খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

লঘুচাপে সাগর উত্তাল, ট্রলার নিয়ে উপকূলে ফিরছেন জেলেরা

বরগুনা প্রতিনিধি :
প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
লঘুচাপে সাগর উত্তাল, ট্রলার নিয়ে উপকূলে ফিরছেন জেলেরা

কয়েকদিন ধরে লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সাগর অতিমাত্রায় উত্তাল থাকায় বরগুনার অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলে ফিরে আসছে। আবার কিছু ট্রলার গভীর সমুদ্র থেকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে।

জেলেরা জানান, গত মঙ্গলবার থেকে সাগর উত্তাল থাকায় কাঙ্ক্ষিত ইলিশ আহরণ বন্ধ রয়েছে। ফলে ভরা মৌসুমে ইলিশ আহরণ করতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন জেলেরা।

আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মোংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। এই অবস্থা আগামী কয়েক দিন পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া সূত্র জানায়।

এদিকে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে উপকূলের জেলেরা অনেক আশা নিয়ে সাগরে ইলিশ শিকারে যান। এর মধ্যে দুই দফায় বৈরী আবহাওয়ায় তাঁদের সে আশায় গুড়ে বালি পড়ে।

পাথরঘাটার চরদুয়ানী এলাকার জেলে হোসেন মাঝি বলেন, ‘এ বছর অনেক টাহা দাদন লইয়া সাগরে গেছিলাম। আমার সব শেষ। দুই বার গাঙে টিকতে না পাইরা ফিরইয়া আইছি। জানি না কপালে কী আছে। এহন যে অবস্থা, বসতভিটা বেইচ্যা দেনা শোধ করতে হবে।’ এই কষ্ট শুধু হোসেন মাঝির নয়, জেলার সমুদ্রগামী সব জেলের একই অবস্থা।

স্থানীয় জেলেরা জানান, হঠাৎ সাগর উত্তাল হয়ে পড়ায় তাঁরা ঝুঁকি না নিয়ে ঘাটে ফিরেছেন। জেলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি), চরদুয়ানী, বরগুনা সদর ও তালতলী মৎস্যঘাটে কয়েক শ ট্রলার নোঙর করেছে।

অন্যদিকে পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মাছ ধরার ট্রলারের মালিকেরা। এফবি আল্লাহর দান ১, ২ ও ৩ ট্রলারে মালিক আবুল হোসেন ফরাজী বলেন, ‘এক মাস ধরেই পর্যায়ক্রমে গভীর বঙ্গোপসাগরে নিম্নচাপ চলছে। বাজার-সওদা করে সমুদ্রে মাছ শিকারের জন্য পাঠালেও নিম্নচাপের কারণে ফিরে আসতে হয়েছে খালি হাতে। আমার তিনটি ট্রলারে গত এক মাসে ১৪ লাখ টাকার বাজার-সওদা করে পাঠিয়েছি মাছ শিকারে। এই ১৪ লাখ টাকা খরচ করে মাছ বিক্রি করতে পেরেছি মাত্র ৪ লাখ টাকার। গত এক মাসে আমার ১০ লাখ টাকা লোকসান হয়েছে। এই লোকসানে বেশি প্রভাব পড়েছে আমরা ট্রলারমালিক এবং জেলেদের ওপর। গত বছরের চেয়ে এ বছরে সমুদ্রে আবহাওয়া খুব বেশি খারাপ রয়েছে।’ এভাবে চলতে থাকলে এই পেশাটা ছেড়ে দিতে হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বরগুনা মৎস্যজীবী ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকার প্রায় ৪০০ ট্রলার জেলেদের নিয়ে মাছ শিকার বন্ধ করে উপকূলে ফিরে এসেছে। এ বছর জেলেদের একের পর এক সমস্যা লেগেই রয়েছে। কখনো সরকার নির্দেশিত মাছ শিকারে নিষেধাজ্ঞা, আবার প্রাকৃতিকভাবে কখনো সাগরে উত্তাল—এ নিয়ে বিপাকের মধ্যে রয়েছেন জেলেরা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বেশ উত্তাল রয়েছে। পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলজুড়ে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।