দের হাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু বক্কর তালুকদার ও গোলাম সারোয়ার খোকন তালুকদার এর বিরুদ্ধে দুইটি পৃথক নোটিশ জারি করা হয়। তাদের অবিলম্বে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেনি।

এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, অবৈধ দখলদাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনের তোয়াক্কা না করে সরকারি সম্পত্তি দখল করছে। এতে একদিকে খালের প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হচ্ছে, অন্যদিকে দীর্ঘমেয়াদে তীর রক্ষা বাঁধ ও জননিরাপত্তা হুমকির মুখে পড়বে।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সরকারি জলাধার ও নদী তীর দখল করে ভবন নির্মাণ আইনে দণ্ডনীয় অপরাধ। নোটিশ অমান্য করায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। এ বিষয়ে হিজলা উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে একই ইউনিয়ন এর মাষকাটা গ্রামের আলী বেপারী দাবী করেন দীর্ঘদিন যাবত আমার ক্রয় সুত্রে মালিকানাধীন জমিটি আমি ভোগ করে আসছিলাম। কিন্তু বিগত ৫ ই আগস্ট এর পরবর্তী সময় স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল ও একজন ছাত্রদল নেতার ছত্রছায়ায় খলিল নামের একজন ব্যবসায়ী আমার জমিটির দিকে নজর দেয় আজ কোর্ট এর স্থগিত আদেশ অমান্য করে তার দলবল নিয়ে জায়গাটিতে ঘর নির্মাণ করে।

স্থানীয় সচেতন মহল অবিলম্বে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ ও নদী রক্ষায় প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার দাবি জানিয়েছেন।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।