খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

পটুয়াখালীতে ৩ দিনে ২ ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
পটুয়াখালীতে ৩ দিনে ২ ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

পটুয়াখালীর দশমিনা উপজেলায় তিন দিনের মধ্যে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গত শুক্রবার (৮ আগস্ট) ও গতকাল রবিবার (১১ আগস্ট) একই উপজেলায় বিএনপি নেতা ও এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত শুক্রবার (৮ আগস্ট) রাতে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল দশমিনা উপজেলায় বেতাগী সানকিপুর ইউনিয়নের আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা তার ছেলে শাইরুল ইসলামকে বেঁধে নির্যাতন চালায়। একপর্যায়ে শাইরুলের ১৫ দিন বয়সী নবজাতক শিশুকে জিম্মি করে বাড়ি থেকে নগদ ৯ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। ভুক্তভোগী শাইরুল ইসলাম উপজেলা বিএনপি গণশিক্ষা বিষয়ক সম্পাদক।

তিনি সাংবাদিকদেরকে বলেন, ‘আমি বাবার সঙ্গে বসবাস করি। ডাকাতদল দেশীয় অস্ত্র ও মুখোশে ঢাকা ছিল। আমার নবজাতককে মাথার ওপর তুলে হুমকি দেয়, টাকা ও স্বর্ণ না দিলে শিশুটিকে মারবে। এলাকার লোকজনের সাহায্যে আমি বাঁচতে পেরেছি।

এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’এদিকে, গতকাল রবিবার (৩ জুলাই) রাত ৩টার দিকে দশমিনার সদর ইউনিয়নের পূজা খোলা এলাকার এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

প্রবাসীর স্ত্রী জানান, চারজন মুখোশধারী এক দল ডাকাত গ্রিল কেটে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র খুঁজতে গিয়ে তারা প্রবাসীর স্ত্রীকে মারধর করে। আত্মরক্ষার জন্য ওই তিনি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে চিৎকার দেন।

তবে আশপাশের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে আসার আগেই ডাকাতদল লুটপাট করে পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী স্থানীয় সাংবাদিকদের জানান, চারজন ডাকাত মুখ বেঁধে আমার বাড়িতে ঢুকে মারধর করে। সম্মান রক্ষার্থে আমি ছাদ থেকে ঝাঁপ দেই। পরে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ডাকাতদল তার বাসা থেকে নগদ ৫০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও সিসি ক্যামেরার মেশিন লুট করে নিয়ে যায়।

পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘দুটি ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমিত জনবলের মধ্যে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। রাতের অন্ধকারে অপরাধীরা ডাকাতির মতো অপকর্ম ঘটাচ্ছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।’

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।