খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

বাউফলে অ্যাম্বুল্যান্সচালকের অবহেলায় রোগীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
বাউফলে অ্যাম্বুল্যান্সচালকের অবহেলায় রোগীর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুল্যান্সচালকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। রোগীর স্বজনদের অভিযোগ, অ্যাম্বুল্যান্স চালককে ফোন করা হয় সকাল ৭. ৩০ মিনিটে।

কিন্তু ৯টা ৩৫ মিনিটে চালক এসেছে। তার এই অবহেলার কারণেই বাউফল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবদুর রশিদের ছেলে মো. সানু (৫০) মারা গেছেন। এ বিষয়ে সানুর চাচাতো ভাই মো. জাকির হোসেন (৩৪) বলেন, ‘বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুল্যান্স ছিল। আমরা ড্রাইভারকে এবাধিকবার কল করেছি।

কিন্তু তিনি তা আমলে নেননি। হাসপাতালে মুমূর্ষু রোগী নিয়ে আমরা ২ ঘণ্টা অ্যাম্বুল্যান্সের জন্য অপেক্ষা করেছি। চালকের অবহেলায় রোগীর অন্তিম সময়ে রোগী নিয়ে সময়ক্ষেপণের কারণেই রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা এই ঘটনার সঠিক বিচার দাবি করছি।

মৃত সানুর বড় ভাই ফজলুর রহমান (৫৫) বলেন, ‘সঠিক সময়ে অ্যাম্বুল্যান্সের চালক এলে আমার ভাইকে বাঁচানো হয়তো সম্ভব হতো। কিন্তু ড্রাইভার অবহেলা করেছে। সে আমাদের অনেকক্ষণ অযথা বসিয়ে রেখেছে। তার অবহেলার কারণেই আজ আমার ভাই বেঁচে নেই। আমি বিচার চাই।

মৃত সানুর স্ত্রী আমেনা বেগম (৪৫) বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুল্যান্সচালক বাসায়ই ছিল। কিন্তু আমাদের ৫ মিনিট বলে বলে কালক্ষেপণ করে দুই ঘণ্টা বসিয়ে রাখেন। আমি মনে করি, আমার স্বামীকে সঠিক সময়ে বরিশাল হাসপাতালে নিতে পারলে বাঁচানো সম্ভব হতো। আমি এই ঘটনার বিচার চাই।’

অভিযোগ অস্বীকার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুল্যান্সচালক মো. শহিদুল ইসলাম (৪৫) বলেন, ‘আমি অসুস্থ। আমি তাদের বলেছি, আমি ১ ঘণ্টার মধ্যে আসতেছি। আমি ১ ঘণ্টার মধ্যেই তাদের কাছে গিয়েছি। রাত নাই দিন নাই— আমি সব সময় ডিউটি করি। দায়িত্ব অবহেলার প্রমাণ দিলে আমি শাস্তি মেনে নেব।’

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বলেন, ‘রোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, সরকারি অ্যাম্বুল্যান্সচালক মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক রোগীর অভিযোগ আছে, তিনি কারো কথা শোনেন না। নিজের খেয়ালখুশিমতো দায়িত্ব পালন করেন। এমনকি ডাক্তারদের কথাও আমলে নেন না চালক মো. শহিদুল। তার এমন অপেশাদারমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।