খুঁজুন
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১ মাঘ, ১৪৩২

‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই নারী কেবিন ক্রুর বিরুদ্ধে প্রেমের নামে প্রতারণা ও নগদ অর্থ, সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন বিমানের বিজনেস ক্লাসের দুই যাত্রী। তাদের মধ্যে একজন বিচার চেয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করেছেন। আরেকজন অভিযোগের পাশাপাশি মামলাও করেছেন আদালতে।

বিমানের অভিযুক্ত দুই কেবিন ক্রুর নাম এম এস টি মৌরি ও খাদিজা সুলতানা শিমু। এর মধ্যে মৌরির বিরুদ্ধে অভিযোগ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নাছির উদ্দিন। আর শিমুর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ওমর ফারুক চৌধুরী। তিনি দেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা।

ভুক্তভোগী দুই যাত্রীর অভিযোগ, মৌরি ও শিমু ভালো বন্ধু। তারা পরিকল্পনা করে অধিকাংশ সময় একই ফ্লাইটে দায়িত্ব পালন করেন। এ সুযোগে বিজনেস ক্লাসের যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। সুযোগ বুঝে নিজেরাই দেন প্রেমের প্রস্তাব। তারপর বিয়ের প্রলোভনে প্রেমিকের কাছ থেকে হাতিয়ে নেন নগদ অর্থ, সোনা, আইফোনসহ মূল্যবান মালামাল। পরে বিয়ের চাপ দিলে সটকে পড়েন।

তবে ওই অভিযোগ অস্বীকার করেন কেবিন ক্রু এম এস টি মৌরি। তিনি জানান, তিনি কারও সঙ্গে প্রতারণা করেননি। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। অন্যদিকে, এটা ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যান শিমু।

মৌরি ও তার ক্রাইম পার্টনার শিমু বিমানের ইউনিফর্ম ও ইমেজ ব্যবহার করে প্রতিটি ডেসটিনেশনে হাইপ্রোফাইলের প্রফেশনাল ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করছে। তারা প্রেমের জালে ফেলে অর্থ, সম্মান লুট করে নিচ্ছে। আমি চাই বিমান যাতে তাদের চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক নজির স্থাপন করে।-ভুক্তভোগী নাছির উদ্দিন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা জানান, বেশ কয়েক বছর ধরে বিমানের কেবিন ক্রুদের বিরুদ্ধে এ ধরনের প্রতারণার কথা শোনা যাচ্ছে। তবে ‘ইজ্জতের ভয়ে’ যাত্রীদের কেউ বিমানে লিখিত অভিযোগ দেননি। ফলে কারও বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেওয়া যায়নি। কিন্তু এবার দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সঙ্গে ছবি, ভিডিওসহ পর্যাপ্ত তথ্য-প্রমাণ জমা দিয়েছেন ওই দুই ভুক্তভোগী। এখন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ হলে চাকরিবিধি অনুযায়ী তাদের চাকরিচ্যুতসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাতে এ ধরনের প্রতারণার সাহস না পান অন্য কেবিন ক্রুরা।

কাতার প্রবাসী নাছির উদ্দিনের অভিযোগ
গত ২১ আগস্ট একজন কেবিন ক্রুর বিরুদ্ধে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন কাতার প্রবাসী নাছির উদ্দিন। তার লিখিত অভিযোগে বলা হয়, ‘২০২৪ সালের ১০ অক্টোবর কাতারের একটি হোটেলে মৌরি নিজেকে বিমানের কেবিন ক্রু হিসেবে পরিচয় দিয়ে আমার সঙ্গে পরিচিত হন। তখন আমার স্ট্যাটাস দেখে কমিটেড রিলেশনে যেতে ইচ্ছা প্রকাশ করেন। ১৬ অক্টোবর আবার দোহা ফ্লাইটে গিয়ে আমাকে কল করে হোটেল লবিতে ডেকে প্রেমের প্রস্তাব দেন। পরদিন তাকে আমি লং ড্রাইভে নিয়ে যাই বিচে। ১৬ থেকে ২০ অক্টোবর লে ওভারে আমার সঙ্গে ছিল। এ সময় আমার কাছে শপিং করে দিতে আবদার করে এবং তা করে দেই।’

