খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, মাদরাসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ
শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, মাদরাসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি মাদরাসায় শিশু শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বকুলতলা আল-কারীম ক্বিরাআতুল কুরআন হাফিজিয়া মাদরাসা পরিদর্শনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রা‌তে এক শিশু‌র প‌রিবার থানায় অভি‌যোগ দেওয়ার পর বিষয়‌টি নি‌য়ে তোলপাড় সৃ‌ষ্টি হয়। ইউএনও ফারুক আহমেদ বলেন, ‘মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকারদের অভিভাবকদের মামলা করার পরামর্শ দিয়েছি। আপাতত মাদরাসার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মামলা হলে পুলিশ ও স্থানীয় গণ্যমান্যরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, মাদরাসা পুনরায় চালু হবে কি না।’ থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার বি‌কে‌লে মাদরাসা কর্তৃপক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’এলাকাবাসীর অভিযোগ, মাদরাসার শিক্ষক আব্দুল রহমান দীর্ঘদিন ধরে আবাসিক কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করে আসছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাদরাসায় জড়ো হন। এসময় অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুর রহিম বলেন, ‘মাদরাসায় প্রায় ৫০ জন ছাত্র আছে। কিছু ছাত্রকে প্রাইভেট পড়ানোর কথা বলে রাতে মাদরাসায় রেখে দিতেন আব্দুল রহমান। তখনই তাদের যৌন নির্যাতন করতেন। এ কারণে অনেক ছাত্র মাদরাসায় যেতে চাইত না। অভিভাবকরা জোর করে পাঠাতেন।

এক শিক্ষার্থী বিষয়টি প্রকাশ করার পর সব জানাজানি হয়। ঘটনার পর মাদরাসা তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। সব শিক্ষককে ইউএনওর সঙ্গে দেখা করতে বলা হয়েছে।’ এ বিষয়ে জানতে মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি উপাধ্যক্ষ সিরাজুল ইসলামকে ফোন করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে সংযোগ কেটে দেন।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।