খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

নাজিরপুরে খাদ্যের দাম বৃদ্ধি, ডিমের দামেও নেই স্বস্তি

পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
নাজিরপুরে খাদ্যের দাম বৃদ্ধি, ডিমের দামেও নেই স্বস্তি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় লেয়ার মুরগির খামার একটি সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে উঠেছে। তবে সম্প্রতি খাদ্যের দাম বৃদ্ধি এবং ডিমের ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে খামারিরা। অনেক ছোট ও মাঝারি খামারিকে পড়তে হচ্ছে আর্থিক সংকটে। কেউ কেউ খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।

নাজিরপুরের বিভিন্ন ইউনিয়ন বিশেষ করে মালিখালী, দেউলবাড়ী ও কলারদোয়ানিয়া এলাকায় অসংখ্য ব্যক্তি নিজ উদ্যোগে লেয়ার মুরগির খামার গড়ে তুলেছিলেন। শুরুর দিকে খরচ কম ও ডিমের ভালো দাম থাকায় অনেকে স্বপ্ন দেখেছিলেন স্বনির্ভরতার। কিন্তু সাম্প্রতিক সময়ে বাজারে ডিমের দাম অস্থির হলেও খামারিদের প্রাপ্ত দাম ন্যূনতম পর্যায়েই রয়ে গেছে। এ ছাড়া মুরগির খাদ্যের দাম বেড়েই চলেছে।

ফলে খরচ বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। আবু নাঈম নামের এক খামারি জানান, একটা মুরগি দিনে একটা করে ডিম দেয়। এখন প্রতি পিস ডিম পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৯.৩০ থেকে ৯.৫০ টাকায়। অথচ শুধু খাবার খরচই উঠে যায় ১০ টাকা বা তার বেশি।

ওষুধ, বিদ্যুৎ ও শ্রমিকের মজুরি তো আছেই। খামারিদের অভিযোগ, খামার থেকে ডিম সংগ্রহ করে পাইকাররা অল্প দামে নিয়ে বাজারে বেশি দামে বিক্রি করছেন। ফলে মূল উৎপাদকরা বঞ্চিত হচ্ছেন।

নাজিরপুর সদর এলাকার এক খামারি বলেন, বাজারে ডিম বিক্রি হচ্ছে ১১-১২ টাকা, অথচ আমাদের কাছ থেকে ৯.৩০ থেকে ৯. ৫০টাকায় নেন। এত ব্যবধান কিভাবে হয়? ডিম বিক্রির ব্যবধানের বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বেশির ভাগ খামারি দাদনে এ ব্যবসাটি করে থাকেন।

খামারিরা মুরগির বাচ্চা ও খাবার দেয় একটি শর্তে। মুরগির এবং ডিম দেওয়া শেষ হলে মুরগি তার মাধ্যমে বিক্রি করা হবে। এখান থেকে বিক্রি হওয়া সিংহভাগ নিয়ে যায় দোকানিরা। এ থেকে উত্তরনের পথ হিসেবে তার বলছেন, সরকারি সহায়তা বা ভর্তুকি পেলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। বিশেষ করে খাদ্যের ওপর নিয়ন্ত্রণ, সহজ শর্তে ব্যাংক ঋণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে এই খাতটি স্বচ্ছল থাকবে।

ব্যবসায়ীরা জানান, আমরা মাধ্যম হিসেবে খুচরা ব্যবসায়ীদের কাছে ডিম ও মুরগী বিক্রি করি। অনেক সময় ছোট খামারিদের পুঁজি থাকে না, সেক্ষেত্রে আমরা তাদের সাহয্য করে থাকি। এটাকে দাদন দেওয়া বলে না। দেশের সব জিনিসের দাম বেড়েছে, তাই খাদ্যের দামও বেশি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আল মুক্তাদির রাব্বি বলেন, মুরগির খাদ্যের প্রধান কাঁচামাল হচ্ছে ভুট্টা। কিন্তু আমাদের দেশে প্রয়োজনীয় পরিমাণ ভুট্টার চাষ না হওয়ায় এটি আমদানির ওপর নির্ভর করতে হয়। শুধু ভুট্টা নয়, ফিড তৈরির জন্য প্রয়োজনীয় সয়াবিন মিল, ভিটামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানও আমদানি নির্ভর, যা ফিড উৎপাদনের খরচ বাড়িয়ে তোলে। ফলে মুরগির খাদ্যের দাম সাধারণত বেশি হয়ে থাকে।

তিনি আরো বলেন, কাঁচামালের মূল্যবৃদ্ধি, আমদানির ওপর নির্ভরশীলতা এবং পরিবহন ব্যয়ের কারণে ফিডের দাম আরও বাড়ছে। তবে ফিডের দাম নির্ধারণে প্রাণিসম্পদ অধিদপ্তর বা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কোনো ভূমিকা নেই। এসব সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।