খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

যুগযুগ মাছ ধরেও জেলের স্বীকৃতি মেলেনি মানতা নারীদের

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
যুগযুগ মাছ ধরেও জেলের স্বীকৃতি মেলেনি মানতা নারীদের

যুগের পর যুগ মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও জেলে হিসেবে স্বীকৃতি মেলেনি মানতা সম্প্রদায়ের নারীদের। ফলে সরকারি সহায়তা ও সুবিধার খাতায় না ওঠে না তাদের। এতে স্বাস্থ্যসেবাসহ নানা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। নদীতে ভেসে চলা এ সম্প্রদায়ের নারীরা জেলে হিসেবে স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী ভাঙার পার এলাকার মানতা সম্প্রদায়ের বাসিন্দা শাহিদা বেগম (৫৫)। ৮-৯ বছর বয়স থেকেই বাবা মায়ের সঙ্গে জাল নিয়ে নদীতে মাছ ধরছেন। মাছ ধরে জীবনের ৫৫টি বছর পার হলেও এখনো মেলেনি জেলের স্বীকৃতি। এতে সরকারি কোনো সুবিধার পাচ্ছেন না তিনি।

ক্ষুব্ধ কণ্ঠে শাহিদা বলেন, ‘৫৫ বছর ধইররা সূর্যো উডার আগে হইতে নৌকা নিয়ে এই কীর্তনখোলা নদীতে মাছ ধরি। এতদিন মাছ ধরছি, জাল বাইছি কিন্তু এহন পোর্যন্ত কাগজে কলমে মুই জেলে না। মহিলা হইয়া কি জেলে হওয়া যায় না?’

ছকিনা নামের আরেক নারী বলেন, ‘জন্ম হইছি নৌকায়, জীবিকাও চলে নদীতে, কিন্তু সরকার আমাগো জেলে হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে সরকারি কোনো সাহায্য সহায়তা-ভিজিএফ চাল, দুর্যোগকালীন ত্রাণ ও প্রণোদনা কিছুই পাই না।’

মানতা সম্প্রদায়ের ঝর্না ও হালিমা বলেন, মানতা সম্প্রদায়ের নারীরা বেশ কয়েক দশক ধরে নদীতে বসবাস করে মাছ ধরছেন, তাদের জীবন নদীর ছন্দে নির্ভর করে। অথচ সরকারি হিসেবে তাদের অস্তিত্ব এখনও স্বীকৃত হয়নি। মূলত নারী হওয়ার কারণেই তারা জেলে হিসেবে নিবন্ধন পাননি।

একই অভিযোগ করেন চরবাড়িয়া ইউনিয়নের তালতলী ভাঙার পার এলাকার মানতা সম্প্রদায়ের শতাধিক নারী জেলে। তারা বলেন, নারীদের জেলে হিসেবে অফিসিয়াল তালিকাভুক্ত করা, ভিজিএফ, দুর্যোগ ত্রাণ, প্রণোদনা ও স্বাস্থ্যসেবা পর্যাপ্ত সুবিধা পাওয়া, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা এবং সহায়তা উপযোগী স্বাস্থ্যপরিচর্যায় অন্তর্ভুক্তি অবশ্যক। ভাসমান জীবিকা থেকে তাদের ভূমিকা স্বীকৃতি ও পরিপূর্ণ অন্তর্ভুক্তির নিশ্চয়তা করতে হবে।

মানতা নারীদের নিয়ে কাজ করা সমাজকর্মী সাইদুর রহমান পান্থ বলেন, বর্তমানে ‘এনহ্যান্সিং ইনফরমেশন অ্যান্ড ইনক্লুশন অব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মানতা কমিউনিটি’ প্রকল্পের আওতায় ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল ১৯-এর সহোযোগিতায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় তাদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া নারী জেলেরা মৎস্য খাতের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, তাদের জেলে স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।

মানতা নারীদের নিয়ে কাজ করা চন্দ্রদ্বীপ ডেভলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্না বলেন, নারীরা পুরুষদের তুলনায় বেশি স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েন। ৯৩ শতাংশ নারী জেলে কোনো না কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগেন। তবুও তাদের কথা কম শোনা যায়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সরকারি প্রণোদনার পাশাপাশি পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় উপযোগী ব্যবস্থা নিতে হবে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, নারী মৎস্যজীবীদের নিয়ে সেইন্ট বাংলাদেশ মাঠপর্যায়ে কাজ করছে। তারা যাচাই-বাছাই করে প্রকৃত মৎস্যজীবীদের চিহ্নিত করে দিলে তাদের কার্ড দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য নারীদের নিবন্ধনের আওতায় আনা হবে, যাতে নারীদেরও সরকারি সহায়তার আওতায় আনা যায়।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।