খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ আতঙ্ক; হিপনোটাইজ করে সর্বস্ব লুট

ফাহিম ফিরোজ
প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ আতঙ্ক; হিপনোটাইজ করে সর্বস্ব লুট

১৯ সেপ্টেম্বর সকাল ৬:৩০ মিনিট। হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন মোসা. তাহমিনা বেগম। কিছু সময় পর চেতনা ফিরলে দেখেন, তার গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের আংটি এবং নগদ ৪০ হাজার টাকা নেই। প্রায় ৩০ লাখ টাকার সম্পদ নিয়ে চক্রটি উধাও। তাহমিনা বেগম অভিযোগ করেন, “আমাকে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে অচেতন করে ফেলা হয়েছিল। এই মুহূর্তের ভেতরেই ১৬ ভরি স্বর্ণসহ নগদ অর্থ লুটে নেয়া হয়েছে।”

বরিশাল নগরীতে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে ভয়ংকর অপরাধের কৌশল ‘শয়তানের নিঃশ্বাস’ বা (ডেভিলস ব্রেথ)। অজ্ঞাত চক্র এ মাদক ব্যবহার করে মানুষকে মুহূর্তেই অচেতন করে ফেলে দিচ্ছে এবং সম্পদ লুট করে পালাচ্ছে। সর্বশেষ ধান গবেষণা রোডে এই চক্রের শিকার হয়ে সর্বস্ব হারিয়ে থানায় অভিযোগ দিয়েছেন তাহমিনা বেগমের ছেলে ডাক্তার তানভীর আহম্মেদ।

বিশেষজ্ঞদের মতে, স্কোপোলামিন নামক প্রাকৃতিক বা কৃত্রিম রাসায়নিক পদার্থই ‘শয়তানের নিঃশ্বাস’। চিকিৎসায় এটি বমিভাব ও শারীরিক অস্বস্তি দূর করতে সীমিতভাবে ব্যবহৃত হলেও, অপরাধীরা অপব্যবহার করে এটিকে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে। মানুষ শ্বাসের সঙ্গে গ্রহণ করার কয়েক মিনিটের মধ্যে অসাড় ও স্মৃতিশক্তিহীন হয়ে পড়ে। দুর্বৃত্তরা তখন সহজেই সর্বস্ব লুট করতে পারে।

ভুক্তভোগী মোসা. তাহমিনা বলেন—“ ওই দিন জীবনের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়েছি। সম্পদ হারানো কষ্টের, কিন্তু সবচেয়ে বড় কষ্ট—আমার পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। এই ঘটনার পর মনে হচ্ছে, জীবনও যেন হুমকির মুখে।”

ডাক্তার তানভীর আহমেদ বলেন, বরিশালে সম্প্রতি নতুন কৌশলের (শয়তানের নিঃশ্বাস) অপরাধ বাড়ছে। পুলিশের টহল ও নজরদারি যথেষ্ট না থাকায় এই চক্র সহজেই সক্রিয় হচ্ছে। ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে অপরাধ করা হলে তা প্রমাণ করাও কঠিন হয়ে পড়ে। ফলে ভুক্তভোগীরা আইনি প্রতিকার পেতে হিমশিম খান। তাই তিনি নগরবাসীকে সচেতন হওয়ার আহবান জানান।

‘‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহারকারীদের দ্রুত শনাক্তকরণ, সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে, যাতে মানুষ এ ধরনের অপরাধ সম্পর্কে সতর্ক থাকে এবং ভুক্তভোগীদের সহযোগিতায় বিশেষ সেল গঠনের পরামর্শ দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জিএম রাব্বি।’’

বরিশালে প্রকাশ্যে এমন অপরাধের অভিযোগ সামনে আসায় নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের আহ্বান-অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে এই নতুন ধরনের অপরাধ চক্রকে আইনের আওতায় আনা হোক।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘শয়তানের নিঃশ্বাস সম্পর্কে নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে সোমবার থেকে মাইকিং করা হবে। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।’

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।