খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

লবণাক্ত জমি থেকে ‘সবজি রাজ্য’, সওদাগরপাড়ায় এখন কৃষির বিপ্লব

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
লবণাক্ত জমি থেকে ‘সবজি রাজ্য’, সওদাগরপাড়ায় এখন কৃষির বিপ্লব

স্টাফ রিপোর্টার : বরগুনার তালতলী উপজেলার সওদাগরপাড়া গ্রাম একসময় ছিল চরম লবণাক্ততার শিকার। নদী ও সাগরের সংস্পর্শে থাকা পাঁচ হাজার একরের বেশি জমিতে বছরে কেবল আমন ধানই হতো, বাকি সময় জমিগুলো পড়ে থাকতো অনাবাদি। কিন্তু আজ সেই ছবিটা বদলে গেছে। এখন ২৭৫ একর জমিতে বছরজুড়ে হয় সবজি চাষ। একে ঘিরে বদলে গেছে এলাকার কৃষি, জীবিকা ও অর্থনীতি। জন্ম নিচ্ছে পর্যটনের নতুন সম্ভাবনাও।

‘কান্দি পদ্ধতি’ বদলে দিল সব
এই কৃষি বিপ্লবের নেপথ্যে আছেন গ্রামেরই একজন কৃষক, শাহাদাত হোসেন মাতুব্বর। তিনি উদ্ভাবন করেন বিশেষ এক চাষপদ্ধতি, যার স্থানীয় নাম ‘কান্দি’।

এই পদ্ধতিতে জমির চারপাশের মাটি কেটে মাঝখানে উঁচু বেড তৈরি করা হয়। এতে লবণাক্ততা কমে, আর বৃষ্টির পানি জমে সেচের কাজে লাগে। শাহাদাতের ভাষায়, বেড সমতল থেকে সাড়ে তিন ফুট উঁচু, তাই লবণ ছড়াতে পারে না। এখন বোরো ধানও হয়।

এই পদ্ধতির মাধ্যমে বর্তমানে শতাধিক কৃষক বাণিজ্যিকভাবে চাষ করছেন। ধান ছাড়াও হচ্ছে পেঁপে, কলা, বেগুন, লাউ, সূর্যমুখীসহ বিভিন্ন সবজি ও ফলের চাষ।

ব্যাংকের চাকরি ছেড়ে কৃষিতে সফল রাসেল
গ্রামেরই আরেক তরুণ ইমরান হোসেন রাসেল নিজের জীবনে বড় ঝুঁকি নিয়ে সফল হয়েছেন কৃষিতে। এক সময় ব্যাংকে চাকরি করতেন, পরে তৈরি পোশাক সরবরাহ ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যবসায় বড় ক্ষতির পর ফিরে আসেন নিজ গ্রামে।

পারিবারিক ২৪ একর জমিতে শুরু করেন মাছ ও সবজি চাষ। এখন তার বাৎসরিক আয় ২০ থেকে ২৫ লাখ টাকা। রাসেল বলেন, পুকুরপাড়ের অব্যবহৃত জমিতে সবজি চাষ করছি। এটি সাপ্তাহিক আয়েও সাহায্য করছে। শাহাদাত হোসেনের সহযোগিতায় আরো আধুনিকভাবে কৃষিকে এগিয়ে নিচ্ছেন তিনি।

গ্রামে ফিরছে মানুষ, বাড়ছে আয়
শুধু রাসেল নন, অনেকেই শহর ছেড়ে ফিরছেন গ্রামে। যেমন, সামসুল হক যিনি ১০ বছর আগে কাজের সন্ধানে গিয়েছিলেন চট্টগ্রামে। এখন গ্রামে ফিরে বছরে প্রায় ছয় লাখ টাকা আয় করছেন সবজি চাষ থেকে। কলেজছাত্র বায়েজিদ লেখাপড়ার পাশাপাশি আড়াই বিঘা জমিতে সবজি চাষ করছেন। বছরে আয় করছেন চার লাখ টাকা। নারীরাও যুক্ত হচ্ছেন চাষাবাদে। ফলে শুধু কৃষিই নয়, পুরো গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ। স্থানীয় কৃষক মিজান পঞ্চায়েত বলেন, আগে বিকল্প কাজের জন্য শহরে যেতাম, এখন আর যেতে হয় না। গ্রামের মধ্যেই বছরে চার-পাঁচ লাখ টাকা আয় করছি।

কৃষি ও পর্যটনের সমন্বয়
তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস জানান, বর্তমানে সওদাগরপাড়ায় ২৭৫ একর জমিতে কান্দি পদ্ধতিতে সবজি উৎপাদন হচ্ছে। প্রায় ২০০ কৃষক এই কাজে যুক্ত। বছরে প্রায় ১০০ মণ সবজি উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় আট কোটি টাকা। এলাকার এই সাফল্য পর্যটনেরও দরজা খুলে দিচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, শহর থেকে মানুষ আসছে খেত দেখতে, ছবি তুলছে, সন্তানদের প্রকৃতির কাছে নিয়ে আসছে। কৃষক টুটুল মিয়া বলেন, শহরের মানুষ আসছে, খেত ঘুরছে। চাই এটার প্রসার হোক।

জল তরণী পর্যটন সংস্থার পরিচালক আরিফুর রহমান বলেন, ‘এটা এক ধরনের অ্যাগ্রো-ট্যুরিজম। উপকূলের লোনা জমিতে কৃষি ও পর্যটনের সংযোগ এখনো নতুন বিষয়। কিন্তু এটি সফলভাবে বাস্তবায়ন করতে চাইলে এখনই প্রয়োজন স্থানীয় সরকার ও জেলা পর্যটন বিভাগের সুনির্দিষ্ট পরিকল্পনা। গেস্ট হাউস, নৌকা ভ্রমণ, পর্যটক সুবিধা থাকলে এটি জেলাকে আরো এগিয়ে নিয়ে যাবে।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।