খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

স্ত্রীদের সামনে পেঁয়াজ-মরিচ বাটলেন স্বামীরা

বরগুনা প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
স্ত্রীদের সামনে পেঁয়াজ-মরিচ বাটলেন স্বামীরা

সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন নিয়ে প্রচলিত রীতি-নীতির পরিবর্তন ও পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করতে স্ত্রীদের সামনেই পেঁয়াজ ও শুকনা মরিচ বাটলেন স্বামীরা। বরগুনায় এমনই ভিন্নধর্মী আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‌‘জাগো নারী’।

কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতা এবং এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্টের (এএফডি) আর্থিক সহায়তায় বাস্তবায়িত উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সপ্তাহব্যাপী ‘জেন্ডার রোল শিফটিং গেম’ প্রতিযোগিতার সমাপ্তি করা হয়। বাবর আলী পাখি বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য নিজামউদ্দিন।

প্রতিযোগিতায় কমিউনিটির ১০ জন পুরুষ অংশ নেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেলিম হাওলাদার, শামসুল হক ও নাসির উদ্দিন প্যাদা। এসময় স্থানীয় শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।

ইটবাড়িয়া এলাকার নাসির উদ্দিন নামের এক প্রতিযোগী বলেন, ‘আমাদের স্ত্রীরা বাড়ির সব কাজ করতে গিয়ে অনেক কষ্ট করে। কিন্তু সত্যি বলতে তারা আমাদের কাছ থেকে যোগ্য সম্মান পায় না। আমরা আজকে এই খেলার দ্বারা বুঝতে সক্ষম হয়েছি, বাড়ির সব কাজই আসলে অনেক কষ্টকর। এখন থেকে আমরা স্ত্রীদের সব কাজে সহযোগিতা করবো।’

এ বিষয়ে জাগো নারী উইলি প্রকল্প ব্যবস্থাপক শুখলা মুখার্জী বলেন, ‘এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন ভেঙে নারীর কাজকে মর্যাদার সঙ্গে দেখা, পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। তাই পুরুষদের মসলা বাটা প্রতিযোগিতার আয়োজন করা হয়।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।