খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

চাঁদা না পেয়ে দোকানে লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
চাঁদা না পেয়ে দোকানে লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বরিশাল পিরোজপুরের নাজিরপুরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাফিকুল ইসলাম শাফিকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. মোস্তফা আলী সেখ গত ২৯ এপ্রিল পুলিশ সদর দপ্তরসহ একাধিক সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেন। এরপর গত ১৬ জুলাই সেনাবাহিনী থেকে সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মাহতাব হোসাইন সেখ একই বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন।

‎জানা যায়, মাহতাব ও মোস্তফা সম্পর্কে ভাই এবং উভয়ের বাড়ি শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।

‎লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে ফিরে মোস্তফা আলী সেখ তার পৈতৃক সম্পত্তিতে প্রায় ১৫ লাখ টাকা বিনিয়োগে একটি ভবন নির্মাণ করে রড ও সিমেন্টের ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরুর কিছু দিনের মধ্যেই স্থানীয় মো. মোজাহিদুল ইসলাম দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২০ মার্চ সকাল ১০টার দিকে মোজাহিদুল ইসলাম, তার ভাই বিএনপি নেতা শাফিকুল ইসলাম শাফিক এবং ভুক্তভোগী মোস্তফা আলী শেখের চাচাতো ভাই এসকেন্দার আলী সেখসহ স্থানীয় আরও ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী নিয়ে দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানে থাকা সিসিটিভি ক্যামেরা, রড, সিমেন্ট, নগদ এক লাখ টাকা এবং লেপ-তোশকসহ অন্যান্য মালামাল লুট করা হয়। এমনকি লেপ-তোশকে আগুন ধরিয়ে দিয়ে সন্ত্রাসীরা আনন্দ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

‎এ বিষয়ে ভুক্তভোগী মো. মোস্তফা আলী সেখ বলেন, বিএনপি নেতা শাফিকুল ইসলাম শাফিক ও তার ভাই মো. মোজাহিদুল ইসলামের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন লোক আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। কিন্তু আমি চাঁদা না দিলে তারা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান লুট করে আড়াই টন রড, ৩০০ বস্তা সিমেন্ট, নগদ টাকাসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে। থানায় অভিযোগ দিয়ে কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন স্থানে অভিযোগ করেছি।

‎তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শাফিকুল ইসলাম শাফিক বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, আমার বিরুদ্ধে আমার প্রতিপক্ষ বিভিন্ন ষড়যন্ত্র করছে। যা সম্পূর্ণ মিথ্যা। যে জায়গা নিয়ে ঝামেলা ওই জায়গার মালিক মোস্তফার চাচাতো ভাই এসকেন্দার আলী। এটা তাদের পারিবারিক বিরোধ এখানে আমাকে কেন জড়ানো হচ্ছে আমি জানি না।

‎এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

‎এদিকে অভিযোগটি নজরে আনা হলে নাজিরপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান দুলাল বলেন, আমাদের কাছে এমন কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে বিষয়টা তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।