খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

৭ লঞ্চ ও ৬৫ বাসে সমাবেশে যোগ দেবেন বরিশালের জামায়াত নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ
৭ লঞ্চ ও ৬৫ বাসে সমাবেশে যোগ দেবেন বরিশালের জামায়াত নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ। ৭টি লঞ্চ ও ৬৫টি বাস যোগে সমাবেশে অংশগ্রহণ করবে বরিশালের নেতাকর্মীরা। এর মধ্যে জেলা জামায়াতের উদ্যোগে ৪টি লঞ্চ ও ৬৫টি বাস এবং মহানগর জামায়াতের উদ্যোগে ৩টি লঞ্চ ভাড়া করা হয়েছে।

বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সমাবেশে যোগ দিতে বরিশাল মহানগর জামায়াতে ইসলামী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বরিশাল থেকে ৩টি পূর্ণাঙ্গ লঞ্চ ভাড়া করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর সুবিধার্থে এসব লঞ্চ সম্পূর্ণভাবে ভাড়া করা হয়েছে। এই লঞ্চে শুধু মহানগরের ৬ হাজার নেতাকর্মী ঢাকা অভিমুখে যাত্রা করবেন।

বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার বলেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আমাদের আদর্শিক অবস্থান ও জনসম্পৃক্ততা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই আমরা বরিশাল থেকে সম্মিলিতভাবে অংশ নিচ্ছি। তিনি আরও বলেন, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বরিশাল থেকে ৪টি পূর্ণাঙ্গ লঞ্চ ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৬৫টি বাস ভাড়া করা হয়েছে।

এর মধ্যে বড় একটি লঞ্চ বরিশাল নদী বন্দর থেকে ছেড়ে যাবে। এছাড়া অন্য তিনটি লঞ্চ জেলার হিজলা মুলাদী ও মেহেন্দিগঞ্জ থেকে ছেড়ে যাবে। দলীয় নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর সুবিধার্থে এগুলো ভাড়া করা হয়েছে। এই লঞ্চ ও বাসে জেলা জামায়াতের ১২ হাজার নেতাকর্মী ঢাকা অভিমুখে যাত্রা করবেন।

বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আহমেদ বায়জিদ বলেন, জামায়াতের এই আয়োজনকে কেন্দ্র করে বরিশাল নদীবন্দর এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। ঢাকা রওনা দেয়ার আগে সংক্ষিপ্ত দোয়া ও বক্তব্যের মাধ্যমে যাত্রা শুরু করা হয়।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।