খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

পাথরঘাটায় বিদ্যুৎ সংকট; ভোগান্তিতে ৩ লাখ মানুষ

পাথরঘাটা প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
পাথরঘাটায় বিদ্যুৎ সংকট; ভোগান্তিতে ৩ লাখ মানুষ

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎ সংকট এখন নিত্যদিনের সঙ্গী। আকাশে বিদ্যুৎ চমকানো বা সামান্য ঝড়ো হাওয়ায়ই বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন ১৩০০ কিলোমিটার লাইনের ৬০ হাজার গ্রাহকের প্রায় ৩ লাখ মানুষ। নিকটতম গ্রিড ব্যবস্থা ৬৬ কিলোমিটার দূরে ভান্ডারিয়ায় অবস্থিত হওয়ায় বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা স্থানীয় জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে।

বিদ্যুৎ সমস্যার জেরে স্কুল-কলেজ, হাসপাতাল, বাজার ও বিশেষ করে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ বিভ্রাটে আইস প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ায় মাছ সংরক্ষণের জন্য বরফ তৈরি করা যাচ্ছে না, ফলে মাছ নষ্ট হয়ে জেলে ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এছাড়া ফ্রিজে রাখা পণ্য নষ্ট হওয়ায় ব্যবসায়ীরা লোকসান গুনছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার বলেন, “বিদ্যুৎ না থাকায় হাসপাতালে রোগীদের যথাযথ সেবা দেওয়া যাচ্ছে না। পরীক্ষার রিপোর্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এমনকি ফ্রিজে রাখা ভ্যাকসিনও নষ্ট হচ্ছে।”

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির পাথরঘাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফ শাহরিয়ার ফাহাদ জানান, “৬৬ কিলোমিটার দীর্ঘ লাইনের যেকোনো স্থানে সমস্যা হলেই পাথরঘাটার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সমস্যা খুঁজে বের করতে সময় লাগে। তবে বরগুনায় নতুন গ্রিড সংযোগের অনুমোদন পাওয়া গেছে, যা চালু হলে সমস্যার সমাধান হবে। এটি চালু হতে প্রায় এক বছর সময় লাগবে।”

স্থানীয়রা দ্রুত পাথরঘাটায় একটি পূর্ণাঙ্গ গ্রিড স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার পাশাপাশি মৎস্য খাতসহ অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।