খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

সংযোগ সড়কহীন ব্রিজ, দুর্ঘটনায় ভোগান্তি হাজারো মানুষের

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
সংযোগ সড়কহীন ব্রিজ, দুর্ঘটনায় ভোগান্তি হাজারো মানুষের

ব্রিজ নির্মাণের এক বছর পার হলেও সংযোগ সড়ক না থাকায় পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

লাউকাঠি ইউনিয়নের সঙ্গে পাশের শ্রীরামপুর, মৌকরন ইউনিয়নসহ দুমকি উপজেলায় যাওয়ার বিকল্প সড়ক এটি। প্রতিদিন হাজারো মানুষ দুমকি উপজেলা ও জেলা সদরে যেতে এই পথ ব্যবহার করে।

কয়েক বছর আগে সড়কের ঢেউখালী গ্রামের মোল্লাবাড়ির খালের ওপর পুরানো ব্রিজটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সেখানে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়।

২০২২ সালের এপ্রিল মাসে ২ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ২৪ মিটার দীর্ঘ ব্রিজর নির্মাণকাজ শুরু হয়। ২০২৪ সালের অক্টোবর মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত বছরের আগস্টে তৎকালীন সরকারের পতনের পর মূল স্ট্রাকচার নির্মাণ শেষে কাজ বন্ধ হয়ে যায়। ফলে এক বছর ধরে সংযোগ সড়ক ছাড়া ব্রিজটি পড়ে থাকায় সাধারণ মানুষ সুফল পাচ্ছেন না। এতে ব্রিজর পাশে তৈরি অস্থায়ী সড়ক দিয়ে চলাচলে প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ও ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।

পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, ‘সরকার পতনের ফলে ঠিকাদার কাজ ছেড়ে চলে গেছেন। এতে সাময়িক অসুবিধা হচ্ছে। তবে অচিরেই কাজ শেষ করা হবে।’

২০২২ সালে ব্রিজর কাজ পান তৎকালীন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মদ। ব্রিজটির ৭০ শতাংশ কাজ শেষে তিনি ১ কোটি ৪৪ লাখ টাকা উত্তোলন করেন। শুধু এই ব্রিজই নয়, ২০২৪ সালে সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা পালিয়ে যাওয়ায় এ ধরনের আরও অনেক ব্রিজর নির্মাণকাজ বন্ধ রয়েছে।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।