খুঁজুন
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ়, ১৪৩৩

পটুয়াখালীতে ইউএনও’র বদলির খবরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
পটুয়াখালীতে ইউএনও’র বদলির খবরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের বদলির খবরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে শহরের জিরো পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈকত এলাকায় এসে শেষ হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আনন্দ মিছিলে অংশ নেওয়া মো. মন্নান নামের একজন বলেন, ‘ইউএনও রবিউল সাধারণ মানুষের জন্য কাজ করতে আসেনি। তিনি সাধারণ মানুষকে কষ্ট দিয়েছেন এতদিন। মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া, অন্যায় অত্যাচার করেছেন। তার এ বদলির খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির বিরাজ করছে। মানুষ মিষ্টি বিতরণ করছে, আনন্দ উল্লাস করছে।’

রুমি শরিফ নামে এক ব্যবসায়ী জানান, ‘ইউএনও নিজের স্বার্থে স্থানীয় ব্যবসায়ীদের নির্যাতন করতেন, চাঁদা নিতেন। এমনকি মসজিদের জমি পর্যন্ত দখল করেছেন। তার বদলির খবরে সাধারণ মানুষের মধ্যে উল্লাস তৈরি হয়েছে।’

হারুন মৃধা বলেন, ‘রবিউল ইসলাম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি সৌন্দর্য বর্ধনের নামে কুয়াকাটার ক্ষুদ্র ব্যবসায়ীদের বার বার উচ্ছেদ করেছেন। এতে তারা নিঃস্ব হয়ে গেছেন। পরিবার পরিজন নিয়ে অসহায় জীবন যাপন করেছেন তারা। তার বদলির খবরে আমরা খুশি হয়েছি। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছি।’

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে বদলি করে ভূমি মন্ত্রণালয়ের ভূমি আপিল বোর্ডের শাখা প্রধান হিসাবে দায়িত্বে দেওয়া হয়। এর আগে ২০ মার্চ ২০২৪ থেকে তিনি এ উপজেলা দায়িত্ব পালন করে আসছিলেন।

 

লেবানন ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে: হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
লেবানন ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে: হিজবুল্লাহ

ইসরাইলি হামলায় বিধ্বস্ত লেবানন

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রোববার (২৮ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।  এ ঘটনায় নিজেদের দেশ ও জনগণকে রক্ষার অধিকার হিজবুল্লাহর আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরান-সমর্থিত সংগঠনটি।

 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হিজবুল্লাহর দাবি, ইসরাইল যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ শহর এবং পাশের মায়ফাদুন শহরের আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে। এ ছাড়া ইসরাইলি  ড্রোন ফ্রাউন শহর ও বিনত জবেইল জেলার খোলা এলাকায় হামলা চালায়। একই সঙ্গে তাইবেহ ও হাদ্দাথা এলাকার আবাসিক ভবন লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমরা যুদ্ধবিরতি চুক্তির এসব লঙ্ঘনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মাতৃভূমি ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে।’

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে বলা হয়েছে, যুদ্ধের অবসান সব ফ্রন্টেই কার্যকর হবে, যার মধ্যে লেবাননও রয়েছে।

তবে এর পরও মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইল তাদের হামলা আরও জোরদার করেছে।

বানারীপাড়ায় ভাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ভাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

বরিশালের বানারীপাড়ায় বালু বোঝাই ভাল্কহেডের ধাক্কায় কচা নদীর ব্রিজ ভেঙে পড়েছে। ফলে ২৪ ঘণ্টা ধরে পিরোজপুরের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সৈয়দ বজলুল হক কলেজের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান বিপ্লব যুগান্তরকে বলেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বানারীপাড়া সন্ধ্যা নদী থেকে বালু নিয়ে আসা একটি ভাল্কহেড তার বাড়িসংলগ্ন কচা নদীর ব্রিজে সজোরে ধাক্কা দেয়। ফলে ওই ব্রিজের একপ্রান্তের তৃতীয় পিলার বাকা হয়ে একটি স্প্যান বালুবাহী ভাল্কহেডের ওপর পড়ে যায়। এ সময় বালুবোঝাই ভাল্কহেডে থাকা সাড়েং ও সুকানিসহ পাঁচ শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যায়।

এদিকে ভাল্কহেডের ধাক্কায় কচা নদীর ওপর দুই জেলার সংযোগ সড়কের ওই ব্রিজটি ভেঙে পড়ার কারণে পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার মিয়ারহাট হয়ে পিরোজপুর জেলার সড়ক যোগাযোগ গত ২৪ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে। এ কারণে ওই সড়কের যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

বরিশালে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
বরিশালে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত ছাত্রদল নেতা মো. বেল্লাল হোসেন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনের (৪০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকালে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার সময় কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় একটি মোবাইলের দোকানে বসা ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রদল নেতাকর্মী তাকে ডেকে দোকান থেকে বের করে। এরপর রাস্তায় ফেলে ওইসব নেতাকর্মীরা তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তিনি দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নিলে তাকে দ্বিতীয় দফা দোকান থেকে টেনে বের করে মারধর করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন এখন গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।