খুঁজুন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন, ১৪৩৩

পটুয়াখালী-৩ আসন থেকে লড়বেন নুরুল হক নুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
পটুয়াখালী-৩ আসন থেকে লড়বেন নুরুল হক নুর

৩৬ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করল গণ অধিকার পরিষদ

আগামী জাতীয় নির্বাচনে ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে প্রথম ধাপে এসব প্রার্থী ঘোষণা করে দলটি। ৩৬ আসনের বিষয়টি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সমস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নিশ্চিত করেছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, দলের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩, সধারণ সম্পাদক মো. রাশেদ খান ঝিনাইদহ-২, সহসভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও-২, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেত্রকোনা-২ আসেন নির্বাচন করবেন।
এ ছাড়া আবু হানিফ কিশোরগঞ্জ-১, উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান টাঙ্গাইল-২, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব রংপুর-১, উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম পটুয়াখালী-১, আব্দুজ জাহের নোয়াখালী-৪, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী (উচ্চতর পরিষদ সদস্য) কুড়িগ্রাম-৩, অ্যাড. আশরাফুল বারী নোমান (উচ্চতর পরিষদ সদস্য) হবিগঞ্জ-৩, অ্যাড. খালিদ হাসেন (উচ্চতর পরিষদ সদস্য) খুলনা-৫, আবদুর রহমান গাজীপুর-২, কবীর হোসেন (উচ্চতর পরিষদ সদস্য) টাঙ্গাইল-৬, সহসভাপতি গোলাম সরওয়ার খান জুয়েল পাবনা-২ আসনে নির্বাচন করবেন।
চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচন করবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন। এদিকে টাঙ্গাইল- ৭ আসেন তোফাজ্জল হোসেন
(ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক), মুন্সিগঞ্জ -১ আসনে মোহাম্মদ জাহিদুর রহমান (সহসভাপতি), সিলেট-৬ আসনে অ্যাড. জাহিদুর রহমান (সদস্য),
কিশোরগঞ্জ-২ আসনে মো. শফিকুল ইসলাম শফিক (সহসভাপতি), কক্সবাজার-১ আসনে আব্দুল কাদের প্রাইম, ঢাকা-১৯ আসনে শেখ শওকত হোসেন (আইন সম্পাদক), ঢাকা-৫ আসনে ইব্রাহিম রওণক (সহসভাপতি), চট্টগ্রাম-৯ আসনে কামরুন নাহার ডলি (যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী-১ আসনে মির মো. শাহজাহানকে (সহসভাপতি) সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ।
সংবাদ সম্মেলনে দলের মো. সুরুজ্জামান গাইবান্ধা-৩ আসনের প্রার্থী ঘোষণা করা হয়ছে।

তিনি ওই জেলার সহসভাপতি পদে আছেন। সোহাগ হোসাইন বাবুকে (সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক) নীলফামারী-৩, ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফকে (সদস্য) বরগুনা-১, মুনতাজুল ইসলামকে (সাংগঠনিক সম্পাদক, যুব অধিকার পরিষদ) সাতক্ষীরা-১, ডা. এমদাদুল হাসানকে (আহ্বায়ক, চট্রগ্রাম দক্ষিণ) চট্রগ্রাম-১২, মো. ইমরান খান রাসেলকে (শিল্প, বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ-সম্পাদক) পিরোজপুর-৩, ওয়াহেদুর রহমান মিল্কিকে (সহসভাপতি) নারায়ণগঞ্জ-৩, মিজানুর রহমান ভূঁইয়াকে (আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর) ঢাকা-১৩, মোহাম্মদ ইলিয়াস হোছাইনকে (সহসভাপতি, মানিকগঞ্জ জেলা) মানিকগঞ্জ-১, রবিউল হাসানকে পটুয়াখালী-৪, নাছরিন আক্তার লাকীকে চট্রগ্রাম-৩ আসনে প্রার্থী করেছে দলটি।

সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুর বলেন, অন্তর্বর্তী সরকারের ১১ মাসে আমাদের স্বপ্ন, দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা দাবি জানাচ্ছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হোক। তিনি অভিযোগ করেন, ‘রাজনীতিতে ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা চলছে। আর সরকার পদে পদে আমাদের লাঞ্ছিত ও বঞ্চিত করেছে।’

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা দায়িত্বপ্রাপ্ত কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারেন সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়ারও দাবি জানান তিনি। এছাড়া নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকেও ঢেলে সাজানোর দাবি জানান নুর।

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এ হামলার জবাবে ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাঘাঁটি আল-আজরাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে অন্তত দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবিও করেছে তেহরান।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের আইআরজিসি গত দুই দিনে একটি মার্কিন যুদ্ধজাহাজকে দু’বার লক্ষ্য করার চেষ্টা করেছিল। তবে জাহাজটি সফলভাবে হামলা এড়িয়ে যায়।

সেন্টকমের দাবি, এরপর মার্কিন বাহিনী ওমান উপসাগরে থাকা ইরানের চারটি তেলবাহী জাহাজ—‘কাভিজ’, ‘চারমিনার’, ‘হরাইজন-১’ ও রিয়েস্কো—এবং খারগ দ্বীপের কাছে থাকা ‘দেরিয়া’ নামের আরেকটি জাহাজে হামলা চালায়।

 

হামলার আগে জাহাজগুলোর নাবিকদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। পরে মার্কিন বাহিনী এমন একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ‘রিয়েস্কো’ নামের একটি জাহাজকে ওমান উপসাগরে ডুবে যেতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি খারগ দ্বীপের কাছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধের আগে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমে হতো বলে জানানো হয়েছে।

আইআরআইবি জানায়, ওই হামলায় জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে ওমান উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জাস্ক বন্দরের কাছেও আরেকটি ইরানি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

পরে আইআরজিসি জানায়, মোট পাঁচটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করা হয়েছে।

 

এর জবাবে জর্ডানের আল-আজরাক মার্কিন ঘাঁটিতে ‘তীব্র ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর দাবি করেছে আইআরজিসি। হামলায় মার্কিন যুদ্ধবিমান রাখার কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা।

এ ছাড়া মার্কিন নৌবাহিনীর ‘ডিডিজ-১১৯’ ও ‘ডিডিজি-৫৩’ নামের দুটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেগুলোতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ করার দাবিও করেছে ইরান।

তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাগরে লঘুচাপের শঙ্কা, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
সাগরে লঘুচাপের শঙ্কা, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূবাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

প্রথম দিনের পূর্বাভাস (৯ সেপ্টেম্বর): ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিনের পূর্বাভাস (১০ সেপ্টেম্বর): রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তৃতীয় ও চতুর্থ দিনের পূর্বাভাস (১১-১২ সেপ্টেম্বর): ১১ সেপ্টেম্বর সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। ১২ সেপ্টেম্বর থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসে দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় স্থায়ী হতে পারে। এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।

পঞ্চম দিনের পূর্বাভাস (১৩ সেপ্টেম্বর): দেশের আটটি বিভাগেরই দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ময়লার স্তূপে পাশাপাশি পড়েছিল দুই নবজাতকের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
ময়লার স্তূপে পাশাপাশি পড়েছিল দুই নবজাতকের লাশ

বরিশাল নগরের ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তাদের একজন ছেলে ও অন্যজন মেয়ে। 

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্ট অফিস সংলগ্ন ময়লার স্তূপ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ দুটি প্লাস্টিকের বাটি চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির লাশ ওই স্থানে এসে থাকতে পারে।

কোতোয়ালী থানার ওসি আল মামুন ইসলাম বলেন, খবর পাওয়ার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল। থানা থেকে বিষয়টি জানানোর পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি দেখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হয়। পরে নবজাতক দুটির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়।

নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের লাশ ময়লার স্তূপে এলো- তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।