ওই চিঠিতে আরও বলা হয়, ‘গত ১৪ ডিসেম্বর আমি লন্ডনে যাই বিজনেস ট্রিপে। তখন মৌরি বিমানের শিডিউলার দুজনকে ম্যানেজ করে লন্ডন ফ্লাইটে ওঠেন। তখন তিনি তার কলিগসহ ঘোরাতে এবং শপিং করিয়ে দিতে জোর করে আমাকে ব্যস্ত শিডিউলের মধ্যে। ৩০ ডিসেম্বর আমি বিজনেস মিটিংয়ে ঢাকা আসি। তিনি ৫ জানুয়ারি ফ্লাইট থেকে ফিরে আমার জন্মদিন পালন করেন গুলশান ক্যাপিটাল ক্লাবে। তার কলিগ শিমুর বয়ফ্রেন্ড ওমরের সঙ্গে সিলেটে যাওয়া ও আমাকে কক্সবাজারে নিয়ে যেতে বলে। বিজি শিডিউল থাকায় অপারগ হই। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মৌরি তার দেশীয় বয়ফ্রেন্ড রাইয়ানের সঙ্গে থাকেন হোটেল সারিনায়। তারপর থেকে আমার সঙ্গে দূরত্ব শুরু হয়। এরপর থেকেই সে আমাকে মেন্টালি ম্যানিপুলেট করে সব সময় উত্তেজিত করে আমার কথা রেকর্ড করে রাখতো। মার্চের শেষ দিকে প্যারালালি রিলেশনশিপ চালায় কাতার প্রবাসী গাড়ির গ্যারেজের মালিক কায়সারের সঙ্গে।’

ওনার (নাছির উদ্দিন) সঙ্গে কথা হয়েছে অনেকদিন। এরপর তিনি আমাকে প্রপোজ করেন। তখন আমি বলেছি বিষয়টা আমি ভেবে দেখবো। আগে আপনাকে চিনি, জানি। পরে জানতে গিয়ে দেখলাম, তিনি অনেক বেশি ড্রিংকস করেন। কল দিয়ে আমাকে অনেক আজেবাজে কথা বলেন। এসব দেখে তো আমি তার সঙ্গে রিলেশনে যাবো না।–কেবিন ক্রু এম এস টি মৌরি

এর মধ্যে গত জুনে মৌরি তার জন্মদিনের গিফট হিসেবে আইফোন ১৬ (পিংক কালার) কিনে দিতে বলে, তখন আমি কাতার থেকে আইফোন কিনে পাঠিয়ে দেই বাংলাদেশে। আমি ২৫ জুলাই বিজনেস মিটিংয়ে জার্মানির ফ্রাঙ্কফুটে যাই। এ খবর জেনে মৌরি শিডিউলারকে ঘুস দিয়ে তার ক্রাইম পার্টনার শিমুসহ ২৫ জুলাই রাতে দোহা যায়। জানতে পারি, তখন তারা কায়সারের সঙ্গে রাতে নাইট ক্লাব হাইডসে (৫৬ ফ্লোর) মদপান করে ভোরে ফেরে হোটেলে।’

লিখিত অভিযোগে আরও জানান, ‘৭ আগস্ট মৌরির সঙ্গে হোটেলে আমার দেখা হয়। তখন তিনি তার আসল মতামত জানান। মৌরি বলেন ‘আমি একজনের সঙ্গে দুই মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে।’ এটা বলে চলে গিয়ে আমাকে ব্লক করে দেন। আর যোগযোগ করেননি। এখন মৌরির বিরুদ্ধে বিমানে লিখিত অভিযোগ দেওয়ায় তার আরেক প্রেমিক রাইয়ানকে দিয়ে প্রতিনিয়ত আমাকে হুমকি দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী কাতার প্রবাসী বলেন, ‘মৌরি ও তার ক্রাইম পার্টনার শিমু বিমানের ইউনিফর্ম ও ইমেজ ব্যবহার করে প্রতিটি ডেসটিনেশনে হাইপ্রোফাইলের প্রফেশনাল ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করছে। তারা প্রেমের জালে ফেলে অর্থ, সম্মান লুট করে নিচ্ছে। আমি চাই বিমান যাতে তাদের চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক নজির স্থাপন করে। যাতে পরবর্তীসময়ে আর কেউ এমন স্ক্যাম করতে সাহস না পায়।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেন মৌরি। তিনি বলেন, ‘ওনার (নাছির উদ্দিন) সঙ্গে কথা হয়েছে অনেকদিন। এরপর তিনি আমাকে প্রপোজ করেন। তখন আমি বলেছি বিষয়টা আমি ভেবে দেখবো। আগে আপনাকে চিনি, জানি। পরে জানতে গিয়ে দেখলাম, তিনি অনেক বেশি ড্রিংকস করেন। কল দিয়ে আমাকে অনেক আজেবাজে কথা বলেন। এসব দেখে তো আমি তার সঙ্গে রিলেশনে যাবো না। আর তিনি আমাকে কখনোই শপিং করে দেননি। এর মধ্যে যখন আমি তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেই, তখনই তিনি আমার ক্ষতি করার জন্য পিছু নেন।’

