খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

যুবলীগ নেতার মাদক ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১:১৮ পূর্বাহ্ণ
যুবলীগ নেতার মাদক ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের যুবসমাজসহ নানা বয়সের মানুষ মাদকাসক্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে, এমন অভিযোগ তুলে স্থানীয়রা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

 

শুক্রবার বেলা ১২টায় ইউনিয়নের বসুরহাট বাজারে শত শত মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বক্তারা বলেন, প্রায় দেড় যুগ ধরে কড়াপুরসহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে মাদকের বিষ ছড়িয়ে আসছে শিবপাশা গ্রামের শাহজাহান সরদার ও তার ছেলে রিয়াজ হোসেন সরদারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

রিয়াজের মামা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তারা। আ.লীগ ক্ষমতায় আসার পর রিয়াজ যুবলীগের সদস্য পরিচয়ে মাদক ব্যবসার বিস্তার ঘটান বলে দাবি করেন বক্তারা। তারা আরও বলেন, সন্ধ্যা নামলেই স্থানীয় যুবসমাজ মাদকে আসক্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আ. রসিদ সরদার, কড়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মো. হাবিবুর রহমান মিন্টু, সাবেক সহ-সভাপতি মনির তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান খলিফা, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র নেতা সাকিল খান, বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির নেতা ফরিদ উদ্দিন রাঢ়ি ও হালিম খান।

 

বক্তারা অভিযোগ করেন, থানা পুলিশকে একাধিকবার অবহিত করা হলেও তারা রহস্যজনক ভূমিকা পালন করছে, এমনকি কয়েকজন পুলিশের সঙ্গে অভিযুক্ত পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে হাজারো মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজ, পল্লি চিকিৎসক উত্তম কুমার, বরিশাল জেলা দক্ষিণ জিয়া মঞ্চের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও বসুরহাটের অর্ধশতাধিক ব্যবসায়ীসহ বিভিন্ন গ্রামের শত শত বাসিন্দা।

 

অভিযুক্ত শাহজাহান সরদার ও রিয়াজ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, অতীতে তারা মাদক সেবন ও বেচাকেনা করলেও বর্তমানে এসবের সঙ্গে জড়িত নন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।