খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

ভারতীয় সীমান্তে আটক ভোলার ১৯ জেলে, পরিবারে দুশ্চিন্তা

ভোলা প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
ভারতীয় সীমান্তে আটক ভোলার ১৯ জেলে, পরিবারে দুশ্চিন্তা

ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের শান্তিরহাট মাছঘাট থেকে গত ৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া ১৯ জেলের মধ্যে একজন রাজিব চন্দ্র দাস (৩৫)। বাড়িতে প্রত্যাবর্তনের কথা বলে ৭‑৮ দিনের জন্য মাছ শিকারে যান রাজিব; মেয়েরা নতুন পোশাকের জন্য বায়না ধরেছিল। কিন্তু ১৮ দিন পার হলেও তিনি বাড়ি ফেরেননি, পরিবারের মধ্যে শুরু হয়েছে অনিশ্চয়তা এবং অর্ধাহারে দিন কাটছে তাদের। রাজিবের স্ত্রী কল্পনা রাণী দাস জানান, ৫ সেপ্টেম্বর থেকেই স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই।

কথা হয়েছিল ৭‑৮ দিনের মধ্যে ঘরে ফিরবেন। ১৭ সেপ্টেম্বর ফেসবুকে খবর পান রাজিব ও বাকি জেলেরা ভারতের কারাগারে রয়েছেন। পরিবারের সবাই উদ্বিগ্ন; একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অনুপস্থিতিতে খাওয়াদাওয়া ও ঘরবাড়ি সব কিছুই বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে কোড়ালিয়া গ্রামের মো. সফিজল মাঝির মালিকানাধীন মাছ ধরার ট্রলারে ১৯ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়।

ইলিশ ধরার পর বাড়ি ফিরছিলেন তারা, কিন্তু ১২ সেপ্টেম্বরের পর থেকে মোবাইল যোগাযোগও বন্ধ। জানা গেছে, ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় এবং গতিশীলতার অভাবে তারা সাগরে ভাসতে ভাসতে ভারতের সীমানায় চলে যান। এরপর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের সুন্দরবন টাইগার রিজার্ভ বেল্ট এলাকা থেকে আটক করে।
আটক জেলেদের মধ্যে রয়েছেন — মো. সফিজল ব্যাপারী, মো. শাহে আলম, ছিডু মুন্সি, রাজিব চন্দ্র দাস, মো. আক্তার হোসেন, মো. মিন্টু হাওলাদার, মো. ফরিদ, মো. আলমগীর, মো. ফরিদ, মো. ইউনুস, মো. বাবুল সরদার, মো. নিরব হোসেন, মো. ইসমাইল, মো. শাহে আলম হাওলাদার, গৌতম চন্দ্র দাস, মো. জাকির, মো. ছগির সিকদার, মো. টুটুল ও মো. শহিদুল ইসলাম।

তারা প্রত্যেকেই দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা বলছেন, কিভাবে তাদের ছাড়িয়ে আনবেন এই অনিশ্চয়তায় তাদের ঘুম নেই। খাদ্য সংকট চলছে, মেয়েদের কান্না থামছে না, অভাবের মধ্যে দিন কাটছে খুব কষ্টে। এই ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর ট্রলার মালিক মো. সফিজল মাঝির ভাই মো. ইব্রাহিম ভোলা সদর মডেল থানায় ১৯ জন জেলে নিখোঁজের সাধারণ ডায়েরি করেছেন।

ভোলা জেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূইয়া জানান, মৎস্য অধিদপ্তর আটক জেলেদের বাড়িতে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব সাহায্য করবে।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, বিভিন্ন উৎস থেকে জানতে পেরেছি ১৯ জন জেলে ভারতের আলিপুর কারাগারে রয়েছেন। সরকারিভাবে যোগাযোগ স্থাপন করে তাদের দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।