‘সম্পর্কের বিভিন্ন পর্যায়ে শিমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে আমার কাছে আপত্তিকর ছবি এবং ভিডিও চাইতেন। পরবর্তীসময়ে সেই ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়। পরে প্রতারণার শিকার হয়ে আদালতে মামলা করি।–ওমর ফারুক চৌধুরী

ওমর ফারুক চৌধুরীর অভিযোগ:
গত ২০ জুলাই কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন দেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তা ওমর ফারুক চৌধুরী। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ৫ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরাবরও একটি অভিযোগ দেন তিনি।

সিআর মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেবিন ক্রু শিমুর সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্ক গভীর হওয়ার পর শিমু ওমর ফারুককে বিয়ের আশ্বাস দেন। এই প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে তিনি বিভিন্ন সময়ে ও অজুহাতে বাদীর কাছ থেকে অর্থ আদায় করতে থাকেন।

সবশেষ গত বছরের ২৫ সেপ্টেম্বর নিজের জন্মদিনে শিমু বাদীর কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি হীরার আংটি উপহার হিসেবে নেন। পরবর্তীসময়ে শিমু প্রস্তাব দেন, তাদের বিয়ের সম্পূর্ণ খরচ বাদীকে বহন করতে হবে এবং সেই অর্থ অনুষ্ঠানের আগেই পরিশোধ করতে হবে। তার কথায় বিশ্বাস করে বাদী বিয়ের খরচ বাবদ মোট ১৬ লাখ ২৪ হাজার ৫১১ টাকা দেন। এর বাইরে আরও চার লাখ টাকা ক্যাশ নেন তিনি। হীরার আংটিসহ সর্বমোট আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়ায় ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা।

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘শিমুর সঙ্গে বিমানের বিজনেস ক্লাসে অনেক ফ্লাই করেছি। টাকা হাতে পাওয়ার পর শিমুর আচরণে পরিবর্তন আসতে শুরু করে। তখন শিমু ও তার মা নতুন করে অতিরিক্ত ১০ ভরি স্বর্ণালংকার ও আরও অর্থ দাবি করেন। তা না দেওয়ায় একপর্যায়ে শিমু বিয়ে করতে সরাসরি অস্বীকৃতি জানান।’

তিনি বলেন, ‘সম্পর্কের বিভিন্ন পর্যায়ে শিমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে আমার কাছে আপত্তিকর ছবি ও ভিডিও চাইতেন। পরবর্তীসময়ে সেই ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়। পরে প্রতারণার শিকার হয়ে আদালতে মামলা করি।’

আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। মৌরির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত করছে ফ্লাইট সার্ভিস বিভাগ। অভিযোগের ভিত্তি থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। শিমুর বিরুদ্ধেও অভিযোগ পেয়েছি। জেনেছি, তার বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে।- বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবির

এ বিষয়ে জানতে চাইলে কেবিন ক্রু শিমু জানান, এসব তার পার্সোনাল বিষয়। এগুলোর জন্য তাকে ফোন দেওয়া হয়েছে কেন। একথা বলে তিনি সংযোগ কেটে দেন।

অভিযোগের বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবির বলেন, ‘আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। মৌরির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত করছে ফ্লাইট সার্ভিস বিভাগ। অভিযোগের ভিত্তি থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। শিমুর বিরুদ্ধেও অভিযোগ পেয়েছি। জেনেছি, তার বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে।’

এ বিষয়ে জানতে সোমবার (১ সেপ্টেম্বর) বিমানের ব্যবস্থাপনা পরিচালক সাফিকুর রহমানকে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে এ বিষয়ে প্রশ্ন পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা দায়রা ও জজ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর বিজ্ঞ জেলা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আবদুর রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্না বেগম। রোজিনা বেগম নামে আরেকজনকে বেকসুর খালাস দেন আদালত।

