খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

বরিশালে মসজিদ, মন্দির ও গীর্জায় বৃক্ষরোপণ কর্মসূচী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
বরিশালে মসজিদ, মন্দির ও গীর্জায় বৃক্ষরোপণ কর্মসূচী

বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান। অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রানদায়ী বৃক্ষরাজি। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই গোটা বরিশাল জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি করছে প্রকৃতি ও জীবন ক্লাব বরিশাল।

তারই ধারাবাহিকতায় ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে বরিশাল মডেল মসজিদ, শংকরমঠ মন্দির ও ক্যাথলিক চার্চে বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু করা হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে প্রথমবারের মত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলালিংক।

প্রথমেই ক্যাথলিক চার্চে বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার অলক কুমার সর্মা, সমাজসেবার উপ পরিচালক একেএম আক্তারুজ্জামান, সহকারী পরিচালক ও প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক জাবির আহম্মেদ, যুব উন্নয়নের উপ পরিচালক (চলতি দায়িত্ব) প্রিন্স বাহাউদ্দিন, ফাদার লাজারুস গোমেজ, বাংলালিংকের সিনিয়র জোনাল ম্যানেজার আশিকুর শামস, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা জেমস পি বিশ্বাস, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আই প্রতিনিধি সাঈদ পান্থ, ক্লাবের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ, সিস্টার ক্লেরাসহ ক্লাবের সদস্যরা।

পরে বরিশাল মডেল মসজিদের বৃক্ষরোপণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের সমরেশ রায় পলাশ, রিপোর্ট একাত্তরের গৌরব কর্মকার, সাকিব উল হক, জয় চন্দ্র শীল, ফাহিম রেজা রুদ্রসহ মসজিদের খাদেম। এর পর শ্রী শ্রী শংকরমঠ মন্দিরে বৃক্ষরোপন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি প্রফেসর মফিজুর রহমান।

এর আগে বরিশাল জেলার বাকেরগঞ্জ ও মুলাদীর ৩২ শিক্ষা প্রতিষ্ঠানে ১৬শ বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানো হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গির কবীর, সেইন্ট বাংলাদেশের পরিচালক বেলায়েত হোসেনসহ ক্লাবের সদস্যরা।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতি বছর ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর এমন উদ্যোগের প্রশংসা করেন পরিবেশবাদীরা। বৃক্ষরোপণ অভিযানে অংশ নেওয়া পরিবেশ কর্মীরা মনে করেন, রোপিত গাছগুলো বড় হলে তা পরিবেশে নির্মল বাতাস ও অক্সিজেন সরবরাহে ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাসে সহায়ক হবে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।