খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

পা হারিয়েও থেমে নেই কুয়াকাটার ছোরাফ, জীবিকার তাগিদে সমুদ্রই ভরসা

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
পা হারিয়েও থেমে নেই কুয়াকাটার ছোরাফ, জীবিকার তাগিদে সমুদ্রই ভরসা

ভোর নামেনি তখনও। উত্তাল কুয়াকাটার সাগর। বিশাল ঢেউয়ে দুলছে ছোট মাছ ধরার নৌকা। কাঁধে জাল, হাতে ক্র্যাচ, পা হারানো ছোরাফ সমুদ্রযাত্রা শুরু করেন প্রতিদিন এমন প্রতিকূল ভোরে।

বয়স মাত্র ৩০, কিন্তু সংগ্রামের গল্প যেন একটি উপন্যাস। কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এই জেলে ২০১৫ সালের এক সড়ক দুর্ঘটনায় হারান বাঁ পা। চিকিৎসার খরচে বিক্রি হয়ে যায় বাবার শেষ সম্বলও। কিন্তু সেখানেই থেমে থাকেননি ছোরাফ।

কৃত্রিম পা আর ক্র্যাচে ভর করে প্রতিদিনই নামেন সাগরে মাছ ধরতে। পাশে থাকেন ছোট ভাই ও বড় ছেলে। একটি এনজিওর ঋণে ছোট নৌকা বানিয়ে স্যালো ইঞ্জিনে মাছ ধরার জীবনে ফিরেছেন। না পারলে সংসার চলে ছেলের চায়ের দোকান দিয়ে।

স্ত্রী রহিমা বলেন, ‘ঝড়ের রাতে মনে হয়, ফিরবেন তো উনি? সকালে মাছভর্তি ঝুড়ি নিয়ে স্বামীকে দেখলে কান্না গড়িয়ে পড়ে চোখ বেয়ে।’ ছোরাফ বলেন, ‘আমার শরীর ভাঙতে পারে, মন নয়। সন্তানদের পড়াতে চাই, পরিবার বাঁচাতে চাই। বড় ছেলে বাবার পাশে, ছোট ছেলেও মাঝেমধ্যে সাগরে যায়। সংসারের সবাই মিলে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

প্রতিদিন মাছ পাওয়া যায় না। তবু ছোরাফ হাল ছাড়েন না।’ প্রবীণ জেলে মান্নান হাওলাদার বলেন, ‘পা নাই তো কী হইছে? এমন মনোবল দ্যাহি নাই!’ বাবা কালাম মাঝি বলেন, ‘সব দায়িত্ব এখন ছোরাফের কাঁধে। একটু সহযোগিতা পেলে কষ্টটা হালকা হতো।’

সরকারি আশ্রয়কেন্দ্রের ছোট ঘরে পরিবার নিয়ে থাকেন ছোরাফ। স্রোতের বিপরীতে প্রতিদিনের লড়াই তার অভ্যাস হয়ে গেছে। তিনি বলেন, ‘জীবন বাজি রেখে সাগরে নামি। শুধু চাই সরকার একটু পাশে থাকুক। আমার সন্তানদের হাসিই আমার জয়।’ কলাপাড়ার পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননুর ভাষায়, ছোরাফ শুধু এক ব্যক্তি নন, তিনি কুয়াকাটার হাজারো সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। ভয়কে জয় করাই তার আসল লড়াই।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।