খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

গাড়ি রেখে পালালো ববির ছাত্রলীগ নেতা, মোটরসাইকেলে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
গাড়ি রেখে পালালো ববির ছাত্রলীগ নেতা, মোটরসাইকেলে আগুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের হাতে আটক হওয়ার পর ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জু পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছেন, ছাত্রদলের নেতাদের সহযোগিতায় তিনি পালিয়েছেন। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার ফেলে যাওয়া মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। রোববার (২৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, তানজিদ মঞ্জু বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একটি গ্রুপের নেতৃত্ব দিতেন এবং শিক্ষার্থীদের ওপর নানাভাবে নির্যাতন করতেন। তিনি নির্বাচনের প্রচারে অংশ নিতে ক্যাম্পাসের নির্মাণাধীন নভোথিয়েটার এলাকায় গেলে তাকে আটক করা হয়।

আটকের সময় মঞ্জুর সঙ্গে ছাত্রদলের কয়েকজন নেতার (মিজান, মিয়া বাবুল ও মিঠুন) উপস্থিত ছিলেন বলে শিক্ষার্থীরা জানান।

প্রত্যক্ষদর্শী রাকিন খান বলেন, তারা মঞ্জুকে জেরা করার নামে মেরিন একাডেমির সামনের রাস্তায় নিয়ে যান। কিছুক্ষণ পর তারা জানান যে মঞ্জু পালিয়ে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ছাত্রদলের নেতারা ব্যক্তিগত কথা বলার অজুহাতে মঞ্জুকে সরিয়ে নিয়ে যান এবং পরে তার নিখোঁজ হওয়ার খবর দেন।

মঞ্জু পালিয়ে গেলেও তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পড়ে ছিল। রাত প্রায় দেড়টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মোটরসাইকেলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দ বাজার সেতুর ওপর নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়।

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মঞ্জুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, তারা মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পেয়েছেন, কিন্তু এ বিষয়ে কোনো অভিযোগ এখনো পর্যন্ত থানায় দায়ের হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) রাহাত হোসাইন ফয়সাল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় পোড়া মোটরসাইকেলটি উদ্ধারের জন্য পুলিশ ক্যাম্পের এসআই ঘটনাস্থলে যাননি।

এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনায় শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, প্রশাসনের নীরবতার সুযোগে রাজনৈতিক সংগঠনগুলো ক্যাম্পাসে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা এ ধরনের সংঘর্ষের কারণ হচ্ছে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।