খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

মাদ্রাসার সংস্কার হয়নি ২২ বছরেও, ঝুঁকিতে পাঠদান

বাউফল প্রতিনিধি :
প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
মাদ্রাসার সংস্কার হয়নি ২২ বছরেও, ঝুঁকিতে পাঠদান

দীর্ঘ ২২ বছরেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লাগেনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের রাজাপুর ছালেহিয়া দাখিল মাদ্রাসায়। ফাটল ধরা দেয়াল ও ছাদ, খসে পড়া পলেস্তারা, ভাঙাচোরা দরজা-জানালা আর বৃষ্টির পানি চুঁইয়ে পড়া—এসব ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে পাঠদান। ফলে আতঙ্কে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, ২০০৩ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত চার কক্ষবিশিষ্ট ভবনেই এখনো চলছে পড়াশোনা। বর্তমানে দুটি কক্ষে নবম ও দশম শ্রেণির ক্লাস হয়। একটি কক্ষ সুপারের অফিস হিসেবে, অন্যটি শিক্ষক মিলনায়তন হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি রয়েছে একটি টিনশেড ঘর, যার অবস্থা আরও নাজুক। বর্ষায় ছাদ দিয়ে পানি ঝরে পড়ে, চারপাশে জমে থাকে কাদাপানি।

জানতে চাইলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আসাদুল বলেন, ‘ভবনের অবস্থা এত খারাপ যে সব সময় আতঙ্কে থাকি। কখন যে ছাদের পলেস্তারা খসে পড়ে কিংবা পুরো ছাদ ধসে পড়ে, সে ভয় নিয়ে ক্লাস করি।’ সপ্তম শ্রেণির ছাত্রী মানসুরা আক্তার বলে, ‘টিনের ফুটো দিয়ে পানি পড়ে কাদার মধ্যে বসে পড়তে হয়। বইপত্র ভিজে যায়। ঝড় হলে পুরো ঘর দুলে ওঠে, তখন ভয়ে থাকি।’

প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা মো. আল-আমিন বলেন, ‘এলাকার সন্তানরা আতঙ্কের মধ্যে পড়াশোনা করছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’ সহকারী শিক্ষক আনিসুর রহমান বলেন, ‘ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীরা ভয়ে অমনোযোগী থাকে। বর্ষায় উপস্থিতিও কমে যায়। তাই নতুন ভবন জরুরি।’

মাদ্রাসার সুপার মাওলানা লোকমান হোসেন বলেন, ‘পাঁচ বছরেরও বেশি সময় ধরে ভবনটির অবস্থা নাজুক। একাধিকবার আবেদন করলেও সুফল পাইনি।’ ম্যানেজিং কমিটির সভাপতি মো. বেল্লাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফল করছে। নতুন ভবন হলে ফল আরও ভালো হতো। আমি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ বিষয়ে বাউফল উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরনবী বলেন, ‘এ মাদ্রাসার ফল ভালো। শিক্ষার্থী-শিক্ষক সবকিছু আছে, শুধু অবকাঠামো নেই। নতুন ভবন অত্যন্ত জরুরি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ‘মাদ্রাসাটি পরিদর্শন করে অবকাঠামো উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।