খুঁজুন
রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ়, ১৪৩৩

পাথরঘাটায় পানি নেই, তবুও বিল আসে

পাথরঘাটা প্রতিনিধি :
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
পাথরঘাটায় পানি নেই, তবুও বিল আসে

বরগুনার পাথরঘাটা পৌরসভায় গত ছয় মাস ধরে চলছে তীব্র পানির সংকট। পৌরসভার ছয়টি সাপ্লাই পাম্পের মধ্যে চারটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে থাকায় অধিকাংশ এলাকায় পানির সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে পানির জন্য দুর্বিষহ দিন কাটাচ্ছেন পৌরবাসী।

দেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় এই শহরের এক পাশে বলেশ্বর নদী, অন্য পাশে বিষখালী নদী আর দক্ষিণে রয়েছে উত্তাল বঙ্গোপসাগর। অথচ চারপাশে পানি থাকলেও বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছেন পৌর এলাকার সাধারণ মানুষ।

বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, মাসের পর মাস পানির এক ফোঁটাও না পেলেও নিয়মিত বিল দিতে হচ্ছে। শুধু তাই নয়, পৌরসভার পানির ইউনিট রেট অন্যান্য পৌরসভার তুলনায় অনেক বেশি। ফলে এ অবস্থাকে অনেকে আখ্যা দিয়েছেন “জলবিহীন বিল-নিপীড়ন” হিসেবে।

৩নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, আমার বাড়ি একটু উঁচু স্থানে। গত দেড় বছরেও এক ফোঁটা পানি পাইনি। কিন্তু বিল ঠিকই আসে প্রতি মাসে। পানির জন্য বহু দূর থেকে কিনে আনতে হয়। গোসল করা এখন বিলাসিতা হয়ে গেছে।

স্থানীয়রা জানায়, একাধিকবার মানববন্ধন ও পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেও কার্যকর কোনো পদক্ষেপ পায়নি তারা। বরং দিন দিন সংকট আরও ঘনীভূত হয়েছে।

পানি সরবরাহ শাখার গ্রাহক প্রতিনিধি সাংবাদিক খলিলুর রহমান বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় একের পর এক পাম্প বিকল হচ্ছে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় আজ এই সংকট তৈরি হয়েছে।

পাথরঘাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মজিবুল হায়দার বলেন, কিছু ওয়ার্ড উঁচু হওয়ায় সেখানে সাপ্লাই পানি পৌঁছাতে সমস্যা হচ্ছে। নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিগগির কাজ শুরু হবে।

পৌর প্রশাসক ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, পানি সরবরাহ না হওয়ায় আমরা দুঃখিত। যেসব এলাকায় পানি দেওয়া যায়নি, সেখানে বিল সমন্বয় করা হবে। তবে ভূগর্ভস্থ পাথরের স্তর থাকার কারণে এখানে গভীর নলকূপ স্থাপন করা কঠিন।

এজন্য পৌর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে ১৪০০ ফুট গভীরে নলকূপ বসিয়ে পানি সরবরাহ করতে হয়। যান্ত্রিক ত্রুটি ও বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে শিগগিরই এর সমাধান হবে।

 

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী যোগদান করেছেন। সম্মেলনে আসা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তিনি কথা বলছেন।’

এই ফোরামে অংশ নেওয়া চীনা বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ও প্রত্যক্ষ ধারণা লাভ করবেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ বা ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’। সম্মেলনে সভাপতিত্ব করছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিয়েছেন তারেক রহমান। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি।

 

চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জবাবে আলোইস জভিংগি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগ বৈশ্বিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন কার্যক্রম আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অর্থায়নকারী সংস্থাগুলোর আগ্রহ বাড়াবে ।

তিনি বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বরিশালে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে মাঠে বিএনপি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
বরিশালে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে মাঠে বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে বরিশাল নগরীতে মিছিল-শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

 

মঙ্গলবার (২৩ জুন) ঘিরে অপতৎপরতা ঠেকাতে পুলিশও চিরুনি অভিযানসহ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। গত ১৫ দিনে আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে নগর পুলিশ।

আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে নগরীতে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এর আগে নগরীতে শোডাউন ও মিছিল করেছে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। এছাড়াও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মিছিলসহ শোডাউন করেছে।

