খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

মুলাদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ দোকান পুড়ে ছাই

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
মুলাদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার : বরিশালের মুলাদী উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আড়াইটার দিকে মুলাদী সদর ইউনিয়নের পশ্চিম চরলক্ষীপুর গ্রামের নন্দীর বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকানপাট বন্ধ করে বাজারের ব্যবসায়ীরা যে যার মতো করে বাড়িতে চলে যান। রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঘটলে প্রথমে স্থানীয়রা ও পরে ব্যবসায়ীরা এসে সাধ্যমতো আগুন নেভানোর চেষ্টা করেন। দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মুদি এবং মনোহারীসহ ২৭টি দোকান পুড়ে ছাই হয়। এসব দোকানের কোনো মালামাল উদ্ধার করা যায়নি।

নন্দীর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম শরীফ বলেন, অগ্নিকাণ্ডে ২৭টি দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. জাকির হোসেন বলেন, রাত আড়াইটার দিকে শাহিনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে, তবে মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একে একে ২৭টি দোকান পুড়ে যায়।

তিনি বলেন, নন্দীর বাজারের আগের একটি ব্রিজের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।

এ বিষয়ে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি জানা গেছে, তবে বাজারে থাকা দোকানে তেলের ড্রামের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলমান। সেই সঙ্গে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।