খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

মঠবাড়িয়ায় বৃদ্ধ চা দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৩২ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় বৃদ্ধ চা দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার (১৯ অক্টোবর) রাত নয়টার দিকে উপজেলার বড় শৌলা গ্রামের সোনা উদ্দিনের বাড়ির সামনের সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আলম গতকাল রবিবার রাতে তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।

এ সময় পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে রাজু নামে একজনকে আটক করে।

স্থানীয়রা জানান, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ খবর পেয়ে ঘটনার দিন রাতেই হত্যাকাণ্ডে জড়িত রাজু (২৫)-সহ ৩ জনকে আটক করে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হোসেন বলেন, ‘বকেয়া পাওনা টাকা চাওয়ার জন্য আমার সামনেই অনেকবার আমার বাবার সঙ্গে তাদের ঝগড়া হয়েছে। ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে কুপিয়ে তাকে হত্যা করা হয়। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর আব্দুল হালিম তালুকদার বলেন, ‘এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ছোট ছেলে সরোয়ার হোসেন বাদী হয়ে এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।