খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

মেঘনার ভাঙনে বিলীনের পথে মনপুরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
মেঘনার ভাঙনে বিলীনের পথে মনপুরা

মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ভোলার মনপুরা উপজেলার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটনকেন্দ্র দখিনা হাওয়া সৈকতের বেশ কিছু অংশ। ফলে দূরদূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা সেখানে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক ভাঙনে উপজেলার দক্ষিণ সাকুচিয়া, উত্তর সাকুচিয়া, মাস্টার হাট, দাসের হাট, রামনেওয়াজ এলাকাসহ বেশ কয়েকটি গ্রামে বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমন অবস্থায় স্থানীয় সমাজসেবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) নির্দেশ দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় এলাকা দ্বীপ উপজেলা মনপুরা। এখানকার ম্যানগ্রোভ বনের পাশাপাশি বিস্তীর্ণ বেলাভূমি ও জীববৈচিত্র্য মুগ্ধ করে পর্যটকদের। উপজেলা পরিষদের পাঁচ দিঘি, চৌধুরী ফিশারিজ প্রজেক্ট ও মেঘনা নদীর ওপর ৫০০ মিটার দীর্ঘ মনপুরা ল্যান্ডিং স্টেশন এখানকার বেশ জনপ্রিয় স্থান। ২০২০ সালে দ্বীপে গড়ে তোলা হয় পর্যটনকেন্দ্র দখিনা হাওয়া সি বিচ। দ্বীপের নিস্তব্ধতায় সেখানে সহজেই হারিয়ে যেতেন ভ্রমণপিপাসুরা। সৈকতে একসময় পর্যটকদের ভিড় থাকায় গড়ে উঠেছিল ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান। জমজমাট ছিল পুরো এলাকা।

এখন মেঘনার ভাঙনে বিলীন হয়ে গেছে দক্ষিণা হাওয়া সি বিচের কিছু অংশ। পর্যটকেরা জানান, মনপুরার এই সৈকতে এলে আগে অনেকটা কক্সবাজারের মতো অনুভূতি হতো। কিন্তু এখন শুধু বিস্তীর্ণ ভূমি। ব্যবসায়ীরা বলছেন, আগে সৈকতটি ঘিরে ব্যবসা-বাণিজ্য ছিল বেশ রমরমা। এখন তেমন পর্যটক না আসায় ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে।

মনপুরা মনোয়ারা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন বলেন, দক্ষিণা হাওয়া সি বিচটি আর আগের মতো নেই। নদীভাঙনে এটি প্রায় বিলীনের পথে। সম্প্রতি কয়েকবার বন্যার কারণে এটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে বর্ষার কারণে ভাঙন রোধে পাউবোর কাজও আপাতত বন্ধ রয়েছে।

নদীভাঙন রোধে স্থানীয় সমাজসেবক ছিদ্দিক উল্লাহ ১৩ জুলাই পানিসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ১৭ জুলাই পাউবোকে নির্দেশ দেয়।

এ বিষয়ে ছিদ্দিক উল্লাহ গতকাল সোমবার বলেন, ‘অব্যাহত নদীভাঙনে হুমকির মুখে দখিনা হাওয়া সি বিচসহ পুরো মনপুরা উপজেলা। যার কারণে আমি পানিসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করি। মন্ত্রণালয় গুরুত্ব অনুধাবন করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এরপরও যদি পাউবো কর্তৃপক্ষ ভাঙন রোধে ব্যবস্থা না নেয়, তাহলে দায়িত্ব অবহেলার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে ভোলা-২ পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাদ মো. আসফাউদদৌলা বলেন, মনপুরা দখিনা হাওয়া সি বিচটির কিছু অংশ আগে নদীভাঙনের ফলে বিলীন হয়েছে। পরে সি বিচটি রক্ষায় বেড়িবাঁধ করার পর এখন আর ভাঙছে না। তবে মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিত মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দিয়েছে, সে বিষয়ে একটি প্রকল্প ঢাকায় পাঠানো হবে। সেটি পাস হলে ভাঙন রোধে প্রকল্পের কাজ শুরু হবে। তখন সি বিচটি আবার জেগে উঠবে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।