খুঁজুন
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ়, ১৪৩৩

স্ত্রীর আয়েই চলছেন বিবার, মাথায় ৩১ মিলিয়ন ডলার ঋণের চাপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
স্ত্রীর আয়েই চলছেন বিবার, মাথায় ৩১ মিলিয়ন ডলার ঋণের চাপ

বিনোদন ডেস্ক : সাবেক ম্যানেজার স্কুটার ব্রনের কাছ থেকে নেওয়া ৩১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ এখনো শোধ করেননি গায়ক জাস্টিন বিবার। আন্তর্জাতিক গণমাধ্যম টিএমজেড বরাতে জানা গেছে, এই দেনা মেটাতে এখন স্ত্রী হেইলি বিবারের কসমেটিক ব্র্যান্ড রোড-এর বিলিয়ন ডলারের চুক্তির অর্থের দিকেই তাকিয়ে আছেন তিনি। কারণ, জাস্টিনের কাছে এই মুহূর্তে সেই পরিমাণ নগদ অর্থ নেই। চুক্তির অর্থ ব্যাংকে ঢুকলেই ঋণ পরিশোধ করবেন বিবার।

২০২২ সালে বিরল এক স্নায়বিক রোগে আক্রান্ত হন জাস্টিন বিবার। তখন ‘জাস্টিস ট্যুর’সহ সব অনুষ্ঠান বাতিল করতে হয় তাঁকে। এর ফলে তখন প্রায় ২৬ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েন তিনি। সে সময় তাঁর সাবেক ম্যানেজার স্কুটার ব্রন তাঁর কোম্পানির মাধ্যমে বিবারকে ঋণ হিসেবে এই অর্থ দেন।
তা ছাড়া বিবারের কাছে কমিশনের ১১ মিলিয়ন ডলার পেতেন স্কুটার ব্রাউন। এর বাইরে অতিরিক্ত আট মিলিয়ন ডলারের কমিশনের দেনা ছিল, যেটি স্কুটার শেষমেশ মাফ করে দিয়েছেন। সমঝোতা অনুযায়ী, বিবার ২৬ মিলিয়ন ডলার এবং ১১ মিলিয়ন ডলারের অর্ধেক, অর্থাৎ মোট প্রায় ৩১ দশমিক ৫ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত হন।
এই দেনা পরিশোধে জাস্টিন এখন নির্ভর করছেন স্ত্রী হেইলি বিবারের সম্প্রতি স্বাক্ষরিত একটি চুক্তির ওপর। গত মে মাসে তিনি তাঁর কসমেটিক ব্র্যান্ড রোড বিক্রি করেছেন জনপ্রিয় বিউটি কোম্পানি ইএলএফ-এর কাছে। চুক্তির মূল্য এক বিলিয়ন ডলার। যদিও ব্র্যান্ডটিতে অনেক বিনিয়োগকারী রয়েছেন, তবে চুক্তির বড় একটি অংশ পাবেন হেইলি ও বিবার। সূত্র বলছে, বিবারের শেয়ার প্রায় ৫০ মিলিয়ন ডলার, যা দিয়ে হাইব-কে দেনা পরিশোধ করা সম্ভব।

প্রায় ১৮ মাস আগে জাস্টিন বিবার তাঁর মিউজিক ক্যাটালগ ২০০ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন। কিন্তু টিএমজেডকে একটি এর সূত্র জানায়, ট্যাক্স, ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবী ও ব্যক্তিগত খরচ মেটানোর পর সেখানে তেমন কিছুই আর অবশিষ্ট ছিল না।
এদিকে হেইলির প্রতিনিধি টিএমজেডকে বলেন, ‘রোড-এর এই ঐতিহাসিক বিক্রি হেইলির জন্য এক বিশাল অর্জন। তবে এর সঙ্গে তাঁর স্বামীর ব্যবসায়িক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।’
এর আগে এক ঘনিষ্ঠ সূত্র টিএমজেডকে জানিয়েছিল, এখন পুরো পরিবারে নির্ভর করছে হেইলি বিবারের আয়ের ওপর। কারণ, বিবার অনেক দিন ধরে তেমন কোনো কাজ করছেন না। তবে এসব বিষয়ে বিবার কিংবা ব্রনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

 

লেবানন ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে: হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
লেবানন ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে: হিজবুল্লাহ

ইসরাইলি হামলায় বিধ্বস্ত লেবানন

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রোববার (২৮ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।  এ ঘটনায় নিজেদের দেশ ও জনগণকে রক্ষার অধিকার হিজবুল্লাহর আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরান-সমর্থিত সংগঠনটি।

 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হিজবুল্লাহর দাবি, ইসরাইল যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ শহর এবং পাশের মায়ফাদুন শহরের আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে। এ ছাড়া ইসরাইলি  ড্রোন ফ্রাউন শহর ও বিনত জবেইল জেলার খোলা এলাকায় হামলা চালায়। একই সঙ্গে তাইবেহ ও হাদ্দাথা এলাকার আবাসিক ভবন লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমরা যুদ্ধবিরতি চুক্তির এসব লঙ্ঘনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মাতৃভূমি ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে।’

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে বলা হয়েছে, যুদ্ধের অবসান সব ফ্রন্টেই কার্যকর হবে, যার মধ্যে লেবাননও রয়েছে।

তবে এর পরও মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইল তাদের হামলা আরও জোরদার করেছে।

বানারীপাড়ায় ভাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ভাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

বরিশালের বানারীপাড়ায় বালু বোঝাই ভাল্কহেডের ধাক্কায় কচা নদীর ব্রিজ ভেঙে পড়েছে। ফলে ২৪ ঘণ্টা ধরে পিরোজপুরের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সৈয়দ বজলুল হক কলেজের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান বিপ্লব যুগান্তরকে বলেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বানারীপাড়া সন্ধ্যা নদী থেকে বালু নিয়ে আসা একটি ভাল্কহেড তার বাড়িসংলগ্ন কচা নদীর ব্রিজে সজোরে ধাক্কা দেয়। ফলে ওই ব্রিজের একপ্রান্তের তৃতীয় পিলার বাকা হয়ে একটি স্প্যান বালুবাহী ভাল্কহেডের ওপর পড়ে যায়। এ সময় বালুবোঝাই ভাল্কহেডে থাকা সাড়েং ও সুকানিসহ পাঁচ শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যায়।

এদিকে ভাল্কহেডের ধাক্কায় কচা নদীর ওপর দুই জেলার সংযোগ সড়কের ওই ব্রিজটি ভেঙে পড়ার কারণে পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার মিয়ারহাট হয়ে পিরোজপুর জেলার সড়ক যোগাযোগ গত ২৪ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে। এ কারণে ওই সড়কের যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

বরিশালে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
বরিশালে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত ছাত্রদল নেতা মো. বেল্লাল হোসেন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনের (৪০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকালে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার সময় কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় একটি মোবাইলের দোকানে বসা ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রদল নেতাকর্মী তাকে ডেকে দোকান থেকে বের করে। এরপর রাস্তায় ফেলে ওইসব নেতাকর্মীরা তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তিনি দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নিলে তাকে দ্বিতীয় দফা দোকান থেকে টেনে বের করে মারধর করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন এখন গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।