খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

জীবনযুদ্ধের হাতিয়ার ছুরি–বঁটি: মাছ কাটার আয়ে চলছে অর্ধশতাধিক পরিবার

ফাহিম ফিরোজ :
প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
জীবনযুদ্ধের হাতিয়ার ছুরি–বঁটি: মাছ কাটার আয়ে চলছে অর্ধশতাধিক পরিবার

বরিশালের ব্যস্ততম পোর্ট রোড বাজার। ভোরের আলো ফুটতে না ফুটতেই জমে ওঠে মাছের বেচাকেনা। বাজারের একপাশে রয়েছে একটি ব্যতিক্রমী চিত্র, অর্ধ শতাধিক নারী-পুরুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাছ কাটায় ব্যস্ত। ছুরি-দা হাতে, ছোট ছোট টুলে বসে ঘণ্টার পর ঘণ্টা মাছ কাটেন তাঁরা। এই কাজই তাঁদের একমাত্র পেশা, জীবিকার অবলম্বন। মাছ কাটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক নির্ভরশীল অর্থনৈতিক চক্র। প্রতিদিন এই শ্রমজীবী মানুষদের আয়ে চলে শত শত মানুষের ভাত কাপড়ের যোগান।

মো. রিপন শেখ। বয়স ৬২ ছুঁইছুঁই। ৩৭ বছর ধরে এই পেশার সাথে জড়িত। একটানা মাছ কাটছেন পোর্ট রোড বাজারে। এই পেশার ওপরই নির্ভর করে তাঁর পাঁচজনের সংসার। তিনি বলেন-“আগে বাজারে মাছ কাটার লোক ছিল মাত্র ১০ জন। এখন দাঁড়িয়েছে ৫০ জনে। আগে প্রতিদিন ১৫০০-২০০০ টাকা আয় হতো, এখন কোনো দিন তা ৪০০ টাকায়ও নামে আসে। তবু ছাড়েন নি এ পেশা,”

তিনি মাছ কাটার আয় দিয়েই সন্তানদের পড়াশোনা চালিয়েছেন, সংসার টেনেছেন, এমনকি কখনো কখনো ঋণ শোধও করেছেন।

বর্তমানে প্রতিদিন মাছ কাটার কাজ করে গড়ে ১০০০ থেকে ১৫০০ টাকা আয় করেন এই কর্মীরা। তবে মাছের আমদানি কম হলে কিংবা বৃষ্টির দিনে বাজার ফাঁকা থাকলে আয় কমে দাঁড়ায় ৫০০ টাকার নিচে।

“মাঝেমধ্যে দুই-তিন ঘণ্টা বসে থাকি, কোনো কাজ নাই। আবার হঠাৎ ভিড় বাড়লে কাজ সামলানো যায় না,”-জানালেন মাছ কাটা কর্মী শেফালী গোলদার।

একটা সময় মানুষ বাসায় গিয়ে নিজেরা মাছ কাটতেন। এখন অনেকেই বাজার থেকেই কাটা মাছ নিয়ে যান। এতে করে সময় বাঁচে, বাড়তি ঝামেলা কমে। এই পরিবর্তনের কারণে মাছ কাটার কাজের চাহিদা কিছুটা বেড়েছে, তবে একইসাথে বেড়েছে প্রতিযোগিতাও।

সৌরভ নামের এক ক্রেতা বলেন-“আগে মাছ কিনে বাসায় গিয়ে কাটতে অনেক ঝামেলা হতো। এখন বাজারেই কাটুনি আছে, সঙ্গে সঙ্গে টুকরা করে দেয়। এতে সময়ও বাঁচে, ঝামেলাও কমে। আমরাও খুশি।”

প্রবীণ মাছ কাটা কর্মী মো. কামরুল গাজী বলেন-“মানুষ সময় বাঁচাতে চায়, তাই আমরা আছি। কিন্তু এখন যারা কাজ করে, তাদের অনেকেই অদক্ষ—তাই মাঝে মাঝে কাজও কমে যায়,”

মাছ কাটার সময় হাত কেটে যাওয়া, পানিতে পা ভিজে চর্মরোগ হওয়া, মাছের আঁশ ও গন্ধে নানা ধরণের শারীরিক অসুবিধা হতেই থাকে। কিন্তু এসব শ্রমজীবী মানুষের নেই কোনো প্রশিক্ষণ, সুরক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্যসেবা।

হতাশা প্রকাশ করে অপর এক মাছ কাটুনি মো. বাহাদুর বলেন- “আমরা মাছ কাটির মানুষ। আমাদের দেখার কেউ নাই। কাজ থাকলে টাকা পাই, না থাকলে খালি হাতে ফিরি,”

বিশেষজ্ঞদের মতে, স্থানীয় সরকার ও এনজিওগুলো যদি এই মাছ কাটার পেশাকে প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থান হিসেবে বিবেচনায় নেয়, তাহলে একদিকে দক্ষতা বাড়বে, অন্যদিকে আয়ও স্থিতিশীল হতে পারে। তাছাড়া মাছ কাটার জন্য উন্নত সরঞ্জাম সরবরাহ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যেতে পারে।

 

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।