অন্যদিকে বরিশাল নগর পুলিশের চার থানায় গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মী।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, দিনটিকে ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ। সন্দেহভাজনদের তল্লাশিসহ আটক করা হচ্ছে। পুলিশ নগরী নির্বিঘ্ন রাখতে তৎপর রয়েছে।

 

ইরানের ১২০০ কোটি ডলার তহবিল ছাড়ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
ইরানের ১২০০ কোটি ডলার তহবিল ছাড়ছে যুক্তরাষ্ট্র

অন্তর্বর্তী চুক্তির শর্ত হিসাবে ইরানের ১২০০ কোটি ডলার জব্দ সম্পদ মুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ অর্থ ৬০০ কোটি ডলার করে দুদফায় ছাড় দেওয়া হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ তথ্য জানিয়েছেন। হরমুজ প্রণালি নিয়ে তিনি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন থেকে তেহরান পরিচালনা করবে।

 

গালিবাফের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের জব্দ অর্থ ছাড় দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপটি দুই দেশের মধ্যে সমঝোতার তাৎক্ষণিক ফল। এ নিয়ে সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। গালিবাফ এ তহবিল মুক্তিকে সমঝোতা স্মারকের অধীনে তেহরানের অন্যতম প্রধান অর্জন বলে বর্ণনা করেন।

গালিবাফ আরও জানান, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত অপরিশোধিত তেল রপ্তানি, পেট্রোকেমিক্যাল ও সংশ্লিষ্ট উপজাত পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ ব্যাংকিং, বিমা ও পরিবহণ খাত পর্যন্ত বিস্তৃত।

যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ হরমুজ প্রণালিতে জ্বালানি তেলবাহী জাহাজের চলাচল বাড়াতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং সাবেক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হেনরি এনশার বলেন, জাহাজ চলাচলের অগ্রগতি ইঙ্গিত দেয়-চুক্তিটির বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আলজাজিরাকে তিনি বলেন, ‘উভয়পক্ষই এটা দেখাতে খুব আগ্রহী যে, কোনোভাবে তারা সুবিধাজনক অবস্থানে আছেন, অথবা অন্তত তাদের দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে না।’

এএফপি লিখেছে, ছাড়ের অর্থ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার বলেন-এ অর্থ দিয়ে ইরান সয়াবিনসহ যুক্তরাষ্ট্রের পণ্য কিনতে সম্মত হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে। জেনেভায় জাতিসংঘের দূত আলি বাহরাইনি এ দাবি অস্বীকার করে বলেন, ইরান সিদ্ধান্ত নেবে, তারা তাদের অর্থ কিসে ব্যবহার করতে চায়। তিনি জানান, শিগগিরই এ অর্থ মুক্ত হতে যাচ্ছে।

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে সরকারি সফরে দেশটিতে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার সঙ্গে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও। মঙ্গলবার পেজেশকিয়ান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দ্য ডন অনলাইন এ খবর জানিয়েছে। পাকিস্তানের সেনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এটি পেজেশকিয়ানের দ্বিতীয় পাকিস্তান সফর।

সাক্ষাৎকালে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ‘ভালো এবং খারাপ সময়ে’ ইরানের পাশে থাকার কথা বলেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন জানান। এক বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে, দুই দেশের প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সম্পর্ক-বিশেষ করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা, যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ নিয়ে কথা বলেছেন।

আলী খামেনির দাফনের সময়সূচি ঘোষণা : ইরান সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের প্রথম হামলায় তিনি নিহত হন। রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, অনুষ্ঠানগুলো ৪ জুলাই তেহরানে শুরু হয়ে ৬ জুলাই পর্যন্ত চলবে। ৭ জুলাই শ্রদ্ধা নিবেদনের জন্য কোমে স্থানান্তর করা হবে। ৯ জুলাই খামেনিকে তার জন্মস্থান, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে।

অংশগ্রহণ সহজ করার জন্য কর্তৃপক্ষ দাফনের প্রধান অনুষ্ঠানগুলোর সময় তেহরানে সরকারি ছুটি ঘোষণা করেছে। কর্মকর্তারা আশা করছেন, তেহরানের অনুষ্ঠানগুলোতে প্রায় ২ কোটি মানুষ অংশ নেবেন। দাফন কার্যক্রম মূলত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধের কারণে তা স্থগিত করা হয়।