খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

অধিকাংশ স্কুলে হচ্ছে না মাল্টিমিডিয়া ক্লাস

আধুনিক শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়ছে বরিশাল

ফাহিম ফিরোজ ॥
প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
আধুনিক শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়ছে বরিশাল

আধুনিক শিক্ষা ব্যবস্থায় মাল্টিমিডিয়া ক্লাসরুম একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ঐতিহ্যবাহী এই শিক্ষা পদ্ধতিতে পিছিয়ে পড়ছে বরিশাল। ফলে পাঠদানে আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা। অপরদিকে অযত্ন-অবহেলা ও তদারকির অভাবে নষ্ট হয়ে পড়ে রয়েছে মাল্টিমিডিয়া ক্লাস রুমের অন্যতম উপকরণ ল্যাপটপ ও প্রজেক্টর। তাছাড়া অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইন্টারনেট সংযোগ।

জানা গেছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম আধুনিক শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ঐতিহ্যবাহী শিক্ষার পদ্ধতির তুলনায় আরও কার্যকর এবং আকর্ষণীয়। মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান আরও ইন্টারেক্টিভ এবং শিক্ষার্থীদের জন্য বোধগম্য হয়। এটি শিক্ষার মান উন্নত করতে এবং শিক্ষার্থীদের আগ্রহ ধরে রাখতে সাহায্য করে।

বরিশাল প্রাথমিক ও গণশিক্ষা অফিস জানিয়েছে, মাল্টিমিডিয়া ক্লাসরুমে বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল, অডিও এবং ইন্টারেক্টিভ উপাদান ব্যবহার করে পাঠদান করা হয়। এর ফলে শিক্ষার্থীরা আরও মনোযোগ সহকারে শিখতে পারে এবং শেখার প্রক্রিয়াটি আরও আনন্দদায়ক হয়। এই বিষয়টি মাথায় রেখে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের জন্য ল্যাপটপ ও প্রজেক্টর দেয়ার সিদ্ধান্ত গৃহিত।

২০১৮ সাল থেকে এই পদ্ধতি শুরু হলেও এখন বরিশালের অধিকাংশ বিদ্যালয় মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস হচ্ছে না। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১৫৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে প্রথম ধাপে ২০১৮ সালে জেলার অধিকাংশ স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ওই স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য ব্যবহৃত ল্যাপটপ ও প্রজেক্টরগুলো বিকল অবস্থায় রয়েছে। শিক্ষকরা শুধু পাঠ্য বইয়ের মাধ্যমেই পাঠদান করাচ্ছেন। ফলে আধুনিক শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়ছে বরিশাল।

এদিকে দ্বিতীয় ধাপে বরিশালের ১০টি উপজেলায় পিইডিপি-৪ প্রকল্পের মাধ্যমে আরও ৬৫৭টি মাল্টিমিডিয়া ক্লাস রুমের জন্য প্রজেক্টর বিতরণ করবে। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় ১২৩, বাবুগঞ্জ উপজেলায় ৩৫, মুলাদি উপজেলায় ৬৭, হিজলা উপজেলায় ৫০, গৌরনদী উপজেলায় ৪০, আগৈলঝাড়া উপজেলায় ৪৭, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৯৪, বানারীপাড়া উপজেলায় ৪৫, উজিরপুর উপজেলায় ৭৫ ও বাকেরগঞ্জ উপজেলায় ৯৯ টি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস রুমের জন্য প্রজেক্টর দেয়া হবে।

শিক্ষকরা মনে করছেন, সরকারের দেয়া এসব ল্যাপটপ ও প্রোজেক্টর এর যথাযথ রক্ষণাবেক্ষণ করা না গেলে আধুনিক শিক্ষা ব্যবস্থায় আরও পিছিয়ে পড়বে বরিশালের শিক্ষার্থীরা।

আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আইসিটি তথা মাল্টিমিডিয়া ক্লাস রুমের গুরুত্ব অপরিসীম। ২০১৮ সালে আমাদের স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ দেয় মন্ত্রণালয়। কিন্তু ইন্টারনেটের কোন সংযোগ নেই। তাছাড়া কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় মাল্টিমিডিয়া প্রজেক্টর। বর্তমানে দুইটি মাল্টিমিডিয়া প্রজেক্টর বিকল অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া ল্যাপটপও নষ্ট।

মুলাদী উপজেলার হালিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, পাঁচ বছর পূর্বে একটি মাল্টিমিডিয়া ক্লাস রুমের জন্য প্রজেক্টর পেয়েছিলেন যেটি এখন নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া চলতি বছরে আরও একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর পেয়েছেন সেটিও নষ্ট অবস্থায় আছে। রাউটার পেলেও তাতে নেই ইন্টারনেট সংযোগ। শিক্ষকরা শুধু ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীদের আইসিটি ও মাল্টিমিডিয়া বিষয়ে পাঠদান করান।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আল এমরান বলেন, শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুমের গুরুত্ব অনন্য। এই বিষয়টি মাথায় রেখে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হচ্ছে। প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপে বরিশালের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। অধিকাংশই স্কুলেই মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ নষ্ট থাকার বিষয়টি শুনেছি। সে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।