খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

রুপালি ইলিশের গল্পে জেলেদের শোকগাথা

চরফ্যাশন প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
রুপালি ইলিশের গল্পে জেলেদের শোকগাথা

নদী বা সাগরে রুপালি ইলিশ আহরণ শুধু অর্থনীতি আর স্বাদের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য জেলে পরিবারের কান্না। মাছ ধরতে যাওয়া জেলেরা প্রায়ই ঝড়-জলোচ্ছ্বাসের কবলে পড়ে নিখোঁজ বা নিহত হন। অভিযোগ আছে, নিষেধাজ্ঞা বা বৈরী আবহাওয়ার মধ্যেও তাদের সাগরে পাঠান মালিকরা। কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে খোঁজও নেন না। শাহে আলমের স্ত্রীর মতো বছরের পর বছর অপেক্ষায় থাকেন নিখোঁজের স্বজনরা। জানতে পারেন না প্রিয়জন বেঁচে আছেন নাকি মারা গেছেন।

জেলে শাহে আলমের বাড়ি ভোলার চরফ্যাশনের নীলকমল ইউনিয়নে। ২০২৪ সালের ২৬ জুলাই সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। স্বামীর অনুপস্থিতিতে দুই মেয়েকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন স্ত্রী নেকু। একটি মেয়ে বিয়ের উপযোগী, অপরজনের পড়ালেখা বন্ধ। হাঁস-মুরগি পালন আর অন্যের বাসায় কাজ করে কোনো রকমে সংসার চলছে। নেকু বলেন, মৎস্য অফিস থেকে একবার কিছু টাকা পেয়েছিলাম, ভাইয়েরাও সাহায্য করেছেন। কিন্তু আর কত সাহায্য করবেন? সরকার যেন আমাদের মতো পরিবারগুলোর পাশে দাঁড়ায়।

জানা গেছে, ২০২২ সালের ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ৭টি টলার ডুবে যায়। এরমধ্যে ‘নুসরাত’ ট্রলারের ২০ জন ‘শারমিন’র ৮ জন ‘এফবি তিন্নি’র ৬ জন ‘এফবি আম্মাজান’র ১১ জনসহ মোট ৭৮ জেলে নিখোঁজ হন। এরমধ্যে ভারতের কারাগার থেকে দুই দফায় ৩৬ জন জেলে উদ্ধার হন। এখনো নিখোঁজ রয়েছেন ৪২ জন। তাদের বাড়ি চরফ্যাশন ও মনপুরা উপজেলায়। একই ঝড়ে চরফ্যাশনের মায়া ব্রিজ এলাকার মনির মাঝির ট্রলারটি ২২ মাঝিমাল্লা নিয়ে ডুবে যায়। এরমধ্যে কাউকে এখনো পাওয়া যায়নি। নিখোঁজ মনির মাঝির স্ত্রী নুসরাত বেগম বলেন, মালিকপক্ষ নিষেধাজ্ঞার মধ্যেও তাদের সাগরে পাঠায়। এমনকি দুর্ঘটনার বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দিয়েছিল। সরকার বা মালিকপক্ষ নিখোঁজদের সন্ধানে কোনো তৎপরতা চালায়নি। অভাব-অনটনের মধ্যে দিন কাটালেও কেউ খোঁজ নেয়নি।

মনির মাঝির ট্রলারে ছিলেন চর কলমি ইউনিয়নের নাংলা পাতা গ্রামের তৈয়ব, কবীর ও আবুল কাশেম। পরিবারের একমাত্র উপার্জনকারীর অনুপস্থিতিতে তাদের পরিবারেও নেমে এসেছে চরম দুদর্শা। আবুল কাশেমের ভাই মিজান বলেন, মালিকপক্ষের লোভের কারণে আমরা আজ নিঃস্ব। সাগরে গিয়ে প্রাণ গেলে বিচার বা সাহায্য কিছুই পাওয়া যায় না।

চরফ্যাশন উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্য মতে, উপজেলায় প্রায় ৯০ হাজার জেলে রয়েছেন। এরমধ্যে নিবন্ধিত জেলে ৪৪ হাজার ২৮১ জন। এ অঞ্চলে প্রায় ১২ হাজার ট্রলার ও নৌকা রয়েছে। এছাড়া গভীর সমুদ্রগামী ৭ হাজার ট্রলার রয়েছে। ২০১৫ সালে ১১ জন, ২০১৬ সালে ১৯ জন, ২০১৭ সালে ৫ জন, ২০১৯ সালে ৪৮ জন, ২০২০ সালে ৯ জন, ২০২১ সালে ৯ জন, ২০২২ সালে ১২ জন, ২০২৩ সালে ৩৫ জন, ২০২৪ সালে ১১ জন জেলে নদী বা সাগরে নৌকা ডুবিতে নিখোঁজ বা প্রাণ হারিয়েছেন।

জানা যায়, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে নৌকা ডুবিতে প্রাণ হারানো জেলে পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। ২০১৯ থেকে ২০২১ এবং ২০২৩ ও ২০২৪ সালে নিখোঁজ জেলেদের পরিবারকেও অনুদান দেওয়া হয়েছে। তবে ২০১৮ ও ২০২২ সালে নৌকা ডুবিতে প্রাণ হারানো জেলেরা সরকারি অনুদান পাননি।

উপজেলা মৎস্য কার্যালয় আরও জানায়, নিহত জেলেরা চর মাদ্রাজ, আসলামপুর, মাদ্রাজ, জিন্নাগড়, আমিনাবাদ, আবুবকরপুর, আহম্মদপুর, ওসমানগঞ্জ, এওয়াজপুর, হাজারীগঞ্জ, জাহানপুর, রসলপুর, চর মনিকা, চর কুকরি মুকরি, চর পাতিলা, নজরুল নগর, মুজিব নগর, ঢালচর, নুরাবাদ, নীলকমল, আব্দুল্লাহপুর, চরকলমী এলাকার। এদের কারো লাশ পাওয়া গেলেও খোঁজ মেলেনি অনেকের। স্থানীয় ট্রলার মালিক সমিতির সভাপতি রফিক মাস্টার বলেন, শাহে আলম সাহসী ও অভিজ্ঞ জেলে ছিলেন। কিন্তু ঘূর্ণিঝড়ের সময় মালিকরা তাকে মাছ ধরতে পাঠান।

সামরাজ মৎস্যঘাট জেলে সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, উপকূলীয় এলাকার ৯০ শতাংশ বাসিন্দা জেলে। তারা জীবিকার তাগিদে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরতে যান।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নিখোঁজ বা নিহত জেলেদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি জেলে পরিবারকেও একই হারে অর্থ দেওয়া হবে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।