খুঁজুন
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র, ১৪৩৩

ঝালকাঠিতে অটোরিকশা ও ভ্রাম্যমাণ বাজার, সড়কে চলা দায়

ঝালকাঠি প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
ঝালকাঠিতে অটোরিকশা ও ভ্রাম্যমাণ বাজার, সড়কে চলা দায়

ঝালকাঠি শহরে অটোরিকশার দৌরাত্ম্য এবং সড়কে ভ্রাম্যমাণ বাজারের কারণে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কগুলোতে যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং চলাচলে বিঘ্ন দেখা দেয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।

শহরের বাসস্ট্যান্ড, কলেজ মোড়, পূর্ব চাঁদকাঠি চৌরাস্তা, ফায়ার সার্ভিস মোড়, সাধনার মোড়, কালীবাড়ি রোড, সদর চৌরাস্তা, কামারপট্টি, কুমারপট্টি গার্লস স্কুল রোড ও পালবাড়ী মোড়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজট লেগেই থাকে। যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে মিনিটের পথ পাড়ি দিতে আধা ঘণ্টারও বেশি সময় লাগছে।

জানা গেছে, ২০১১ সালে ঝালকাঠি পৌরসভার জনসংখ্যা ছিল ৫৪ হাজার ২৯ জন। ২০১৬ সালের হিসাব অনুযায়ী তা বেড়ে দাঁড়ায় ৭৬ হাজার ১৬৮ জনে (পুরুষ ৩৭,৫২৬ ও নারী ৩৮,৬৪২ জন)। দ্রুত নগরায়ণের ফলে বর্তমানে আনুমানিক ৬৮ থেকে ৭০ হাজার মানুষ শহরে বসবাস করছেন। প্রতিদিন কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও যাত্রী মিলিয়ে অতিরিক্ত কয়েক হাজার মানুষ শহরে প্রবেশ করায় রাস্তায় তীব্র চাপ সৃষ্টি হচ্ছে।

পৌরসভার তথ্য অনুযায়ী, আগে ১ হাজার ১৭৫টি অটোরিকশার লাইসেন্স থাকলেও বর্তমানে বৈধ স্মার্ট লাইসেন্স রয়েছে মাত্র ৭৫০টি। কারণ একজন চালককে কিংবা গাড়ির মালিককে একটির বেশি লাইসেন্স প্রদান করা হচ্ছে না। অথচ প্রতিদিন রাস্তায় কয়েক হাজার অটোরিকশা চলছে, যার অধিকাংশই রেজিস্ট্রেশনবিহীন।

ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত এবং সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মুনা আক্তার বলেন, ‘অটোরিকশার কারণে শহরের মধ্যে এতটাই যানজট হয় যে, আমরা হেঁটেও স্কুলে পৌঁছাতে পারি না। এমনকি ফুটপাতগুলোও দখল করে রাখা হয়েছে।’

বেসরকারি অ্যাম্বুলেন্সচালক বাচ্চু বলেন, ‘শহরের মধ্যে তীব্র যানজটের কারণে রোগী পরিবহনে আমরা বিপদে পড়ি। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জরুরি শব্দযন্ত্র ব্যবহার করলেও যানজটের কারণে পথ মেলে না।’

শহরের হোগলাপট্টি থেকে শীতলা খোলা মোড় এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত প্রতিদিন মাছ, মুরগি, সবজি ও ফল বিক্রি হচ্ছে। কেউ ভ্যান গাড়িতে, কেউ মাটিতে পশরা সাজিয়ে বিক্রি করছেন। এতে গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটেও চলাচল কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া হোগলাপট্টি থেকে সাধনার মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ফুটপাত স্থায়ী দোকানগুলোও দখল করে ব্যবসা করছে, যে কারণে পথচারীরা ব্যাপক সমস্যায় পড়ছেন।

জানতে চাইলে ভ্রাম্যমাণ দোকানদারেরা বলেন, ‘আমাদের দোকান ভাড়া দিয়ে এত খরচের মধ্যে ব্যবসা চালানো সম্ভব নয়। তাই রাস্তার ওপর বিকল্পভাবে কাজ করে কেবল জীবিকা নির্বাহ করছি। যদি ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট একটি স্থান বা বাজারের ব্যবস্থা করা হতো, তাহলে আমাদের জন্য অনেক সহজ হতো।’

অন্যদিকে স্থায়ী দোকানদারদের অভিযোগ, লাখ লাখ টাকা খরচ করে তাদের ব্যবসা পরিচালনা করতে হয়। অথচ রাস্তার দোকানদাররা বিনা মূল্যে কম দামে পণ্য বিক্রি করে ক্রেতা টানছেন। ফলে তাঁদের ব্যবসার ক্ষতি হচ্ছে। কালীবাড়ি রোডের ওষুধ ব্যবসায়ী তূর্য বলেন, ‘যানজট এবং ভ্রাম্যমাণ বাজারের কারণে ক্রেতারা শহরে আসতে চায় না। ব্যবসা দিন দিন খারাপ হচ্ছে।’

এ বিষয়ে ঝালকাঠি ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. রহমত মিয়া বলেন, ‘অবৈধ অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে যানজট কমানো সম্ভব নয়। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, শহরে কোথাও আগুন লাগা বা দুর্ঘটনার খবর পেলে দ্রুত পৌঁছাতে হয়। কিন্তু যানজটের কারণে গাড়ি নিয়ে বের হওয়া খুব কষ্টসাধ্য। অনেক সময় সময়মতো পৌঁছাতে না পারায় আগুন নিয়ন্ত্রণ বা আহতদের উদ্ধার কাজে দেরি হয়।