অন্য আসামিদের মধ্যে আবদুর রব মোল্লা, মন্নাফ মোল্লা, ও মুনসুর মোল্লার আদালতে বিচারাধীন অবস্থায় মৃত্যু ঘটে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে আবু আকনের মৃত্যু হয়। এ ঘটনায় আবদুর জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আকন জানান, সোমবার পিরোজপুর বিজ্ঞ দায়রা ও জেলা জজ আদালতের বিচারক মুজিবর রহমান সেসন ৭/২০২০ মোকাদ্দমায় ৬ জন আসামিকে যাবজ্জীবন দিয়েছেন এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। অপর আসামি রোজিনা বেগমকে বেকসুর খালাস দিয়েছেন। অন্য ৩ আসামি আদালতে বিচারাধীন অবস্থায় মারা যান।

মামলাটি ছিল জমিজমা ও সুপারী পাড়াকে কেন্দ্র করে। এই মামলার ভিকটিম আবু আকন (৪২) মারাত্বক জখম প্রাপ্ত হয়ে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসাপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ব্যারিস্টার ফুয়াদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সুষ্ঠু পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার ফেসবুক লাইভে এসে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোটার ও প্রার্থীরা সবাই অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রয়েছেন।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, এলাকায় পাতি নেতা ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে। তারা প্রকাশ্যে ভোট কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী যদি কঠোরভাবে এসব অপতৎপরতা দমন করতে না পারে, তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবলে ভাটার লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গায় অস্ত্র উদ্ধারের ঘটনায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যৌথবাহিনী ও পুলিশ অনেক ক্ষেত্রে কার্যকর অপারেশনে যেতে দ্বিধায় রয়েছে। এর ফলে অপরাধীরা আরও সাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, অজ্ঞাতনামা মামলার নামে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। এতে ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি হচ্ছে এবং নির্বাচন-পূর্ব পরিবেশ ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে।

তিনি বলেন, যৌথবাহিনীর অপারেশনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না- এমন স্পষ্ট ও দৃঢ় নিশ্চয়তা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আসা জরুরি। তা না হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাবে না।

সবশেষে বরিশাল-৩ আসনের নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান এবি পার্টির এই প্রার্থী।

ম্যাক্রোকে ‘ক্ষমতাচ্যুত’ করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
ম্যাক্রোকে ‘ক্ষমতাচ্যুত’ করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিতে না চাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ওপর ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ম্যাক্রোর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষের পথে এবং খুব শিগগিরই তিনি ক্ষমতা থেকে সরে যাবেন। খবর সিএনবিসি’র

ট্রাম্প ‘ক্ষমতাচ্যুত’র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউই তাকে (ম্যাক্রো) চায় না, কারণ তিনি খুব শিগগিরই অফিস ছাড়ছেন। যদি তারা শত্রুতামূলক আচরণ করে, তাহলে আমি তার দেশের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব।’

মার্কিন প্রেসিডেন্ট এরপর বলেন, শুল্ক বসালে তখন নিজেই বোর্ডে (বোর্ড অব পিস) যোগ দেবে। না যোগ দিলেও সমস্যা নেই।

ফ্রান্সের আইন অনুয়ায়ী এমনিতেও প্রেসিডেন্ট ম্যাক্রো তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের মে মাসে। তবে ট্রাম্প ‘ক্ষমতাচ্যুত’ বলে আসলে কি বুঝিয়েছেন, তা বিস্তারিত জানানো হয়নি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত বোর্ড অব পিস গত বছরের নভেম্বরে গঠিত হয়। এর উদ্দেশ্য ইসরাইল-হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা। এই বোর্ডে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আছে ভারত, পাকিস্তান, তুরস্ক ও মিশরের মতো দেশ।

এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইউরোপের। গত শুক্রবার ট্রাম্প বলেন, ইউরোপীয় নেতারা থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবে। কারণ এটি ‘বিশ্ব নিরাপত্তার’ জন্য প্রয়োজন।

তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যসহ আটটি ইউরোপীয় দেশের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানান। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি ইউরোপের দেশগুলো।

ট্রাম্পের এসব কড়া হুমকির জবাবে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক ও বিস্তৃত অর্থনৈতিক প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে। তবে ট্রাম্পের করা ক্ষমতাচ্যুতর কথায় জবাব দেননি ম্যাক্রো।