খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

কুয়াকাটা সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, ধরা রুবেল

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
কুয়াকাটা সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, ধরা রুবেল

বুধবার দুপুর। রোদে ঝলমল করছে কুয়াকাটা সৈকত। সাগরের নীল ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছে উপকূল। দূর থেকে ভেসে আসছে ঢেউয়ের গর্জন আর পর্যটকদের হাসি-আনন্দ।

কেউ ছুটে নামছেন কোমড় সমান নোনা জলে, কেউ বালুচরে বসে সেলফি তুলছেন। এমন উৎসবমুখর আবহের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ানক ছায়া। সেই ছায়ার অন্তরালে ছিলেন বরগুনার যুবক রুবেল (৩০)। তিনি পর্যটকদের গোসলরত অবস্থায় গোপনে ভিডিও ধারণ করতেন।

পরে সেসব ছড়িয়ে দেওয়া হতো ফেসবুক বা টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে, নামে-বেনামে। অচেনা প্রোফাইল থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে অপমানিত হতেন পর্যটকরা। আর দোষারোপ হতো সৈকতের ফটোগ্রাফারদের।

কেউ ছবি তুলতে চাইলে ফটোগ্রাফাররা অনুমতি নিতেন। অথচ ভিডিও কেলেঙ্কারির দায় তাদের ওপরই চাপানো হতো। এ অবস্থায় সম্প্রতি ফটোগ্রাফারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে চক্রকে চিহ্নিত করার কৌশল শেখানো হয়। সেই কৌশল কাজে লাগিয়ে তারা বুধবার দুপুরে ধরেন রুবেলকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক। বুধবার বিকেলের দিকে রুবেলকে পুলিশ হেফাজতে পটুয়াখালী কারাগারে নিয়ে আসা হচ্ছিল। রুবেলের অপকর্মের বিষয়টি মুহূর্তে সৈকতজুড়ে ছড়িয়ে পড়ে। ঢাকা থেকে আসা পর্যটক শবনম রহমান বলেন, ‘আমরা যখন পানিতে নামতাম, মনে হতো কে জানি ভিডিও করছে। এখন অন্তত নিশ্চিন্ত লাগছে।’

চট্টগ্রামের পর্যটক জামিলুর রেজার মন্তব্য, ‘কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ। এখানে যদি নিরাপত্তা না থাকে, কেউ আসতে চাইবে না। দোষীদের শাস্তি দেখে আমরা আশ্বস্ত।’

কুয়াকাটা সমুদ্রসৈকতের ফটোগ্রাফার সমিতির আরিফুর রহমান ও রাসেল মিয়া বলেন, ‘আমাদের বদনাম হচ্ছিল। আমরা নাকি গোপনে ছবি তুলি। এমন অভিযোগ শুনতে হতো বারবার। এই অভিযোগের কারণে আমাদের রোজগারে ভাটা পড়ে। আজ প্রমাণ হলো দোষ আমাদের নয়।’

কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘পর্যটকদের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সৈকতের ভাবমূর্তি নষ্টকারীদের ছাড় দেওয়া হবে না। যারা অপকর্ম করবে, তাদেরকে শাস্তি পেতে হবে।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।