খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা ডিসেম্বরে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা ডিসেম্বরে

ডিসেম্বর মাস থেকে করাচি ও ঢাকার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান জানিয়েছেন, মাহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করতে পারে। তার মতে, এই উদ্যোগ দুদেশের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগেও নতুন গতি যোগ করবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়েছে, লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) বক্তব্য রাখতে গিয়ে হাইকমিশনার ইকবাল হুসাইন খান জানান, দুদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন এলসিসিআই এবং লাহোরে বাংলাদেশের অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা দেওয়া হবে।  এতে দুদেশের মানুষের যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে।

বাণিজ্য সম্ভাবনার বিষয়ে হাইকমিশনার বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি জানান, খুব শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো সার্ভিস চালু করা হবে। গত ডিসেম্বর থেকে আংশিক কার্গো সেবা চালু থাকলেও বাণিজ্যের পরিমাণ বাড়ায় এখন একটি সরাসরি রুটের প্রয়োজন দেখা দিয়েছে।

 

শিক্ষা খাতে সহযোগিতার প্রসঙ্গে ইকবাল হুসাইন খান বলেন, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগিরই বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাবে। এতে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন, যার লক্ষ্য হবে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানে উচ্চশিক্ষায় আকৃষ্ট করা। তিনি পাকিস্তানের পর্যটন সম্ভাবনা ও দুই দেশের অভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের কথাও উল্লেখ করেন।

এলসিসিআই সভাপতি ফাহিমুর রহমান সাইগল সভায় বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন দীর্ঘদিনের। তিনি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি আরও বাড়াতে পারে এবং তৈরি পোশাক খাতে বাংলাদেশ থেকে অভিজ্ঞতা নিতে পারে। তথ্যপ্রযুক্তি, অটোমোবাইলসহ বিভিন্ন খাতেও সহযোগিতার সুযোগ রয়েছে।

বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার, যা আগামী কয়েক বছরে ৩ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। সাইগল বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও গতি পাবে। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে এলসিসিআই ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি আরও জানান, খুব শিগগিরই এলসিসিআই–এর একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।