খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

ভাই বিএনপি নেতা তাই…

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
ভাই বিএনপি নেতা তাই…

বড় ভাই বিএনপির প্রভাবশালী নেতা, যেকারণে থানা পুলিশের বাঁধা ও নিষেধ অমান্য করে ছোট ভাই তার লোকজন নিয়ে জোরপূর্বক সরকারি বন্দোবস্তের জমি দখল করে অস্থায়ী ঘর নির্মান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপায়অন্তুর না পেয়ে এ ঘটনায় ভূক্তভোগীরা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার খুন্না গবিন্দপুর গ্রামের।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ওই গ্রামের বাসিন্দা মৃত হারুন-অর রশিদ দেওয়ানের ছেলে আবু রায়হান অভিযোগ করেন-তার বাবার নামে সরকারি বন্দোবস্ত হওয়া জমি নদীতে বিলীন হওয়ার পর বর্তমান সরকারি জমিতে তারা দীর্ঘ বছর থেকে বসবাস করে আসছেন।

আবু রায়হান আরও জানান, ২০০২ সালে বরিশাল জেলা প্রশাসক বরাবর সরকারি সম্পত্তি বন্দোবস্তের আবেদন করার পর সহকারি কমিশনার (ভূমি) সরেজমিন তদন্ত করে হারুন-অর রশিদের দখলে থাকা দুই একর জমি বন্দোবন্ত দেয়ার জন্য প্রতিবেদন দাখিল করেন। এরইমধ্যে হারুন-অর রশিদের মৃত্যুর পর তার ছেলে আবু রায়হান পরিবার নিয়ে ওই জমিতে বসবাস করে আসছেন।

রায়হান বলেন, ২০১১ সালে জনৈক নারায়ন দাসের নামে জমিটি বন্দোবস্ত হয়। যা নারায়ন দাস ও তার পরিবার জানতেন না। ২০১২ সালে নারায়ন দাস মৃত্যুবরণ করেন। ঢাকায় বসবাসরত নারায়ন দাসের ছেলে নরেন দাস জানিয়েছেন-ওই জমি তার বাবার নামে তা তিনি কিছুদিন আগে শুনেছেন। অপরদিকে জমির মালিকানা নিয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে।

আবু রায়হান অভিযোগ করে বলেন, অতিসম্প্রতি ওই জমির ওপর লোলুপ দৃষ্টি পরে উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকনের ভাই শহীদ দপ্তরির। তিনি (শহীদ) নরেন দাসকে ফোন করে জানিয়েছেন জমিটি দখল নিতে পারেল তাকে (নরেন) কিছু টাকা দেবে। তারই ধারাবাহিকতায় বিএনপি নেতা ভাইয়ের প্রভাববিস্তার করে শহীদ দপ্তরির নেতৃত্বে তার ১০/১২ জন সহযোগিরা ২৪ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত প্রকাশ্যে আবু রায়হানের দখলে থাকা সম্পত্তির ওপর অস্থায়ী ঘর নির্মান কাজ শুরু করেন। খবর পেয়ে হিজলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্থায়ী ঘর নির্মানে বাঁধা প্রধান করা সত্বেও পুলিশের নির্দেশ অমান্য করেই ঘর নির্মান করেন শহীদ ও তার লোকজনে।

বিএনপি নেতা ভাইয়ের প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করে বৃহস্পতিবার সকালে শহীদ দপ্তরি বলেন-ওই জমি নারায়ন দাসের কাছ থেকে আমরা পাঁচজনে মিলে ক্রয় করেছি। সেই সূত্রে আমরা জমি দখল করেছি। সরকারি বন্দোবস্তের জমি ক্রয়-বিক্রয় অবৈধ। এ বিষয়টি জানেন কিনা এমন প্রশ্নের উত্তরে শহীদ দপ্তরী বলেন-সারাদেশেই এসব জমি বেচা-বিক্রি চলে। এমনকি এখানেও ৭৯টি জমি বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন বলেন-আমি ঢাকায় অবস্থান করায় বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।