খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন বরগুনার মনির

বরগুনা প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন বরগুনার মনির

পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন বরগুনার মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম নিজের উদ্ভাবিত বিশেষ যন্ত্রকে কাজে লাগিয়ে বিনা খরচেই উৎপাদন করছেন বিদ্যুৎ। আর সেই বিদ্যুতে একসাথে জ্বলছে অর্ধ শতাধিক বৈদ্যুতিক লাইট।

বরগুনা সদর উপজেলার পুরাকাটা গ্রামের মনিরুল ইসলাম। স্লুইস গেট দিয়ে পানি প্রবেশের মুখে তিনি বসিয়েছে নিজের উদ্ভাবিত বিশেষ যন্ত্র, যা স্রোতের ধাক্কায় ঘুরে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। প্রকৃতির শক্তিকে হাতের মুঠোয় এনে আলোর উৎসব ছড়িয়ে দেওয়ার অনন্য এ সফল উদ্ভাবনে গর্বিত ও আনন্দিত এলাকাবাসী।

বরগুনার পায়রা নদীতে দিনে দু’বার জোয়ারের পানি বৃদ্ধি পায়। তাই ২৪ ঘন্টার মধ্যে ১৫ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত মনিরের এই উদ্ভাবিত পদ্ধতিতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান তিনি। পর্যাপ্ত সুযোগ পেলে, বিনা পয়সায় গ্রামের পর গ্রাম আলোকিত করতে – পানির স্রোত যেখানে আছে, সেখানেই এই প্রযুক্তি কাজে লাগাতে চান উদ্ভাবক মনির।

এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, তিন মাসের প্রচেষ্টায় মাত্র ৭০ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ উৎপাদনের এই পদ্ধতি উদ্ভাবন করেছেন তিনি। তিনি একজন জ্বালানি তেল বিক্রেতা। এই তেল বিদেশ থেকে আনতে হয়। বিদেশের উপর নির্ভরশীলতা কমাতে এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন একটি কার্যকরী পদ্ধতি হতে পারে বলে মনে করেন এই উদ্ভাবক।

উদ্ভাবনী এই কাজের সহযোগী মেকানিক জাহিদ বলেন, স্লুইসের ভিতরে সকল ধরনের মাপ সঠিকভাবে বুঝিয়ে দেয়ার ফলে কাজটি যথা সময়ে এবং সঠিকভাবে করতে পেরেছেন।

নামমাত্র খরচে প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে অভিনব পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে বিদ্যুৎ। আর সেই বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে গ্রাম। স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, এভাবে এগিয়ে গেলে দেশের জন্য সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।