খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

বাবুগঞ্জে অবৈধভাবে টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে তেল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
বাবুগঞ্জে অবৈধভাবে টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে তেল

শাজাহান খান, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ দিয়া টায়ার পুড়িয়ে  তেল উৎপাদন করছে একটি চক্র। প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান স্থানীয়  আওয়ামী লীগ নেতা  মোয়াজ্জেম হোসেনের তত্ত্বাবধানে  কৃষকের জমি ভাড়া নিয়ে এই কাজটি করছে চক্রটি। কাঠ ও টায়ার পোড়ানোর  গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

অনুমোদনহীন টায়ার রিসাইক্লিং প্লান্ট, যেখানে পুরাতন টায়ার পুড়িয়ে  তেল উৎপাদন করা হচ্ছে। এ কার্যক্রমের ফলে কার্বন নিঃসরণ ও বিষাক্ত গ্যাসে এলাকায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।সোমবার সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে , পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বিস্ফোরক লাইসেন্স, শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্লান্টটি দোয়ারিকা গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, যার আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা রয়েছে। ফলে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।প্রতিদিন পুরাতন টায়ার বয়লারে উত্তপ্ত করে কুলিং পদ্ধতিতে  তেল নিষ্কাশন করা হয়, এতে বায়ুদূষণ, দুর্গন্ধ ও উচ্চ মাত্রার শব্দদূষণ ঘটছে। প্লান্টে প্রায় অর্ধশত শ্রমিক কাজ করছেন যাদের সুরক্ষা ব্যবস্থা নেই ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, বহুবার আওয়ামী লীগ নেতা  মোয়াজ্জেম হোসেন বাদশাকে বলা হলো ক্ষমতার দাপটে তিনি বন্ধ করেনি । এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম নয়ন  বলেন, এটি পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটির  অনুমোদন রয়েছে কিনা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত। স্থানীয় সুশীল সমাজ  বলছেন, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে  এ ধরনের কার্যক্রম বন্ধেরজন্য প্রশাসনের কাছে দাবি করছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন, পরিবেশ বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটলে কিংবা যথাযথ প্রক্রিয়ার বাইরে এ রিসাইকেলিং প্লান্ট গড়ে উঠলে অবশ্যই আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ  মুজাহিদুল ইসলাম  বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের নির্দেশিকার কোন ধরনের বিচ্যুতি ঘাটলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মোঃ মিজানুর রহমান বলেন তারা সব ধরনের অনুমোদন নিয়েই এ কার্যক্রম চলমান রেখেছে। তবে পরিবেশ অধিদপ্তরের একটি ছাড়পত্র ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন কিংবা জেলা প্রশাসনের কোন অনুমোদন দেখাতে পারেনি।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।