খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন হামলার পর শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন হামলার পর শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল কেন্দ্রিয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়কারী মহিউদ্দীন রনি।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের ভয়াবহ সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে। দালালমুক্ত, সিন্ডিকেটমুক্ত স্বাস্থ্যখাতের সুদিন ফিরে আসা না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এ আন্দোলনের সঙ্গে শিক্ষক, ছাত্র, শ্রমিক, অভিভাবক ও শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষই সম্পৃক্ত রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর যে হামলা হয়েছে তা সারা দেশের মানুষ অবগত আছেন। আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছি। যে সিন্ডিকেট গুষ্টির বিরুদ্ধে আমরা নেমেছি, সেই দালাল চক্র আমাদের স্কুল শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, তারা আমাদের ওপর হামলা করার পরে রাতের বেলা পরিচালকসহ সব স্টাফ ও দালালদের নিয়ে বুনো উল্লাস করেছে। খিচুড়ি পার্টির আয়োজন করেছে। আপনারা জানেন, গতকাল ছিল ১৫ আগস্ট। তারা ১৫ আগস্ট উপলক্ষ্যে আগের দিন রাতেই কাঙ্গালি ভোজের আয়োজন করেছে। পরের দিন ১৫ আগস্ট দুপুর বেলায় তেহারি পার্টি করেছে।

মহিউদ্দিন রনি বলেন, স্বাস্থ্যের ডিজি বরিশালে আসার পর উনি যে উসকানি দিয়েছেন তার নির্দেশেই পরিচালকের সংশ্লিষ্টতায় এই হামলাটি ঘটিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার পূর্ণ বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছে। আমাদের ভাই-বোনদের ওপর এবং আমাদের মায়ের ওপর যে হামলা হয়েছে আমরা তার পূর্ণ বিচার চাচ্ছি। আমরা প্রত্যেকের কাছে বলতে চাই, আমরা কাউকে ভয় পাই না।

আমাদেরকে যত মারবেন আমরা তত সংগঠিত হব। ২৪-এর আন্দোলনে আমরা তার প্রমাণ দিয়েছি। আমাদের এই আন্দোলন স্থগিত করিনি। দালালমুক্ত সিন্ডিকেটমুক্ত স্বাস্থ্যখাতের সুদিন ফিরে আসা না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। নতুন কর্মসূচি হিসেবে রোববার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ মিছিল বের করা হবে বলে জানান রনি।

উল্লেখ্য, স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে ২০ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। তবে আন্দোলন থেকে সরকারি ব্রজমোহন কলেজের কিছু শিক্ষার্থী বেড়িয়ে গেছেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরিশালে পরিদর্শনে আসার পরদিন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনশনরত শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালায় কর্মচারীরা। এমনকি হামলার পর তারা থানায় শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।