স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের অভিযান প্রায়ই লোকদেখানো। মাঝেমধ্যে পরিচালিত হলেও পরবর্তী সময়ে আগর মতো যানজট দেখা দেয়। এ বিষয়ে পৌর প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, শহরের ভেতরে রাস্তার দুই পাশে দোকান বসানো নিষিদ্ধ করা হয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে। বর্ষাকালে গ্রামে কাজ কম থাকায় অনেকেই শহরে এসে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চালাচ্ছেন। মানবিক কারণে কিছুদিন অভিযান শিথিল করা হয়েছিল। তবে অতিরিক্ত ভিড় ও যানজটের কারণে এখন আবার অভিযান চলছে।

 

মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায়। এটাকে তিনি ‘নতুন আঞ্চলিক বিন্যাস’ হিসাবে অভিহিত করেন। তার দাবি, সেই ব্যবস্থায় বিদেশি শক্তিগুলো দ্রুত তাদের প্রভাব হারাচ্ছে। আবু মাহদি আল-মুহান্দিস ও কাসেম সোলেইমানির কথা উল্লেখ করে বুধবার এক্স-এ দেওয়া পোস্টে গালিবাফ লেখেন, ‘প্রিয় আবু মাহদি ও হাজ কাসেম! এটি আপনাদের সংগ্রাম ও পবিত্র রক্তের ফসল।

আলজাজিরা জানায়, আবু মাহদি আল-মুহান্দিস ছিলেন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একজন জ্যেষ্ঠ কমান্ডার। আর কাসেম সোলেইমানি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তারা দুজনেই নিহত হন।

গালিবাফ বলেন, ‘নতুন আঞ্চলিক বিন্যাসে বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে আসছে; যুক্তরাষ্ট্র এ অঞ্চল থেকে সম্মানজনকভাবে সরে যাওয়ার পথ খুঁজছে। নদী থেকে সমুদ্র (রিভার টু দ্য সি) পর্যন্ত বিস্তৃত জায়গাজুড়ে জায়নবাদী শাসনব্যবস্থার যে প্রকল্প ছিল, তা এখন কেবলই এক অলীক স্বপ্নে পরিণত হয়েছে।’

 

ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের : দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে-এমন অভিযোগে ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে তেহরান হামলার অভিযোগ অস্বীকার করেছে। বুধবার ভোরের দিকে দেওয়া বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে এমন উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে যাবতীয় বাণিজ্য, বাণিজ্যিক আদান-প্রদান এবং আর্থিক লেনদেন স্থগিত করা হয়েছে।’ আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বারা তার দেশের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের প্রেক্ষাপটে এটি একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ (অন্যের ওপর দোষ চাপানোর উদ্দেশ্যে সাজানো কোনো ঘটনা) হতে পারে।

 

বাঘাই সতর্ক করে বলেন, এ দাবি ‘সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির পরিপন্থি।’ তিনি আঞ্চলিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা তেহরানের বিরুদ্ধে উত্থাপিত এসব ভিত্তিহীন অভিযোগ থেকে দূরে থাকে। তিনি আরও যুক্তি দেন, পরিস্থিতির যে কোনো নিরপেক্ষ মূল্যায়নে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড’কেও বিবেচনায় নিতে হবে।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ : যুদ্ধের প্রথম ছয় সপ্তাহে ইরান অন্য যে কোনো উপসাগরীয় দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) লক্ষ্য করে সবচেয়ে বেশি প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল। তারা যুক্তরাষ্ট্রের সম্পদ বা স্থাপনা হিসাবে চিহ্নিত লক্ষ্যবস্তুর ওপর ৫৩০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ডজনখানেক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছিল। তবে হামলা চালিয়ে কখনোই দায় অস্বীকার করেনি ইরান। সেক্ষেত্রে এবারের হামলা কারা চালিয়েছে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

 সোহেল রানাঃ তালতলীতে বিএনপির দুই গ্রুপের পালটাপালটি সভা কেন্দ্র করে দুদিন ধরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে ১টি ইয়ারগান এবং বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার গাবতলী এলাকা থেকে আটকরা হলো- তালতলীর আঙ্গারপাড়ার লিমন সিকদার, কলাপাড়ার চাকামইয়া এলাকার অনিক মজুমদার, বরগুনার কেওরাবুনিয়ার মো. জামাল, নরাইলের লোহাগড়ার জিহাদ খান ও বরগুনার কেওরাবুনিয়ার হৃদয় মোল্লা।

জানা যায়, গত শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের দেওয়া একটি বক্তব্য কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরই জেরে দুই গ্রুপ বুধবার পালটাপালটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

পরে গাবতলী এলাকায় ৫ জনকে আটক করে পুলিশ। বিকালে মাহবুবুল আলম মামুনের চাচাতো ভাই আল আমিনের বাড়ি থেকে ১টি এয়ারগান উদ্ধার করে যৌথ বাহিনী। মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, জেলা বিএনপির প্রকাশ্য মদদে আমার লোকজনদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

আজকের সমাবেশে সন্ত্রাসী হামলা করার জন্য বহিরাগতদের ভাড়া করে এনেছে। মাহবুবুল আলম মামুন বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে আমি অবগত না। ওসি সাইদুল ইসলাম বলেন, এখনোও যৌথ বাহিনীর অভিযান চলছে।

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য পেয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। খবর এসপিএ’র।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই কুরআনের হাফেজ। এবারের প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী।

পাঁচটি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন। বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য এক কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।