হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা সবুজ মুন্সির ইন্তেকাল
বরিশাল মহানগরের ৩০ নং ওয়ার্ডের গনপাড়া এলাকার নিবাসী ও ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব সবুজ মুন্সি (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
পরিবার সূত্রে জানা গেছে, গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ১২টা ৪৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসকরা জানান, তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সবুজ মুন্সির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ৩০ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সজীব বেগ মিসাদ। এক শোকবার্তায় তিনি বলেন,
“সবুজ মুন্সি ছিলেন একজন ত্যাগী, সৎ ও নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী। দলের দুঃসময়ে তিনি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত ।”
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় মোকাবিলায় ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।
সবুজ মুন্সির জানাজা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাদ জোহর কাশিপুর চৌমাথা বাজারে হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন
Array